চুয়েটের শিক্ষার্থীরা পড়তে যাবেন জার্মানি
চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (চুয়েট) দুর্যোগ ও পরিবেশ কৌশল বিভাগের স্নাতকোত্তর পর্যায়ের শিক্ষার্থীরা জার্মানিতে পড়তে যাওয়ার সুযোগ পাচ্ছেন। চুয়েট কর্তৃপক্ষ জানান, দুই বছর মেয়াদি এ কোর্স চারটি সেমিস্টারে অনুষ্ঠিত হবে। চার সেমিস্টারের প্রথম তিনটি সেমিস্টার চুয়েটে এবং শেষ সেমিস্টার জার্মানির ক্যাসেল বিশ্ববিদ্যালয়ে পড়ানো হবে। কোর্সটিতে ঘূর্ণিঝড়, ভূমিকম্প, ভূমিধস, বন্যা, আর্সেনিক দূষণ, সমুদ্রপৃষ্ঠের উচ্চতা বৃদ্ধি ইত্যাদি প্রাকৃতিক দুর্যোগ সম্পর্কে পড়ানো হবে। এ ছাড়া ভূমিকম্প নিরোধক বাড়ি তৈরি, বর্জ্য ব্যবস্থাপনা, ভূমিক্ষয় বিষয়ও কোর্সের অন্তর্ভুক্ত থাকবে।এই স্নাতকোত্তর (মাস্টার্স) কোর্সে ২০১১-১২ শিক্ষাবর্ষে ভর্তির প্রক্রিয়া শুরু হয়েছে। ভর্তির জন্য আবেদন করা যাবে ২৬ ডিসেম্বর পর্যন্ত। আবেদনপ্রক্রিয়া শেষ হওয়ার পর আগামী ৫ জানুয়ারি ভর্তি-ইচ্ছুক শিক্ষার্থীদের সাক্ষাৎকার নেওয়া হবে। ভর্তির জন্য নির্বাচিত শিক্ষার্থীদের তালিকা প্রকাশ করা হবে আগামী ৯ জানুয়ারি এবং ক্লাস শুরু হবে আগামী ১৭ জানুয়ারি। ভর্তিসংক্রান্ত তথ্য বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটে (www.cuet.ac.bd) পাওয়া যাবে।