চেঙ্গীর কোলে আলুটিলার পাহাড়ে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ওপরে সবুজ পাহাড়। দেখে বোঝার উপায় নেই নিচে কী অপেক্ষা করছে। পাহাড়ের ঢালু থেকে নিচে নেমেই চোখে পড়বে প্রকৃতির বিচিত্র খেয়ালের নিদর্শন—আলুটিলার সুড়ঙ্গ। পাহাড়ি জলপথ খুঁজে নিতে এফোঁড়-ওফোঁড় করে দিয়েছে পাহাড়। এক পাশে ঢুকে অনায়াসে বের হওয়া যায় অন্য পথে। রহস্যের ব্যাপার হচ্ছে, পাহাড়ের ভেতর সুড়ঙ্গ হলেও এতটুকু ক্ষতি হয়নি। সুড়ঙ্গের ভেতর প্রকৃতিই গড়ে দিয়েছে প্রতিরোধক। খাগড়াছড়িতে বেড়াতে আসা পর্যটকদের আকর্ষণের কেন্দ্রবিন্দুতে থাকে এ সুড়ঙ্গ। এ ছাড়া রয়েছে ঝরনা আর দেবতার পুকুর। সব মিলিয়ে প্রকৃতি যেন অপার হাতে দান করেছে খাগড়াছড়িকে। আলুটিলা পর্যটনকেন্দ্র: আলুটিলা পাহাড় থেকে খাগড়াছড়ির সৌন্দর্য দেখে এক জেলা প্রশাসক লিখেছিলেন, ‘ক্লান্ত পথিক ক্ষণেক বসিও আলুটিলার বটমূলে, নয়ন ভরিয়া দেখিও মোরে চেঙ্গী নদীর কোলে।’ আলুটিলা থেকে পুরো খাগড়াছড়ি শহর দেখা যায়। চেঙ্গী নদী কীভাবে সর্পিল গতিতে চলে গেছে, তা আলুটিলা পাহাড় থেকেই দেখা যায়। আর আলুটিলার পাহাড়ের চূড়া থেকে কয়েক শ ফুট নিচে রয়েছে ২৮০ ফুট দৈর্ঘ্যের সেই রহস্যময় সুড়ঙ্গ। সুড়ঙ্গের ভেতর গাঢ় অন্ধকার। তাই ভয় নেই। আলুটিলায় পাওয়া যায় মশাল। সেটি কিনে নিয়ে ঢুকতে হবে। এ ছাড়া পাহাড়ের চূড়ায় রয়েছে বৌদ্ধদের একটি মন্দির। এ মন্দিরের নির্মাণশৈলী এক কথায় অনন্য।রিসাং ঝরনা: আলুটিলা পর্যটনকেন্দ্র থেকে তিন কিলোমিটার পশ্চিমে (খাগড়াছড়ি-চট্টগ্রাম সড়ক হতে এক কিমি দূরে) রিসাং ঝরনা। এখানে পাশাপাশি দুটি ঝরনা রয়েছে। পর্যটকদের সুবিধার জন্য একটি ঝরনায় যেতে পাকা সিঁড়ি দিয়ে রাস্তা তৈরি করা হয়েছে। তাই সহজে এই ঝরনায় যাওয়া যায়। প্রথমটি থেকে আরও ২০০ গজ ভেতরে আরও একটি ঝরনা। দুটি ঝরনার পানিতে গোসলও সেরে নিতে পারেন।ভাইবাছড়া ঝরনা: এটি রাঙামাটি জেলার বাঘাইছড়ি উপজেলার সাজেক ইউনিয়নের বাঘাইহাট বাজার থেকে এক-দেড় কিলোমিটার দূরে। ঝরনাটি রাঙামাটি জেলায় হলেও যোগাযোগব্যবস্থা খাগড়াছড়ি জেলা থেকেই সহজ। খাগড়াছড়ি শহর থেকে ৪০ কিলোমিটার দূরে খাগড়াছড়ি-দীঘিনালা-বাঘাইহাট সড়কের ভাইবাছড়ায় (বাঘাইহাট বাজারে যেতে এক-দেড় কিলোমিটার আগে) নামতে হবে। এরপর রাস্তা থেকে ১৫ থেকে ২০ মিনিটের হাঁটা দূরত্বে এ ঝরনার অবস্থান। উচ্চতা ৭০ থেকে ৮০ ফুট হবে। এ ঝরনাটি অন্যগুলোর চেয়ে আলাদা। অন্য ঝরনায় যেখানে পানি পড়ে সাধারণত সে জায়গায় গভীর গর্তের সৃষ্টি হয়। কিন্তু এটি ব্যতিক্রম। এখানে কোনো গভীর গর্ত নেই। তাই নিরাপদে গোসল সারা যায়।নুনছড়ির দেবতা পুকুর: ত্রিপুরাদের ধারণা, স্থানীয় ব্যক্তিদের আশীর্বাদস্বরূপ দেবতা নিজে এ পুকুর করে দিয়েছেন। তাদের মতে, এ পুকুরে গোসল করলে মনোবাসনা পূরণ হবে। খাগড়াছড়ি শহর থেকে ১২ কিলোমিটার দূরে হাজার ফুট উচ্চতায় পাহাড়ের ওপর এই পুকুরের অবস্থান। প্রতিবছর বৈসুকে এখানে তীর্থ মেলা বসে। খাগড়াছড়ি-মহালছড়ি-রাঙামাটি সড়কের সাত কিলোমিটার গেলে মাইচছড়ি। এই মাইচছড়ি থেকে চার কিলোমিটার পশ্চিমে গেলে নুনছড়ি গ্রাম। এই নুনছড়ি গ্রাম থেকে এক কিলোমিটারের পাহাড়ি পথ বেয়ে পাহাড়ের চূড়ায় উঠলেই দেবতা পুকুর। এ পুকুরের স্বচ্ছ স্থির জলরাশি পর্যটকদের মনে প্রশান্তি জোগাবে। প্রাকৃতিক এই দৃশ্য ছাড়াও এ অঞ্চলের আদিবাসীদের, বিশেষত, বৌদ্ধ সম্প্রদায়ের সংস্কৃতি জানতে আপনি পানছড়ি উপজেলার শান্তিপুর অরণ্য কুটির, দীঘিনালা বন বিহার, খাগড়াছড়ি শহরের কেন্দ্রস্থলে শতবর্ষের পুরোনো য়ংড বৌদ্ধমন্দিরে ঘুরে আসতে পারেন।যেভাবে খাগড়াছড়িতে যাবেন: চট্টগ্রামের অক্সিজেন মোড় থেকে খাগড়াছড়ির বাস ছাড়ে। বিরতিহীন বাসে চার ঘণ্টার পথ। ভাড়া—বিরতিহীন ১৫০ টাকা, লোকাল ১২০ টাকা। ঢাকা থেকে কলাবাগান, ফকিরাপুল, কমলাপুর, সায়েদাবাদ থেকে বাস ছাড়ে। দিবা ও নৈশ কোচ সার্ভিস আছে। ভাড়া ৩৫০ টাকা।খাগড়াছড়িতে থাকার ব্যবস্থা: পর্যটকদের জন্য খাগড়াছড়িতে বাংলাদেশ পর্যটন করপোরেশনের পর্যটন মোটেল রয়েছে। এ ছাড়া ব্যক্তিমালিকানাধীন হোটেল শৈল সুবর্ণা, হোটেল লবিয়ত, হোটেল জিরান রয়েছে।