চে গুয়েভারা আর ম্যারাডোনা-মেসির দেশে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

এমিরেটসের বড় ডানার বিমানটি নিচের দিকে নামতে শুরু করার সঙ্গে সঙ্গে মন চলে গেল ২৬ বছর আগে। বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের আহসানউল্লা হলের টিভি রুম। ঘুম ঘুম চোখে ঈশ্বরের হাতের কেরামতিটা বুঝতে না পারলেও রুমী ভাইয়ের কল্যাণে অচিরে সতেজ হয়ে উঠেছি। এবং উঠেছি বলেই মধ্যমাঠ থেকে একা বল নিয়ে একাধিক খেলোয়াড়কে বোকা বানিয়ে ফুটবলের বরপুত্র ডিয়েগো ম্যারাডোনার সর্বকালের অন্যতম সেরা গোলটি টেলিভিশনে দেখে ফেলেছি। সেই থেকে আমি আর্জেন্টিনার অন্ধ সমর্থক। যদিও খেলা নিয়ে আগ্রহ কম। প্লেন গোত্তা খেয়ে নিচের দিকে নামছে। আর আমি দেখছি, বিশ্বকাপের মৌসুম চলছে। বাংলাদেশের আকাশে-বাতাসে উড়ছে আকাশি রঙের আর্জেন্টিনার পতাকা। ম্যারাডোনা আর হাল আমলে মেসির কারণে বাংলাদেশের আবালবৃদ্ধবনিতারা এই পতাকাটা চেনে। আমাদের চোখের সামনে ফুটে উঠল বুয়েনস এইরেস শহর। আর্জেন্টিনার রাজধানী। সন্ধ্যা সাড়ে সাতটা বলে অন্ধকার থাকার কথা। ওপর থেকে দেখলাম অজস্র বাতি আর বাতি। আমাদের ঢাকা শহরেও এ রকম নামার সময় বাতি দেখা যায়। তবে সেখানে মাঝেমধ্যে কালো ছোপ ছোপ থাকে। সেগুলো লোডশেডিং এলাকা! বুঝলাম, বুয়েনস এইরেসে লোডশেডিংয়ের ব্যাপার নেই।আন্তর্জাতিক গণিত অলিম্পিয়াডের (আইএমও) ৫৩তম আসরে যোগ দেওয়ার জন্য আমরা ম্যারাডোনার দেশে এসেছি। বাংলাদেশ থেকে রওনা দিয়েছি ৭ জুলাই রাতে। ম্যারাডোনা মুল্লুকে আসতে আসতে বাংলাদেশে ৯ তারিখের সূর্য উঠে পড়েছে। দুবাই থেকে প্রায় ২০ ঘণ্টার বিমানযাত্রা। অবশ্য ফাঁকতালে আমরা পেলের দেশের এয়ারপোর্টও দেখে ফেলেছি! আটলান্টিক পাড়ি দিয়ে আসতে হয় বলে, হয়তো, বিমানটি থামে ব্রাজিলের রাজধানী রিও ডি জেনিরোতে। আমার সঙ্গে বাংলাদেশ গণিত দলের পাঁচ সদস্য—ধনঞ্জয় বিশ্বাস, তানজীম শরীফ , সৌরভ দাশ, নূর মোহাম্মদ সফিউল্লাহ ও আদিব হাসান।আমরা এয়ারপোর্টে নেমে গরম জামা-কাপড় পরে নিলাম। জুলাই মাসে? হ্যাঁ। কারণ, আর্জেন্টিনা দক্ষিণ গোলার্ধের দেশ। আমাদের যখন গরমকাল, ওখানে তখন অনেক শীত। অ্যারাইভাল লাউঞ্জের দিকে যেতে, ইমিগ্রেশন পার হতে হতে সারাক্ষণই আমার চোখ ইতিউতি তাকাচ্ছে, একটি বড় ছবি, বড় কোনো মূর্তির খোঁজে। তবে ভাগ্যের শিকে ছিঁড়ছে না। ভাবলাম, লাউঞ্জ থেকে বের হলে হয়তো কাঙ্ক্ষিত ছবি পাব। আমাদের যেতে হবে বুয়েনস এইরেস থেকে ৪০০ কিলোমিটার দূরে মার দেল প্লাতা শহরে। রাত সাড়ে ১১টায় রওনা হওয়ার আগে পর্যন্ত এয়ারপোর্টের কোথাও ম্যারাডোনা বা মেসির দেখা মিলল না।