চেতনাতে নজরুল

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নতুন সহস্রাব্দের প্রথম দশক পেরিয়ে বাংলাদেশের তরুণ প্রজন্ম বিভিন্ন বিষয়ে কী ভাবে—এ নিয়ে ২০১০ সালে একটি জরিপ প্রতিবেদন প্রকাশ করেছিল ব্রিটিশ কাউন্সিল। প্রতিবেদনটিতে ফুটে ওঠে আজকের তারুণ্যের ভাবনা। ডেটা ইন্টারন্যাশনাল লিমিটেডের সঙ্গে অংশীদারিত্বে ব্রিটিশ কাউন্সিল পরিচালিত এই জরিপে যেসব বিষয়ে তরুণদের ভাবনা তুলে ধরা হয়েছে, তার মধ্যে আছে মূল্যবোধ, দায়িত্ব-কর্তব্য, পরিচয়ের স্বকীয়তা, সামাজিক দায়বদ্ধতা, শিক্ষা, কর্মসংস্থান, সাংস্কৃতিক দৃষ্টিভঙ্গি, সাফল্য ইত্যাদি। জরিপটিতে তরুণদের আদর্শ ব্যক্তিত্ব (রোল মডেল) হিসেবে দুটি নাম রয়েছে শীর্ষে। তাঁরা হলেন বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও জাতীয় কবি কাজী নজরুল ইসলাম। তরুণ প্রজন্মকে নিয়ে পরিচালিত এই জরিপে পাওয়া ফলাফল বিশ্লেষণের জন্য দেশের বিভিন্ন ক্ষেত্রের বিশিষ্টজনদের নিয়ে একটি টাস্কফোর্স গঠন করা হয়েছিল। এর সদস্য চলচ্চিত্রকার তারেক মাসুদ তারুণ্যের সাংস্কৃতিক দৃষ্টিভঙ্গি বিশ্লেষণ করতে গিয়ে লিখেছেন, ‘তরুণেরা রোল মডেল বা আদর্শ নির্বাচন করেছেন তাঁদেরই, যাঁরা তাঁদের কাছে অনুপ্রেরণা ও প্রণোদনার উৎস। জাতীয় পর্যায়ে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও কাজী নজরুল ইসলামের নামই “আদর্শ” হিসেবে উঠে এসেছে তরুণদের কাছ থেকে।’‘মম এক হাতে বাঁকা বাঁশের বাঁশরী, আর হাতে রণতূর্য’—নজরুলের জীবনের মতোই বৈচিত্র্যে ভরা নজরুলসাহিত্য ও নজরুলসংগীত। এসবই হয়তো টানে তরুণ প্রজন্মকে। তাঁদের পছন্দের তালিকায় নজরুল কেন? নজরুল ইনস্টিটিউটের নির্বাহী পরিচালক রশীদ হায়দার বলেন, ‘কারণ জানতে একটু ইতিহাস টানতে হয়। যে পরিবেশ-পরিস্থিতিতে নজরুল বেড়ে উঠেছেন, এ জন্য তাঁকে সংগ্রাম করতে হয়েছে। কিশোরবেলায় মাতৃভূমি ছেড়ে ময়মনসিংহের ত্রিশালের দরিরামপুরে তাঁকে আসতে হয়েছিল। জীবিকার জন্য কখনো লেটো দলে গান গেয়েছেন, কখনো রুটির দোকানে কাজ করেছেন। কিশোরকাল পেরিয়ে তিনি যুদ্ধে গেলেন। যুদ্ধের ভয়াবহতা তাঁর জীবনে রেখাপাত করল।’এ সময় কামালপাশার মতো ‘হিরো’র প্রভাব পড়ে নজরুলের জীবনে। রশীদ হায়দার বলেন, ‘নজরুল ব্রিটিশ শাসনামলে পরাধীনতা গভীরভাবে উপলব্ধি করেছেন। বিদ্রোহের চেতনার শুরু তখন। আজ থেকে ৯০ বছর আগে ১৯২১ সালে তিনি লেখেন “বিদ্রোহী” কবিতা। এ কবিতা ব্রিটিশবিরোধী স্বাধীনতা-আন্দোলনের জন্য ছিল একটা বাঁক। বঙ্গবন্ধুর ৭ মার্চের বক্তব্য যেমন বাংলাদেশের স্বাধীনতার জন্য একটা বাঁক, সাহিত্যের ক্ষেত্রেও “বিদ্রোহী” কবিতা তেমনই ইংরেজবিরোধী গণজাগরণ জাগায়।’৯০ বছর পর এসেও আমাদের শরণাপন্ন হতে হয়ে ‘বিদ্রোহী’ কবিতার। রশীদ হায়দার বলেন, ‘বিদ্রোহী’ কবিতা এখনো তাঁকে জাগায়। ভবিষ্যতেও জাগিয়ে যাবে। অন্যায়, অত্যাচার, অবিচার থাকবেই। তাই ‘বিদ্রোহী’ চিরকালের এক কবিতা। আর এসব কারণে আজও তরুণদের পছন্দের তালিকায় থাকেন নজরুল।