চুয়েটের শিক্ষার্থীদের যাতায়াতে ঝুঁকি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (চুয়েট) শিক্ষার্থীরা জীবনের ঝুঁকি নিয়ে বিশ্ববিদ্যালয়ের নিজস্ব বাসগুলোতে যাতায়াত করছেন। শিক্ষার্থীদের আনা-নেওয়ার জন্য ব্যবহূত বাসগুলোর মধ্যে পদ্মা ও যমুনা নামের দুটি বাস খুবই নড়বড়ে হয়ে পড়েছে। প্রায় ৩০ বছরের পুরোনো গাড়ি দুটি যাত্রাপথে প্রায়ই নিয়ন্ত্রণ হারিয়ে ফেলে। এতে যেকোনো সময় মারাত্মক দুর্ঘটনার আশঙ্কা রয়েছে। গত এক মাসে গাড়ি দুটি চার-পাঁচবার নষ্ট হয়েছে বলে জানা গেছে। প্রায় দুই বছর আগে কেনা সুরমা নামের বাসটিরও একই দশা।জানা যায়, চুয়েটে শিক্ষার্থীদের ব্যবহারের জন্য বর্তমানে একটি মিনিবাস ও পাঁচটি বাস রয়েছে। বিশ্ববিদ্যালয়ের প্রায় দুই হাজার শিক্ষার্থীর জন্য তা প্রয়োজনের তুলনায় খুবই কম। এর মধ্যে সবচেয়ে খারাপ অবস্থায় থাকা পদ্মা ও যমুনা নামের বাস দুটির একটি ৩১ বছর আগে ১৯৭৯ সালে এবং অপরটি ২৪ বছর আগে ১৯৮৬ সালে আনা হয়। এ গাড়ি দুটির পুরো কাঠামো খুবই নড়বড়ে। স্বাভাবিক অবস্থায়ই চালু করতে বেশ বেগ পেতে হয়। আর যান্ত্রিক ত্রুটির কারণে মাঝপথে নষ্ট হলে তা আর চালু করার কোনো উপায়ই থাকে না। অনেক পুরোনো হওয়ায় গাড়ি দুটির জন্য বিআরটিএ আর ফিটনেস সনদ দিচ্ছে না বলে জানা গেছে। সম্প্রতি সবচেয়ে নতুন বাস সুরমার সামনের চাকার বেয়ারিং নষ্ট হয়ে যাওয়ায় এটি কয়েক দিন বন্ধ থাকে। এ ছাড়াও বাসটির অন্যান্য যান্ত্রিক সমস্যা রয়েছে। প্রায়ই এ গাড়িটিকে মেরামতের জন্য কারখানায় রাখতে হয়। মিনিবাস তিতাসের সব বৈদ্যুতিক তার নষ্ট। প্রধান বাতিগুলো ঠিকমতো জ্বলে না। বামদিকের কাচের আয়নাটিও ভাঙা পড়ে রয়েছে। অপর বাস কর্ণফুলী ১৯৯২ সালে কেনা হয়। সেটিও মাঝেমধ্যে বিভিন্ন যান্ত্রিক সমস্যার মধ্যে পড়ে।এসব কারণে চুয়েটের শিক্ষার্থীদের চট্টগ্রাম নগরীতে যাতায়াতের ক্ষেত্রে যানবাহন-সংকটে পড়তে হয়। আর যানবাহনস্বল্পতার কারণে প্রতিদিন শহরে যাওয়ার সময় বিশ্ববিদ্যালয়ের বাসগুলোতে প্রচুর শিক্ষার্থী দাঁড়িয়ে গাদাগাদি করে কিংবা জীবনের ঝুঁকি নিয়ে বাসের দরজায় ঝুলতে দেখা যায়।এ প্রসঙ্গে বিশ্ববিদ্যালয়ের যানবাহনসংক্রান্ত কমিটির চেয়ারম্যান সাঈদ মাশরুর আহমেদ প্রথম আলোকে বলেন, ‘বাসের ঘন ঘন যান্ত্রিক সমস্যার বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে।’বিশ্ববিদ্যালয়ের উপাচার্য শ্যামল কান্তি বিশ্বাস প্রথম আলোকে বলেন, ‘নতুন বাস কেনার জন্য এ মুহূর্তে বিশ্ববিদ্যালয়ের কোনো বাজেট নেই। তবে ঝুঁকিপূর্ণ বাসগুলো মেরামতের জন্য উপযুক্ত ব্যবস্থা নেওয়া হচ্ছে।’