অন্যান্য দেশের মতো হাইওয়ে প্রশস্ত এবং আসা-যাওয়ার ভিন্ন রাস্তা। মাঝখানে দুই রাস্তাসমান খালি জায়গা। অর্থাৎ গাড়ি বাড়লেও রাস্তা বড় করতে কোনো সমস্যা হবে না। থেকে থেকে স্পিডব্রেকারে খাবি খাওয়া; টোল প্লাজার কারণে। প্রথমবার ভেবেছিলাম ব্রিজ হবে। পরে বুঝলাম, ব্রিজ না, রাস্তাই। মিনিবাসের টোল ৭ পেসো করে। আর্জেন্টিনার মুদ্রা পেসো। এয়ারপোর্টে এক ডলারের বিনিময়ে তারা ৩ দশমিক ৬৭ পেসো দিয়েছে।শোভাযাত্রামার ডেল প্লাটা শহরে আমাদের সবাইকে রাখা হয়েছে একটি সুবিশাল হোটেলে। গ্রান্ড প্রভিন্সিয়াল হোটেলটি আর্জেন্টিনার সবচেয়ে বড় হোটেল। শতাধিক দেশের প্রায় হাজার খানেক লোক এখানে।সব আইএমওতে কোনো বড় থিয়েটার হলে উদ্বোধনী অনুষ্ঠান হয়। এখানকার রেডিও সিটি অডিটরিয়ামটা কাছেই। কাজেই আমাদের রওনা হতে হলো হেঁটেই। আমাদের শোভাযাত্রার সম্মুখে আর্জেন্টিনার ঐতিহ্যবাহী গায়ক আর বাদকদের একটি দল। তাদের সবারই রঙিন পোশাক। মাউরো জানাল, এটি তাদের ঐতিহ্যবাহী নাচ আর বাজনা। নাচিয়ে আর বাদকেরা পুরোটা পথ নেচেগেয়ে আমাদের নিয়ে গেছে উদ্বোধনী হলে। সঙ্গে রণপাওয়ালা দুজনও ছিলেন। ছোট্ট একটি বাচ্চাকে দেখা গেল তার প্যারাম্বুলেটরে চড়ে বাজনা বাজিয়ে যাচ্ছে। বাজনার শব্দ শুনে কিনা জানি না, দেখা গেল একদল কুকুরও এসে জড়ো হয়েছে শোভাযাত্রায়! সব উদ্বোধনী অনুষ্ঠানের মতো এখানেও কিছু আনুষ্ঠানিকতা থাকে। থাকে বক্তৃতা, উদ্বোধনী ঘোষণা, শপথ গ্রহণ! ছিল সব দলের কুচকাওয়াজ। বাংলাদেশের দুটি পতাকা নিয়ে আমরাও উঠে পড়লাম মঞ্চে।শুরুতেই খুব মজার অভিজ্ঞতা হলো, যখন আর্জেন্টিনার জাতীয় সংগীত বাজানো হলো। গানের শুরুতে প্রায় ৩০ থেকে ৪৫ সেকেন্ডের বাজনা। শুরুটা গাওয়ার পর একটু বিরতি এবং যন্ত্রসংগীতও নেমে গেল একেবারে নিচে। ফলে আমরা অনেকেই হাততালি দিয়ে বসে পড়তে গেলাম, আর তখনই শুরু হলো প্রথম অন্তরা। গানের সুরটি খুবই সুন্দর। সব দেশের জাতীয় সংগীতের সময় আবেগে সবাই আপ্লুত হয়। ইংরেজি বর্ণমালার সুবিধা নিয়ে আমি বসেছিলাম দ্বিতীয় সারিতে। প্রথম সারিতে অভ্যাগত অতিথিদের সবাইকে দেখলাম বেশ উচ্চ স্বরেই গাইলেন তাঁদের জাতীয় সংগীত।