নজরুলের বিদ্রোহী চেতনা তারুণ্যের অদম্য সাহস, দুর্বার ইচ্ছার সঙ্গে ভালোভাবেই মিলে যায়। নজরুলসংগীতের শিল্পী খায়রুল আনাম শাকিল বলেন, ‘কাজী নজরুল ইসলাম আমাদের জাতীয় কবি। তাই তাঁর জীবনদর্শন না বুঝলেও তাঁর প্রতি আগ্রহী হয়ে ওঠেন অনেকেই। আর যাঁরা নজরুলসংগীত করেন, তাঁরা তো নজরুলের বৈচিত্র্যের সঙ্গে পরিচিতই। নজরুলের গান শাস্ত্রীয় সংগীতভিত্তিক, তাই এ গান শিখলে সব গানই গাওয়া যায়।’ এ তো গেল গানের কথা। তরুণ প্রজন্মের কাছে নজরুল এখনো আকর্ষণীয়, প্রিয় আইকন। খায়রুল আনাম শাকিল বলেন, ‘যাঁরা সচেতন নাগরিক, তাঁরা জানেন, নজরুলের জীবন এগিয়েছে সংগ্রামের মধ্য দিয়ে। এসব বিষয় তরুণদের টানে। তাঁর বিদ্রোহী চেতনাও আকৃষ্ট করে। নজরুল সব সময় মানুষে মানুষে ভালোবাসার কথা বলেছেন। ধর্ম, শ্রেণী বা বর্ণ দিয়ে নয়, মানুষকে মানুষ হিসেবেই দেখেছেন তিনি। নিজেই বলেছেন, কবি হতে আসেননি, এসেছিলেন ভালোবাসা দিতে, ভালোবাসা পেতে। বাংলাদেশের মানুষের মধ্যে যে চেতনা, নজরুল তা ফুটিয়ে তুলেছেন তাঁর রচনায়। তাই তিনি বাংলাদেশের যথার্থই জাতীয় কবি।’নজরুলের যে অসাম্প্রদায়িক, মানবতাবাদী দর্শন বা জীবনাচরণ—সেসবই আকৃষ্ট করে আজকের তারুণ্যকে। তরুণ প্রজন্মের পছন্দের পোশাক যে টি-শার্ট, সেটিতেও নজরুল ঘুরেফিরে আসেন। নজরুলকে বুকে ধারণ করে আজকের প্রজন্ম। ‘নজরুলের সংগ্রামী ও বিদ্রোহী চেতনা তরুণদের আগ্রহী করে তোলে বেশি।’ জানালেন ফ্যাশন হাউস নিত্য উপহারের স্বত্বাধিকারী বাহার রহমান। তিনি বলেন, ‘নজরুলের প্রতিকৃতি বা তাঁর গান-কবিতার পঙক্তি দিয়ে আমরা যে টি-শার্টগুলোর নকশা করি, তরুণ ক্রেতাদের কাছে সেসবের চাহিদা বেশ ভালোই আছে।’একই রকম মত দিলেন ফ্যাশন হাউস তারা মার্কার স্বত্বাধিকারী অভিজিৎ চৌধুরী। তাঁর মতে, ‘নজরুলের প্রেমের চেয়ে জীবনযুদ্ধ, বিদ্রোহী চেতনাই তরুণেরা বেশি পছন্দ করে। আমরা নজরুলের জীবনকে চারটি ধাপে তুলে এনেছি টি-শার্টের নকশায়। আরেকটা বিষয় হলো বিভিন্ন বয়সে, জীবনের বিভিন্ন বাঁকে নজরুলের পোশাক-আশাক, কেশবিন্যাসে ছিল স্বকীয়তা। এ ব্যাপারটাও তরুণদের টানে।’তরুণ প্রজন্ম যেমন নজরুলের চেতনায় এখনো আগ্রহী, তেমনি পোশাকে ধারণ করে নজরুলকে। অনেকটা প্রতীকী অর্থে। জাতীয় বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী প্লাবন চারুশি বলেন, ‘ছোটবেলা থেকেই নজরুলের কবিতা পড়ছি, গান শুনছি। টি-শার্টে নজরুলের কবিতার পঙিক্ত বা মুখচ্ছবি থাকলে আত্মিক অনুভবের একটা প্রকাশ ঘটে। আবার বাঙালিয়ানারও প্রকাশ ঘটছে।’জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের সমাজকর্ম বিভাগের ছাত্র সাইফুল আলম সোজা কথায় বলেন, ‘নজরুলের কবিতা পড়লে কর্মস্পৃহা বাড়ে। জাতি-ধর্মের ঊর্ধ্বে ছিল নজরুলের জীবন। তাঁর “মানুষ” কবিতা পড়লে বোঝা যায়, ধর্ম নয়, জাতি নয়, মানুষই ছিল তাঁর কাছে বড়। তাই নজরুলের টি-শার্ট আমি পরি।’সাইফুলের মতো আরও অনেক তরুণকে টানে নজরুলের ব্রিটিশবিরোধী ভূমিকা। নজরুল তাঁদের কাছে এখনো তারুণ্যের প্রতীক—‘উন্নত মম শির’। বার্ধক্যে তিনি কখনোই পৌঁছান না। মাথা উঁচু করে এগিয়ে যাওয়ার প্রেরণা জোগান এখনো। তাই তো এ যুগের তারুণ্যের চেতনায় আছেন নজরুল—তরুণদের ‘রোল মডেল’।