
খাগড়াছড়ি সদরে চেঙ্গীপাড়ের মানুষের দিন কাটছে এখন আতঙ্কে। দিন দিন বাড়ছে ভাঙন। হুমকির মুখে রয়েছে বসতঘর ও ফসলি জমি।
সম্প্রতি সরেজমিনে দেখা গেছে, খাগড়াছড়ি সদরের কমলছড়ি মুখ, গঞ্জপাড়া, বটতলী বাজার, চাকমাপাড়া, স্বপ্নমোহনপাড়া, গোলাবাড়ী, ফুটবিল, চম্পাঘাট ও খেয়াঘাট এলাকায় প্রায় চার কিলোমিটারে প্রতিনিয়ত ভাঙছে চেঙ্গী নদীর পাড়। বর্তমানে ভাঙনের মুখে রয়েছে এসব এলাকার ২৭টি বসতঘর, একটি সমিল, সাতটি দোকান, বাজার, শ্মশান, ফসলি জমি ও বিভিন্ন বাগান। এ ছাড়া সদরের ধর্মঘর এলাকার যুবরাজ কার্বারিপাড়া এলাকায়ও ভাঙছে নদীর পাড়।
স্থানীয় বাসিন্দা ও জনপ্রতিনিধিরা বলেন, চেঙ্গী নদীর ভাঙন রোধে ব্যবস্থা নিতে সংশ্লিষ্ট সব দপ্তরে আবেদন জানানো হয়েছে। এসব দপ্তরের ঊর্ধ্বতন কর্মকর্তারা প্রায় সময় ভাঙনকবলিত এলাকা পরিদর্শনে এলেও শুধু প্রতিশ্রুতি দিয়ে যান, কোনো কার্যকর পদক্ষেপ নেন না।
গঞ্জপাড়ার বাসিন্দা উসাংপ্রু মারমা (৩২) ও অংগ্যজাই মারমা (৪৭) বলেন, ‘গঞ্জপাড়া এলাকায় চেঙ্গী নদীতে ১৪টি বসতঘর বিলীন হয়ে গেছে। আরও ১১টি পরিবার ভাঙনের মুখে রয়েছে। এখন বৃষ্টি হলেই আতঙ্কে থাকি।’
বটতলী বাজারের দোকানি রুপম চাকমা (৭২) বলেন, ‘আমার বসতঘর ও তিন একর জমি চেঙ্গী নদীতে চলে গেছে। এখন কোনো রকমে দোকান চালিয়ে সংসার সচল রেখেছি।’
বটতলী চাকমাপাড়ার বাসিন্দা রত্না চাকমা (৫৬) বলেন, চেঙ্গী নদী যেভাবে ভাঙছে তাতে কিছুদিনের মধ্যে বটতলীর শ্মশান বিলীন হয়ে যাবে। এলাকার একমাত্র শ্মশানটি ভাঙনের হাত থেকে রক্ষা করা জরুরি।
স্থানীয় লোকজন বলেন, কয়েক বছরে চেঙ্গীতে বিলীন হয়ে গেছে তিন শতাধিক একর ফসলি জমি, বটতলী, স্বপ্নমোহনপাড়া চম্পাঘাট ও খেয়াঘাটের গ্রামীণ সড়ক, চাকমাপাড়ার শ্মশান ও কমলছড়ির পুরোনো ফেরিঘাট। ভিটেমাটি হারিয়েছেন শতাধিক পরিবার।
এ ব্যাপারে খাগড়াছড়ি সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান চঞ্চুমনি চাকমা বলেন, ‘আমি দায়িত্ব নেওয়ার পর বিভিন্ন দপ্তরে যোগাযোগ করেছি। পরিষদের স্বল্প বরাদ্দে এত বড় প্রকল্প হাতে নেওয়া সম্ভব নয়। এলাকার ভাঙন রক্ষা করতে পার্বত্য জেলা পরিষদ, পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ড ও পানি উন্নয়ন বোর্ডের সহযোগিতা প্রয়োজন।’ খাগড়াছড়ি পানি উন্নয়ন বোর্ডের উপবিভাগীয় প্রকৌশলী মোহাম্মদ নুরুল আফসার আজাদ মুঠোফোনে বলেন, ইতিমধ্যে ‘খাগড়াছড়ি শহর ও জনগুরুত্বপূর্ণ অবকাঠামো নদী ভাঙন হতে রক্ষা’ নামে একটি প্রকল্প হাতে নেওয়া হয়েছে। এই প্রকল্পের আওতায় চেঙ্গী নদীর সাত কিলোমিটার এলাকায় ভাঙন রোধ করার জন্য পরিকল্পনা হাতে নেওয়া হয়েছে। তা ছাড়া গঞ্জপাড়া এলাকায় বর্তমানে কিছু কাজ করা হয়েছে। সামনের শুষ্ক মৌসুমে আবারও কাজ করা হবে।