আটলান্টিকে নৌবিহারপরের দিন থেকে শুরু হয়ে যায় পরীক্ষা। তখনো শহর ঘুরে দেখার সুযোগ হয়নি। শিক্ষার্থীদের পরীক্ষা শুরু হওয়ার পর আমরা রওনা হলাম মহাসমুদ্রের পথে। এ নিয়ে বাংলাদেশ অষ্টমবারের মতো আন্তর্জাতিক গণিত অলিম্পিয়াডে অংশ নিয়েছে। অন্যদিকে, আর্জেন্টিনা দ্বিতীয়বারের মতো আয়োজক দেশ হয়েছে। আর্জেন্টিনার সপ্তম বৃহত্তম শহরটি রাজধানী থেকে প্রায় ৪০০ কিলোমিটার দূরে, আটলান্টিকের পারে এবং যথারীতি একটি পর্যটননগর। নগরের সাড়ে ছয় লাখ অধিবাসীর সবাই কোনো না কোনোভাবে পর্যটন, মৎস্য বা বন্দরকেন্দ্রিক ব্যবসার সঙ্গে জড়িত। এটি একাধারে পোতাশ্রয়ও।মার দেল প্লাতাকে দেখে মূল আর্জেন্টিনা সম্পর্কে সঠিক ধারণা পাওয়া মুশিকল। কারণ, আর্জেন্টিনা মূলত গ্রামপ্রধান দেশ। সোয়া চার কোটি লোক থাকে ১০ লাখ বর্গমাইল এলাকাজুড়ে! এর নামেরও একটি ছোট্ট ইতিহাস আছে। কোনোভাবে স্প্যানিশ দস্যুরা জানতে পারে, এখানে রুপার অনেক পাহাড় আছে। সেই রুপার পাহাড়ের খোঁজে দলে দলে স্প্যানিশরা এসে পড়ে এখানে। যদিও শেষ পর্যন্ত রুপার পাহাড়ের কোনো খোঁজ পাওয়া যায়নি। লাতিন ভাষায় রুপা মানে আর্জেন্টাম। আর সেখান থেকে আর্জেন্টিনা।বন্দর থেকে একটি ছোট ইঞ্জিন নৌকায় আমরা শ খানেক লোক রওনা দিলাম আটলান্টিক মহাসাগরে। নৌকা শুরুর দিকে পাড় ঘেঁষে চলল। দুই পারের বাড়ি-ঘর দেখে বুঝলাম, মহাসমুদ্র হলেও আমাদের সাগরের মতো কথায় কথায় ফুঁসে ওঠে না। কারণ, একেবারে কোল ঘেঁষেই অনেক স্থাপনা। ঘণ্টা খানেক চলার পর বোঝা গেল প্রকৃতি বিরূপ। সকাল থেকে ঝিরিঝিরি বৃষ্টি ছিল, কিন্তু সমুদ্রে সেটা ঝড়ের রূপ নিল। তাই আমরা বেশি দূর যেতে পারলাম না। বেড়ে গেল নৌকার দুলুনিটাও। কাজেই মহাসমুদ্রের সুবিশাল জলরাশিতে অনেকক্ষণ ঘুরে বেড়ানোর শখের বারোটা বাজল। তীরের দিকে ঘুরে গেল নৌকা। কিন্তু যখন আবার পাড়ের কাছাকাছি, তখন দেখা গেল সমুদ্র শান্ত হয়ে পড়েছে। নৌ যানের চালক আমাদের বেড়ানোর ক্ষতি পুষিয়ে দিতে নিয়ে গেলেন সিলের খাড়িতে। বিভিন্ন আকারের একদল সিলকে দেখা গেল সমুদ্রপাড়ে ঘুরে বেড়াতে। ‘রোদ পোহাচ্ছে’ বলতে পারলে খুশি হতাম। তবে বৃষ্টির জন্য সূর্যের টিকিটিও দেখা যাচ্ছিল না। বেশি কাছে না গেলেও সিলের গায়ের বোটকা গন্ধ টের পেয়েছি বেশ।