খাতুনগঞ্জে প্রতারণার ঘটনা বেড়েই চলেছে। ফলে দিন দিন কমে যাচ্ছে লেনদেন। এ নিয়ে খাতুনগঞ্জ ট্রেড অ্যান্ড ইন্ডাস্ট্রিজ অ্যাসোসিয়েশনের সভাপতি মাহবুবুল আলমের সঙ্গে কথা বলেছেন আমাদের নিজস্ব প্রতিবেদক।প্রথম আলো: চাক্তাই-খাতুনগঞ্জে বারবার প্রতারণার ঘটনা কেন ঘটছে?মাহবুবুল আলম: কিছু অসাধু ব্যবসায়ী আছেন, যাঁরা প্রথমে খাতুনগঞ্জের ব্যবসায়ীদের সঙ্গে লেনদেন করে আস্থা অর্জন করেন। এরপর একসঙ্গে বাকিতে অনেক পণ্য কিনে নেন, যেটা অনেকের চোখে ধরা পড়ে না। সুযোগ বুঝে বাকিতে কেনা পণ্য বিক্রি করে আত্মগোপনে চলে যান তাঁরা। খাতুনগঞ্জে প্রতারণার ঘটনার বেশির ভাগের প্রকৃতি এমন। তবে অতি লোভে অনেকে পুঁজির চেয়ে বেশি পরিমাণ লেনদেন করেন।এ ক্ষেত্রে পণ্যের দাম কমে গেলে লোকসান সামাল দেওয়া যায় না বলেও আত্মগোপনে চলে যান অনেকে।প্রথম আলো: প্রতারণার কারণে লেনদেনে কী প্রভাব পড়ছে?মাহবুবুল আলম: প্রতারণার কারণে খাতুনগঞ্জে ব্যবসার পরিবেশ নষ্ট হচ্ছে। গুটিকয়েক অসৎ ব্যবসায়ী কয়েক হাজার প্রকৃত ব্যবসায়ীকে বিপদে ফেলছে। এ অবস্থা থেকে উত্তরণের জন্য প্রকৃত ব্যবসায়ীদের নিয়ে আমরা কঠোর হচ্ছি।প্রথম আলো: প্রতারণার ঘটনা রোধে আপনাদের সংগঠন কী ভূমিকা রাখছে?মাহবুবুল আলম: একসময় খাতুনগঞ্জে প্রতারণার ঘটনা ঘটলে পাওনাদার ব্যবসায়ীদের পাওনার একটি অংশ পরিশোধের ব্যাপারে সমঝোতা করা হতো সংগঠন থেকে। কিন্তু দেখলাম, এতে প্রতারক ব্যবসায়ীরা উৎসাহিত হয়। এ কারণে এখন থেকে পাওনা টাকার শতভাগ পরিশোধে বাধ্য করতে নীতিগত সিদ্ধান্ত আছে সংগঠনের।প্রথম আলো: প্রতারণা বন্ধে সবচেয়ে কার্যকর পদক্ষেপ কোনটি হতে পারে বলে মনে করেন?মাহবুবুল আলম: খাতুনগঞ্জে অগ্রিম চেক পদ্ধতিতে লেনদেন হয় বেশি। কিন্তু ব্যাংকে সেই চেক প্রত্যাখ্যাত হলে আইনে কঠোর শাস্তির বিধান নেই। এক্ষেত্রে আমাদের প্রস্তাব হলো, চেক প্রতারণা মামলার শাস্তি জামিন অযোগ্য অপরাধ হিসেবে আরও কঠোর হওয়া উচিত।প্রতারক কোনো ব্যবসায়ী শাস্তির মুখোমুখি হলে অন্য কেউ সাহস করবে না।