পছন্দের পোশাকের শেষ নেই তাঁর। যেখানে যেমন স্টাইল দরকার, সেখানে সেই স্টাইলেই দেখা যায় তাঁকে। এ বেলায় কেতাদুরস্ত পোশাক তো অন্য বেলায় জিনস আর টি-শার্ট। তবে চোখে একটা কালো সানগ্লাস থাকে অধিকাংশ সময়ই। তিনি হলেন তারিক আনাম খান। মঞ্চ, টেলিভিশন আর চলচ্চিত্র সব খানেই তাঁর সরব উপস্থিতি। ট্রিমড করা ‘ট্রেড মার্ক’ শ্মশ্রুমণ্ডিত চেহারা তাঁকে দিয়েছে অনেক জনপ্রিয়তা। বলেন, ‘হাতে ঘড়ি পরি নিয়মিত। আমার সব সময়েই ট্রেন্ডি ঘড়ি পরতে ভালো লাগে। এখন যেমন একটু বড় ডায়ালের পিয়ারে কার্ডেনের ঘড়ি বেশি পরছি। এ ছাড়া রোলেক্স ও টাইটানের ঘড়ি পরি। পোশাকে আমার আলাদা করে কোনো রঙের প্রতি দুর্বলতা নেই। সব রংই ভালো লাগে। তবে শার্টের ভেতরে চেক বেশি পছন্দ করি।’চেক শার্টের প্রতি যে তিনি কতটা দুর্বল, তা বোঝা যায় তাঁর শার্টের সংগ্রহ দেখে। অফিসে সভা থাকলে শার্টের ওপর স্যুট, টাই আর জুতা পরেন। মাঝেমধ্যে পরেন প্রিন্স কোটও। এ ছাড়া সন্ধ্যার যেকোনো অনুষ্ঠানে বেশির ভাগ সময় পাঞ্জাবিই বেছে নেন। দেশের বাইরে ভারত থেকে কেনেন রং-বেরঙের পাঞ্জাবি। আর শুটিংয়ে গেলে? প্রশ্নটা শুনে একটা হাসি দিয়ে উত্তরে বলেন, ‘শুটিং স্পটে তো অনেক সময় থ্রি কোয়ার্টারও পরা হয়। সঙ্গে হাফ হাতা শার্ট অথবা টি-শার্ট। বাসার ভেতরে চপ্পল পরেই কাটে।’তারিক আনাম খানের সুগন্ধির প্রতি আছে আলাদা দুর্বলতা। তাই দেশের বাইরে গেলেই কিনে আনেন নানা ব্রান্ডের সুগন্ধি। আরমানি, হুগো বস, ড্রাক্কার ইত্যাদি ব্র্যান্ডের সুগন্ধিই বেশি ব্যবহার করেন। দুই হাতে দুটি আলাদা পাথরের আংটি পরেন সারাক্ষণ। একটি স্টার রুবি, আরেকটি গার্নেটের। পছন্দের শার্টের ব্র্যান্ডে আছে মার্কস অ্যান্ড স্পেনসার সবার ওপর। প্যান্টও তা-ই। নিজের মতো করেই ঘরের ভেতরটা সাজিয়েছেন নানা ধরনের সামগ্রী দিয়ে। তবে এখানে নিজের ভালোবাসার মানুষটার অবদানই বেশি। বলেন, ‘আমার স্ত্রীর (নিমা রহমান) পছন্দেই বেশি কেনা হয়। ওর পছন্দ অনেক ভালো। সারা ঘরে সাজানো এসব জিনিসের প্রায় সবটাই তাঁর কেনা। আর আমার পোশাকও।’