রুপাকাহিনিপরীক্ষার পরই শিক্ষার্থীদের জন্য সবচেয়ে আনন্দের সময়। তখন তারা খেলাধুলা, আনন্দ-ফুর্তি আর ঘুরে বেড়ানোয় ব্যস্ত হয়ে পড়ে। প্রভিন্সিয়াল হোটেলের নিচতলায় দুটি বড় কক্ষকে খেলাধুলার হলে পরিণত করা হয়েছে। একদিকে রয়েছে দাবার মতো মাথা ঘামানোর খেলা, অন্যদিকে টেবিল টেনিস আর ফুটবলের আয়োজন। দুই রকমের ফুটবলই রয়েছে। সমুদ্রপাড়ে বিচ ফুটবল আর টেবিলে পুতুল দিয়ে টেবিল ফুটবল বা ফুসবল। আমাদের সৌরভ আর আবিদ বিচ ফুটবলে হেরে গেলেও ধনঞ্জয় টেবিল ফুটবলে রানারআপ হয়েছে। ছিল একটি যান্ত্রিক ষাঁড়ও। এর ওপর চড়লে সেটি লাফাতে থাকে। আরোহীর কাজ হয় সেটি ধরে থাকা। যান্ত্রিক পাগলা ষাঁড়ের সওয়ারি হয়ে ধনঞ্জয় কপালে ব্যথা পেয়ে ফেরত এল।শিক্ষার্থীরা যখন নতুন বন্ধুদের সঙ্গে নানা আনন্দে মেতে আছে, তখন পাশের আরেকটি হোটেলে আমরা তাদের উত্তরপত্র মূল্যায়ন করছি। এই হোটেলের রুম থেকে সরাসরি সমুদ্র দেখা যায়। আর এখানে এসে প্রথম টের পেলাম রুপাকাহিনি। কয়েক দিন মুখ লুকিয়ে থাকার পর মার দেল প্লাতা শহরে আমরা প্রথম সূর্য দেখি। তবে সূর্য ওঠার ঠিক আগে আটলান্টিকের ওপরের আকাশে দীপ্যমান হয়ে ছিল বৃহস্পতি ও শুক্র গ্রহ। চলার পথে চাঁদ সেখানে ত্রিভুজ রচনা করে। আর চাঁদের আলো পড়ে চিকচিক করতে থাকে আটলান্টিকের পানি। দূর থেকে মনে হয় রুপালি আভা! শুধু যে সকালে এ ঘটনা হয়, তা নয়। এই সৈকতে সূর্যোদয় দেখা যায়, সূর্যাস্ত দেখা যায় না। কিন্তু বিকেলেও রুপালি আভা ছড়িয়ে থাকে।ম্যারাডোনা-মেসির সন্ধানেদুই দিন হাঁটতে হাঁটতে গেছি আটলান্টিকের তীরে। সমুদ্রতটটি পরিষ্কার-পরিচ্ছন্ন। কংক্রিটের একটি পাটাতন তৈরি করে রেখেছে। এই প্ল্যাটফর্মে হেঁটে সমুদ্রের অনেকখানি ভেতরে চলে যাওয়া যায়। এতে একটি চমৎকার অভিজ্ঞতা হয়। সব জায়গায় সমুদ্রের ঢেউ দেখি সামনে থেকে তেড়ে আসে। কিন্তু এখানে সমুদ্রের ঢেউ দেখা যায় পেছন থেকে। পাহাড়সমান ঢেউ যখন তটে আছড়ে পড়ে, তখন সেটিকে পেছন থেকে দেখতে পারাটা একটি অন্য রকম অনুভূতি।খাতা দেখার ফাঁকে হাঁটতে হাঁটতে দেখা হলো শহর। আর তখনই মাথাচাড়া দিয়ে উঠল ফুটবল। ভাবলাম, এ দেশে নিশ্চয়ই আনাচ-কানাচে সবাই ম্যারাডোনা-মেসি। কাজেই ভবিষ্যতের ম্যারাডোনা-মেসির সন্ধানে বেরিয়ে পড়লাম। সমুদ্রতটের অ্যাপার্টমেন্ট কমপ্লেক্স ছেড়ে শহরের কেন্দ্রস্থলের দিকে সবই দোকান আর অফিস, সারি সারি। আর তার পরই আবাসিক এলাকা। আবাসিক এলাকাগুলোয় মাঠ আছে বিস্তর, তবে কোনো গোলপোস্ট দেখলাম না! হারমিটেহ হোটেলের ফ্রন্ট ডেস্কের লোক জানাল, মার দেল প্লাতায় খেলাধুলা হয়। যে