চূড়ান্ত প্রার্থী তালিকা প্রকাশ ১ ডিসেম্বর

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চট্টগ্রামের ক্রীড়ামোদীদের আগ্রহের কেন্দ্রবিন্দুতে এখন জেলা ক্রীড়া সংস্থার (সিজেকেএস) নির্বাচন। ইতিমধ্যে বিভিন্ন পদের মোট ৫৬টি মনোনয়নপত্র বিক্রি হয়েছে। এর মধ্যে সহসভাপতি পদে ছয়টি, সাধারণ সম্পাদক পদে দুটি, সহসাধারণ সম্পাদক পদে দুটি, যুগ্ম সম্পাদক পদে ছয়টি, কোষাধ্যক্ষ পদে চারটি এবং নির্বাহী সদস্য পদে ৩৬টি মনোয়নপত্র বিক্রি হয়েছে। আজ (২৭ নভেম্বর) মনোনয়নপত্র বাছাই শেষে ২৮ নভেম্বর বৈধ প্রার্থী তালিকা প্রকাশ করা হবে। প্রার্থিতা প্রত্যাহার ২৯ ও ৩০ নভেম্বর। আগামী ১ ডিসেম্বর চূড়ান্ত প্রার্থী তালিকা প্রকাশ করা হবে। আর ১০ ডিসেম্বর সকাল আটটা থেকে বেলা সাড়ে ১২টা পর্যন্ত চলবে ভোট গ্রহণ। ১৬০ জন কাউন্সিলর আগামী চার বছরের জন্য নতুন নেতৃত্ব নির্বাচন করবেন। এবারে বেশ কিছু নতুন মুখ এসেছে জেলা ক্রীড়া সংস্থার প্রতিনিধি হিসেবে। তাঁদের মধ্যে অন্যতম হচ্ছে চট্টগ্রাম চেম্বারের সভাপতি মোরশেদ মুরাদ ইব্রাহিম। তিনি মাদারবাড়ি মুক্তকণ্ঠ ক্লাবের হয়ে প্রথমবার এলেন জেলা ক্রীড়া সংস্থায়। এ ছাড়া চট্টগ্রাম বিভাগীয় ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক সিরাজুদ্দিন মোহাম্মদ আলমগীরও এসেছেন শতদল ক্লাবের প্রতিনিধি হয়ে। হাফিজুর রহমান সদ্য বিদায়ী সাধারণ সম্পাদক হিসেবে কাউন্সিলর রয়েছেন। এদিকে, নির্বাচনকে ঘিরে চলছে নানামুখী প্রচারণা। চলছে বৈঠকও। প্যানেল করার একটি প্রক্রিয়াও চলছে বলে জানা গেছে গত সোমবার রাতে প্রবীণ ক্রীড়া সংগঠক সাহেদ আজগর চৌধুরীর বাসভবনে তেমনই এক মতবিনিময় সভার আয়োজন করা হয়েছিল।