চূড়ান্ত হয়নি জনসভার স্থান

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চট্টগ্রাম অভিমুখে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার রোডমার্চের দিনক্ষণ ঠিক হলেও নগরে জনসভার স্থান এখনো চূড়ান্ত করতে পারেনি বিএনপি। যদিও দুটি মাঠ ব্যবহারের জন্য আবেদন করা হয়েছে বলে দাবি করেছেন নেতারা। তবে পুলিশ প্রশাসন বলছে, তারা কোনো আবেদন পায়নি।প্রসঙ্গত, গত মঙ্গলবার সকালে ঢাকায় বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়ার গুলশানের কার্যালয়ে রোডমার্চের প্রস্তুতি নিয়ে চট্টগ্রামের নেতাদের বৈঠক অনুষ্ঠিত হয়। ওই বৈঠকের পর আগামী বছরের ৮ ও ৯ জানুয়ারি চট্টগ্রাম অভিমুখী রোডমার্চ কর্মসূচির ঘোষণা দেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য এম কে আনোয়ার।খালেদা জিয়ার রোডমার্চ কর্মসূচির মধ্যে দুটি পথসভা ও দুটি জনসভায় ভাষণ দেওয়ার সিদ্ধান্ত হয়। এর মধ্যে দুটি পথসভা এবং ফেনীর জনসভার স্থান চূড়ান্ত হয়েছে। তবে নগরের কোন মাঠে জনসভা হবে, তা চূড়ান্ত হয়নি।গুলশান কার্যালয়ের বৈঠকের সিদ্ধান্ত অনুযায়ী, রোডমার্চের প্রথম দিন ৮ জানুয়ারি চান্দিনা ও কুমিল্লায় দুটি পথসভায় এবং একই দিন বিকেলে ফেনীর জনসভায় ভাষণ দেবেন খালেদা জিয়া। ওই রাতে রোডমার্চ চট্টগ্রামে পৌঁছবে। পরদিন ৯ জানুয়ারি দুপুরে চট্টগ্রামের জনসভায় খালেদা জিয়া ভাষণ দেবেন।দলীয় নেতারা জানান, খালেদা জিয়ার সমাবেশে লাখো মানুষ সমাগমের প্রস্তুতি নেওয়া হচ্ছে। এ জন্য নগরের আউটার স্টেডিয়াম কিংবা পলোগ্রাউন্ড মাঠ লাগবে। এ দুটি মাঠের জন্যই সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে আবেদন করেছেন বলে দাবি করেন তাঁরা।নগর বিএনপির সভাপতি আমীর খসরু মাহমুদ চৌধুরী বলেন, ‘আউটার স্টেডিয়াম কিংবা পলোগ্রাউন্ড মাঠ ব্যবহারের জন্য আমরা আবেদন করে রেখেছি। কারণ, ওই দিন আমাদের চেয়ারপারসনের সমাবেশে লাখ লাখ মানুষের উপস্থিতি ঘটবে। দুটির মধ্যে যেকোনো একটি মাঠ আমরা ব্যবহার করতে চাই।’আমীর খসরু আরও বলেন, ‘সরকার পতনের আন্দোলন বিএনপি অব্যাহত রেখেছে। আমাদের দেশনেত্রী চট্টগ্রামের বিশাল সমাবেশ থেকে পরবর্তী কর্মসূচি ঘোষণা দেবেন। সেভাবেই আমাদের প্রস্তুতি চলছে।’এদিকে, মাঠ ব্যবহারের আবেদন স্থানীয় পুলিশ প্রশাসন পায়নি বলে জানা গেছে। নগর পুলিশের উপপুলিশ কমিশনার (সদর) ফারুক আহমেদ এ প্রসঙ্গে প্রথম আলোকে বলেন, আউটার স্টেডিয়াম ব্যবহারে অনুমতি দেওয়ার এখতিয়ার কেবল সেনাবাহিনীর। কারণ, ওই জায়গার ওপর পুলিশের কোনো নিয়ন্ত্রণ নেই। তবে পলোগ্রাউন্ড মাঠ ব্যবহারের জন্য বিএনপি আবেদন করতে পারে। বিএনপির ভাইস চেয়ারম্যান আবদুল্লাহ আল নোমান প্রথম আলোকে বলেন, ‘রোডমার্চ কর্মসূচি নিয়ে নেতা-কর্মীরা মানসিকভাবে প্রস্তুতি নিয়েছে। দিনক্ষণ ঠিক হওয়ায় সবাই আনন্দিত। তবে শোনা যাচ্ছে, পলোগ্রাউন্ড মাঠ ও আউটার স্টেডিয়াম ব্যবহারের অনুমতি আমাদের দেওয়া হবে না । সেক্ষেত্রে অবস্থাবুঝেই ব্যবস্থা নেব।’