স্টেডিয়াম আছে, সেটাতে ১৯৭৮ সালের বিশ্বকাপের খোলা হয়েছে বলে সে শুনেছে। তবে এই শহরে ফুটবলের তেমন জোয়ার নেই। ক্লাব ফুটবলের কোনো খবর সে দিতে পারল না। তবে গলফ খেলার অনেক লোক আছে! আর হিসাব করে বলল, কয়েক বছর আগে এখানে টেনিসের একটি বড় টুর্নামেন্ট হয়েছে। (পরে উইকিপিডিয়া থেকে জেনেছি, ২০০৮ সালে এখানে ডেভিস কাপের ফাইনাল হয়েছে!) বুঝলাম, ম্যারাডোনা-মেসির উত্তরাধিকারকে মার দেল প্লাতায় খুঁজে লাভ নেই! তখন দোকানগুলোয় খুঁজতে শুরু করলাম—ম্যারাডোনা আর মেসির জার্সি বা টি-শার্ট পাওয়া যায় কি না। কতক সময় পরে বুঝলাম, ম্যারাডোনা কিংবা মেসির ছবি দিয়ে যে ব্যবসা করা যায়, সেটি মনে হয় তারা জানে না।শহর খুবই পরিষ্কার। এবং লোকজন ট্রাফিক সিগন্যাল মেনে চলে। শহুরে লোকেরাও বিকেলে সমুদ্রপাড়ে হাঁটতে আসে। এই কয়েক দিনে খুব বেশি লোকজনকে সমুদ্রে নামতে দেখলাম না! ঠান্ডা। তাপমাত্রা ছিল গড়ে সাত-আট ডিগ্রি। রাতের দিকে প্রায় শূন্যের কাছাকাছি।ইউরোপের সঙ্গে একটা বড় পার্থক্য দেখলাম পাব আর ক্যাফের সংখ্যায়। দীর্ঘ সমুদ্রতটে এগুলো হাতে গোনা যায়। তবে ক্যাসিনো প্রায় প্রতিটি ব্লকেই একটা করে আছে! এখন মৌসুম নয় বলে এর বেশির ভাগই বন্ধ।শেষবেলায় ম্যারাডোনাআইএমও থেকে রুপার পদক জিতে আমরা আবার বুয়েনস এইরেসের উদ্দেশে রওনা হলাম ১৫ জুলাই, ভোরে। রাস্তায় মনে পড়ল, আরে, আর্জেন্টিনা তো কেবল ম্যারাডোনা-মেসির দেশ নয়! এটি তো আমাদের চে গুয়েভারার জন্মস্থান। বিপ্লবী চের দেশে তাঁকে কেমন করে স্মরণ করে, সেটি জানা দরকার। ততক্ষণে অবশ্য আমরা বুয়েনস এইরেসের এয়ারপোর্টে এসে পড়েছি। ভাবলাম, এখানেই ভালোভাবে খুঁজি। অন্তত কোনো টি-শার্টে বা কোনো চাবির রিংয়ে এই বিপ্লবীকে পাওয়া যাবে। হায়! তাঁর কিছুই পাওয়া গেল না। শেষবেলায় এসে ম্যারাডোনার সন্ধান মিলল। ম্যারাডোনার ক্লাব (মেসিরও কী?) বোকা জুনিয়র্সের একটি সুভ্যেনির শপ পাওয়া গেল। যাক, বাঁচলাম। ম্যারাডোনা আর মেসির প্রভাব বুঝলাম তখন। যত জার্সি আছে, সেগুলোর সবগুলোর নম্বর ১০, তবে ছবিওয়ালা কিছু নেই। কাউন্টারে বসা এক নারীকে বোঝানোর চেষ্টা করলাম, আমার ম্যারাডোনার চেহারা আছে, এমন কিছু দরকার। ওই নারী কী ভাবলেন, কে জানে! তবে একটু পর বের করলেন একটি স্মারক মুদ্রা। ম্যারাডোনার মুখচ্ছবিওয়ালা ওই মুদ্রা বুক পকেটে নিয়ে উঠে পড়লাম দুবাইগামী বিমানে। মুচো গ্রাসিয়াস(ধন্যবাদ)!