১৯১৭ সালে স্থাপিত এই মন্দির একসময় পানছড়ি উপজেলার বৌদ্ধধর্মাবলম্বীদের একমাত্র উপাসনালয় ছিল
চেঙ্গীর ভাঙনে হুমকির মুখে পানছড়ির শতবর্ষী মন্দির
চেঙ্গী নদীর ভাঙনে হুমকির মুখে পড়েছে খাগড়াছড়ি পার্বত্য জেলার পানছড়ি উপজেলার শতবর্ষী মহাম্রাই মুনি বৌদ্ধমন্দির। ভাঙনের ফলে এরই মধ্যে মন্দির চত্বরের প্রায় এক একর জমি নদীগর্ভে বিলীন হয়েছে। ভাঙনরোধে প্রশাসনের বিভিন্ন দপ্তরে ধরনা দিয়েও কোনো কাজ হয়নি বলে জানিয়েছেন স্থানীয় বৌদ্ধধর্মাবলম্বী লোকজন ও জনপ্রতিনিধিরা।
সম্প্রতি সরেজমিনে দেখা গেছে, বর্ষায় বেড়েছে চেঙ্গী নদীর পাড়ভাঙন। ভাঙতে ভাঙতে একেবারে মন্দিরের আঙিনা পর্যন্ত চলে এসেছে চেঙ্গী নদী। মূল মন্দির থেকে এখন নদীর দূরত্ব কেবল চার থেকে পাঁচ ফুট। মন্দিরের পেছনে পুরোহিতদের থাকার জন্য রয়েছে টিনের একচালা পাকা ঘর। নদীর ভাঙন এই ভবন পর্যন্ত চলে এসেছে। যেকোনো সময় ভবনটিও নদীগর্ভে বিলীন হওয়ার আশঙ্কা রয়েছে।
মন্দির কর্তৃপক্ষের সঙ্গে কথা বলে জানা গেছে, ১৯১৭ সালে স্থাপিত এই মন্দির একসময় পানছড়ি উপজেলার বৌদ্ধধর্মাবলম্বীদের একমাত্র উপাসনালয় ছিল। বছরে দুবার মেলারও আয়োজন করা হতো এখানে। জেলার বিভিন্ন উপজেলার হাজার হাজার পুণ্যার্থীর আগমন ঘটত। এখন আগের মতো এসব আয়োজন না হলেও মন্দিরে প্রার্থনা করতে আসেন পুণ্যার্থীরা।
মন্দিরে আসা পুণ্যার্থীরা বলেন, প্রতিদিন তিনবার পূজা হয় এখনো। এ ছাড়া বৈশাখী পূর্ণিমা, আষাঢ়ী পূর্ণিমা, মধু পূর্ণিমা ও প্রবারণা পূর্ণিমাসহ বেশ কিছু অনুষ্ঠান হয় মন্দিরটিতে।
মন্দিরের তত্ত্বাবধায়ক ও প্রবীণ শিক্ষক মংসাথোয়াই চৌধুরী বলেন, গত কয়েক বছরের খরস্রোতা চেঙ্গীর অব্যাহত ভাঙনে বিলীন হয়েছে মন্দিরের দেড় একর জমি। নদীগর্ভে তলিয়ে গেছে শতবর্ষী ছয়টি বটগাছ। এ ছড়া মন্দিরের মূল ফটক ও সামনের রাস্তাটি ভেঙে গেছে। এসব সংস্কারের কোনো উদ্যোগ নেয়নি প্রশাসন। এখন জরুরি ভিত্তিতে ব্যবস্থা নেওয়া না হলে মন্দিরটি নদীগর্ভে হারিয়ে যাবে।
স্থানীয় বাসিন্দা শিক্ষক নন্টু চাকমা বলেন, শুধু মন্দির নয়, পাশের চৌধুরীপাড়া, বগাপাড়া, কলেজগেট ও স্কুলপাড়া এলাকার ১০০ একরের বেশি জমি ও বাগান নদীগর্ভে বিলীন হয়ে গেছে।
পানছড়ি উপজেলা চেয়ারম্যান সর্বোত্তম চাকমা বলেন, ‘আমি দায়িত্ব নেওয়ার পর পাউবোর সঙ্গে যোগাযোগ করেছি। পরিষদের স্বল্প বরাদ্দে এত বড় প্রকল্প হাতে নেওয়া সম্ভব নয়। মন্দিরটি রক্ষায় পাউবোর, খাগড়াছড়ি পার্বত্য জেলা পরিষদ ও পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ডের সহযোগিতা প্রয়োজন।’
পাউবো খাগড়াছড়ি উপবিভাগীয় কার্যালয়ের উপপরিচালক আলী আফসারী বলেন, বিষয়টি ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানানো হয়েছে। বরাদ্দ পেলেই ভাঙন রোধে কাজ শুরু করা হবে।