চেঙ্গী নদীতে ভাঙন, হুমকির মুখে সেতু

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চেঙ্গী নদীর প্রবল ভাঙনের কবলে ঝঁুকির মুখে পড়েছে খাগড়াছড়ি শহরের দ্বিতীয় চেঙ্গী সেতু। শহরের গঞ্জপাড়ায় অবস্থিত এই সেতুর পশ্চিম প্রান্তে সংযোগসড়কের অর্ধেক অংশের মাটি দেবে গেছে। এই অবস্থায় ঝুঁকি নিয়ে প্রতিদিন শত শত যানবাহন চলাচল করছে।
পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ড ২০০৪-০৫ অর্থবছরে চার কোটি টাকা ব্যয়ে এ সেতু নির্মাণ করে। শুরু থেকে এই সেতুর ওপর দিয়ে ভারী যানবাহন চলাচল নিয়ন্ত্রণ করা হচ্ছে। সেতুটি দিয়ে কেবল অটোরিকশা, ব্যাটারিচালিত রিকশা, রিকশা, মোটরসাইকেলের মতো ছোট যানবাহন চলাচল করে।
গত এক সপ্তাহের বেশি আগে থেকে প্রবল বৃষ্টিতে চেঙ্গী নদীর পানি বেড়ে যায়। একপর্যায়ে নদীর দুকূল ছাপিয়ে খাগড়াছড়ি জেলা সদরে বন্যাও হয়। কয়েক দিন আগ থেকে বৃষ্টি কমলে নদীর পানিও কমতে থাকে।
তবে প্রবল স্রোত থাকায় নদীর পাড়ে ভাঙন দেখা দেয়। ভাঙনের কারণে দ্বিতীয় চেঙ্গী সেতুর পশ্চিম অংশ বিপজ্জনক অবস্থায় রয়েছে।
সরেজমিন দেখা যায়, সেতুর পশ্চিম অংশের সংযোগ সড়কের এক অংশের মাটি দেবে গেছে। দেবে যাওয়া স্থানটি ইট দিয়ে ঘিরে রাখা হয়েছে আর সংযোগ সড়কটির কাছেই ভাঙন ধরেছে। এ ছাড়া সেতুর উজানে নদীর পাড়ে ভাঙন ধরায় গোটা সেতুই ঝঁুকিতে পড়েছে।
পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ড খাগড়াছড়ি কার্যালয়ের নির্বাহী প্রকৌশলী মুজিবুল আলম বলেন, ‘সেতুটি আমাদের প্রতিষ্ঠান নির্মাণ করলেও এর রক্ষণাবেক্ষণ করার দায়িত্ব আমাদের নয়।
তাছাড়া আমাদের রক্ষণাবেক্ষণের জন্য কোনো বরাদ্দ নেই। সেতু রক্ষার জন্য যদি কিছু করতে হয়, তাহলে নতুন করে প্রকল্প তৈরি করতে হবে। সেতুটি নদীভাঙনের কারণে ক্ষতিগ্রস্ত হলে আমাদের করার কিছু নেই। কারণ উন্নয়ন বোর্ড নদী শাসনের কাজ করে না।’
পানি উন্নয়ন বোর্ড খাগড়াছড়ি কার্যালয়ের উপবিভাগীয় প্রকৌশলী জাহাঙ্গীর চৌধুরী জানান, গঞ্জপাড়াসহ কয়েকটি এলাকায় নদীর ভাঙন ঠেকাতে প্রকল্প প্রস্তাব ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে পাঠানো হয়েছে। প্রস্তাবিত প্রকল্প অনুমোদন হলে তখন চেঙ্গী নদীর দ্বিতীয় সেতু ভাঙন থেকে রক্ষা পাবে।