চূড়া পর্যন্ত রোপ ফিক্সিং

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

‘স্বপ্ন নিয়ে’ পাতায় এভারেস্ট-যাত্রা এবং এর প্রস্তুতির কাহিনি ধারাবাহিকভাবে লিখছেন এভারেস্ট বিজয়ী প্রথম বাংলাদেশি মুসা ইব্রাহীম।অন্নপূর্ণা-৪ পর্বতারোহণে আগামী কয়েক দিনের আবহাওয়ার ভবিষ্যদ্বাণী আমরা কাঠমান্ডু থেকে বয়ে নিয়ে এসেছি ইন্টারনেট থেকে আদিষ্ট হয়ে এবং কাগজের পাতায় প্রিন্ট করে। এ কয়েক দিন আবহাওয়া বেশ ভালোই যাচ্ছে। মাঝেমধ্যে শুধু হোয়াইট আউট হচ্ছে ঠিকই, কিন্তু তা পর্বতে খুবই স্বাভাবিক ঘটনা। কিন্তু আমরা এ পর্বতাভিযানে নেমেছি জুন মাসে এবং যেকোনো সময় বর্ষার চোখ রাঙানি শুরু হয়ে যেতে পারে। পূর্বাভাসেও সে রকম তথ্যই জানানো হয়েছে। সোম বাহাদুর বলছিলেন, বর্ষা শুরু হলে ফিরে যাওয়া ছাড়া আর বিকল্প থাকবে না। কারণ তখন হিমবাহে যে ‘আইসবার’ পোঁতা হচ্ছে, তা আলগা হয়ে যাবে এবং তাহলে হিমবাহের বরফে অ্যাংকর বলে আর কিছু থাকবে না। ফলে হিমবাহে যেকোনো ধরনের দুর্ঘটনা ঘটতে পারে। তাই বর্ষা শুরু হলে সর্বোচ্চ দুই দিন ভালো আবহাওয়ার জন্য অপেক্ষা করা যেতে পারে। এরপর বর্ষা চলতে থাকলে নেমে যেতে হবে অন্নপূর্ণা অভিযান শেষ না করেই। পর্বতে আবহাওয়ার ওপর কারও হাত নেই এবং এর ওপর কারও খবরদারিও চলে না। সুতরাং আমাদের সবচেয়ে বড় ভয় ছিল, এই আবহাওয়া। তাঁর কথা শুনে একটু দমে গেলাম।১০ জুন তখন ক্যাম্প ওয়ানে তাঁবুর ভেতর বসে বেস ক্যাম্পে রয়ে যাওয়া লিয়াজোঁ কর্মকর্তা বৈকুণ্ঠের কথা মনে পড়ছে। তিনি বলছিলেন, আমাদের সঙ্গে এ অভিযানে আসার আগে তিনি একটি ইউরোপীয় দলের সঙ্গে আমাদাবলাম পর্বতাভিযানে লিয়াজোঁ কর্মকর্তা হিসেবে গিয়েছিলেন। সে অভিযানে খারাপ আবহাওয়ার কারণে সৃষ্ট অ্যাভেলান্সে ইউরোপীয় অভিযাত্রী দলের একজন আরোহী হারিয়ে গেছেন। ফলে সেই দল অভিযান বাতিল করে কাঠমান্ডু ফিরে গেছে। বৈকুণ্ঠ নেপাল টুরিজম বোর্ডের কাছে জমা দেওয়া প্রতিবেদনে এর বর্ণনা লিখেছেন। এখন ভাবছি যে এই অন্নপূর্ণা ফোর অভিযানের সময় যদি এ রকম ঘটে, তাহলে কী হবে? আর ভাবতে পারছি না। এ ভাবনা আর এগিয়ে নিতে ভালোও লাগছে না। এ সময় ২০০৫ সালে মেরা পর্বত অভিযানের সময় গাইড দাওয়ার দেওয়া একটি পরামর্শ মনে পড়ল। তিনি বলেছিলেন, পর্বতারোহণের সময় কিছু ব্যাপার অবশ্যই ঘটবে। যেমন—প্রথম দিকে কিছুটা মাথাব্যথা, রাতে ঘুম ঠিকমতো না হওয়া, হোয়াইট আউটের মতো প্রাকৃতিক কিছু সমস্যা ইত্যাদি। আর এসব সমস্যা যেহেতু হয়ই, সুতরাং এগুলো নিয়ে চিন্তা করার অর্থ হলো—তুমি সাইকোলজিক্যালি এসব সমস্যাকে ডাকছ। সুতরাং এমনও হতে পারে যে তুমি এমনিতেও হয়তো এসব সমস্যায় পড়তে, কিন্তু মানসিকভাবে দুর্বল থাকার কারণে এ সমস্যায় আক্রান্ত হয়ে কাবু হওয়ার চান্স তোমার অনেক বেশি। তাই এসব চিন্তা না করে যখন এসব টুকটাক সমস্যার মুখোমুখি হতে যাচ্ছো বলে মনে হবে, তখন চিন্তাকে অন্য দিকে ঘুরিয়ে দেওয়া ভালো। তাঁর এ পরামর্শ আমি পরবর্তী পর্বতারোহণে সব সময় মেনে চলার চেষ্টা করেছি। তাই অন্নপূর্ণা ফোর পর্বতারোহণের সময় আবহাওয়া নিয়ে দুশ্চিন্তা একেবারেই আর না করার সিদ্ধান্ত নিলাম। ভাবলাম, যা হওয়ার তা তো হবেই। কাজেই আগে থেকে এ নিয়ে মাথা ভার করার কোনো প্রয়োজন নেই। আর বর্ষা-বাদলা শুরু হলে কী করতে হবে, তা তো জানাই আছে। কাজেই এ চিন্তা মাথা থেকে দূর করতে সন্ধ্যার ঠিক আগ মুহূর্তে রাতের খাবার খাওয়ার আয়োজনে সবার সঙ্গে যোগ দিলাম। তবে নর্থ আলপাইন ক্লাব বাংলাদেশ—এনএসিবির অন্নপূর্ণা ফোর অভিযান সফল করতেই হবে। এ থেকে পিছিয়ে আসার কোনো পথ খোলা নেই—এ বুঝটুকুও মনকে দিলাম।সন্ধ্যার দিকে পরবর্তী দিনের কর্মপরিকল্পনা আরেকবার সোম বাহাদুরের কাছে শুনে ঘুমোতে গেলাম। ক্যাম্প ওয়ান থেকে আসলে আমরা পর্বতারোহী ও শেরপা—সবাই তিনজন করে একটা তাঁবুতে থাকছি। তবে পর্বতারোহণের সময় বাড়তি বোঝা বহন করার ঝামেলা এড়াতে ক্যাম্প ওয়ান ও ক্যাম্প টুতে দুটি করে তাঁবু স্থাপন করা হয়েছে। সারিন, তৌহিদ আর আমি একটা তাঁবুতে আর সোম, গণেশ আর কৈলাস আরেকটা তাঁবুতে—এভাবেই ক্যাম্প ওয়ান ও ক্যাম্প টুতে রাত কাটানো হবে, এটাই ছিল সিদ্ধান্ত।পরদিন ১১ জুন শেরপারা আরেকটা কঠিন কাজে হাত দিলেন। কৈলাস আর গণেশ মাগার ক্যাম্প টু (উচ্চতা ২১ হাজার ৮১৭ ফুট) চলে গিয়ে সেখান থেকে চূড়ার দিকে রোপ ফিক্স করবেন। ক্যাম্প ওয়ানের সামান্য পর থেকেই ফিক্স রোপে আরোহণ শুরু হয়েছে। সেটা শেষ হবে একেবারে অন্নপূর্ণা ফোরের চূড়ায় গিয়ে। সঙ্গে পর্যাপ্ত রোপ, অ্যালুমিনিয়াম বার ও আইসবার রয়েছে। ফলে রোপ ফিক্স করা নিয়ে চিন্তা নেই। চিন্তাটা শুধু যে তাঁরা নিরাপদে সব কাজ করতে পারবেন কি না, তা নিয়ে। এই দুজন ক্যাম্প টু থেকে ওপরের দিকে রোপ ফিক্স করে ক্যাম্প টুতেই রাত কাটাবেন। সঙ্গে তাঁরা প্রয়োজনীয় খাবার নিয়ে রওনা দিলেন। প্রয়োজনীয় রোপ, আইসবার, রান্নার গ্যাস ক্যান এবং অন্যান্য সরঞ্জাম আগেই সেখানে শেরপারা রেখে এসেছিলেন। সুতরাং এসব নিয়ে খুব একটা চিন্তা নেই। তাঁদের সাফল্য কামনা করে শুভেচ্ছা জানালাম এবং বুকে জড়িয়ে ধরলাম। কৈলাস আর গণেশের হাত ধরে বললাম, ‘আমাদের এটা পারতেই হবে এবং তোমরা পারবেই। আমরাও তোমাদের সঙ্গে যোগ দিচ্ছি আগামীকাল। আমাদের জন্য দোয়া কোরো, যাতে নিরাপদে ক্যাম্প টুতে গিয়ে হাজির হতে পারি। তোমাদের জন্যও শুভকামনা থাকল।’ কৈলাস আর গণেশ আমাদের সবাইকে হাসি উপহার দিয়ে ফিক্স রোপে আরোহণ শুরু করলেন। আমরা তাঁদের যাত্রাপথের দিকে তাকিয়ে থাকলাম। হোয়াইট আউটের মধ্যেই একটু পরে তাঁরা বরফের দেয়ালে একটা ভাঁজের আড়ালে চলে গেলেন। [email protected]বাকি অংশ আগামী পর্বে