‘সবার হূদয়ে রবীন্দ্রনাথ, চেতনাতে নজরুল।’ ভূপেন হাজারিকার গানের কথাগুলো আজও কী দারুণ সত্যি! হূদয় বলুন, চেতনা বলুন, সবখানেই আছেন রবীন্দ্রনাথ ঠাকুর আর কাজী নজরুল ইসলাম। দুজনেই মিশে আছেন আমাদের অস্তিত্বের সঙ্গে। একজন যদি হন হূদয়ের বাম অলিন্দ, অন্যজন ডান অলিন্দ। একহাতে বাজে অগ্নিবীণা, কণ্ঠে গীতাঞ্জলি। তাই তো একজনকে আমরা বলি বিশ্বকবি। আরেকজনকে আমরা নিজের করে নিয়েছি ‘জাতীয় কবি’ হিসেবে। সামনে কাজী নজরুল ইসলামের জন্মদিন। তিনি গত হয়েছেন কতটা দিন হয়ে গেল। আজও নজরুল আরও কত রূপে মন্ত্রমুগ্ধ করে রেখেছেন আমাদের। তিনি শুধু বিদ্রোহী কবি নন। ‘ঝাঁকড়া চুলের বাবরি দোলানো মহান পুরুষ’ও। আর তাঁর কবিতা ও গানের মতোই চিরকাল এই মহান পুরুষতরুণদের জন্য অনুপ্রেরণা। ব্যান্ডসংগীত আর পপ-রকের তোড়ে কি নজরুলের গান ভেসে যাবে? আজ আর সেই শঙ্কার দিন নেই। উল্টো আমাদের এই প্রজন্মের ব্যান্ড সংগীতশিল্পীরাই ঝুঁকছেন নজরুলের অসামান্য সৃষ্টির দিকে। নজরুলের বিদ্রোহী কবিতা আজ গান হয়ে ঝড় তুলছে গিটারে, কিবোর্ডে। কবীর সুমনের গানের ভাষায় আজকের তরুণ প্রজন্ম ‘হাত পেতে নিয়ে চেটেপুটে খাচ্ছে সেই অমিয় সুধা’। তারুণ্যের পরিধেয় টি-শার্টের বুকজুড়ে আছেন নজরুল। স্রেফ লোক দেখানো ব্যাপার নয়। নজরুল সত্যিই আছেন তাদের মন আর মননের সঙ্গে মিশে।আজকের তরুণ নির্দ্বিধায় বলে দেয়, ‘আমি নজরুলের ফ্যান।’ সেটা যেমন গানের জন্য, তেমনি তাঁর দুঃখভরা জীবনের সব কষ্ট ছাপিয়ে ‘আপনারে ছাড়া করি না কাহারে কুর্নিশ!’ জীবনযাত্রার জন্যও। কথা হয় মোজতাবা নাদিমের সঙ্গে। ২০১১ সালে স্নাতক শেষ করে এখন আলোকচিত্রী হিসেবে কাজ করছেন। ‘আমার মনে হয় রোমান্টিক অনুভূতির কথা সবাই তো বলতে পারেন। নজরুলও রোমান্টিক গান লিখেছেন। তবে আমাকে টানে তাঁর বিদ্রোহী চেতনার গানগুলোই। টাকা থাকলে প্রেম তো হবেই। কিন্তু খারাপ সময়ে এমন শক্তির কথা কয়জন বলতে পারে?’এই প্রজন্মের ছেলেমেয়েরা নজরুলের গান শুনছে। তাঁর গানের বাণীর সঙ্গে মেলাতে পারছে নিজেদের জীবনটাকে। আর তাঁর জীবন থেকেই খুঁজতে চাইছে প্রেরণা। ব্রিটিশ কাউন্সিল পরিচালিত জরিপে এটা তো উঠে এসেছেই। সম্প্র্রতি গ্রামীণফোন তাদের তারুণ্যের ব্র্যান্ড ডিজুসের থিম সং হিসেবে ব্যবহার করছে ‘মোরা ঝন্ঝার মত উদ্দাম’ গানটি। এই বিজ্ঞাপন নির্মাণের আগে তাদের পক্ষ থেকে যে জরিপ চালানো হয়, তাতেও পাওয়া যায় নজরুলের প্রতি তরুণদের এই আগ্রহের কথা। গ্রামীণফোনের মার্কেট কমিউনিকেশনস বিভাগের উপপরিচালক সাজিদ রেজওয়ান মতিন জানালেন এই কথা। তিনি বলেন, ‘এই সময়ের তরুণেরা আবেগ লুকাতে চায় না। তারা অনেক বেশি খোলামেলা, স্বতঃস্ফূর্ত। এ গানটিও তো সেই কথাই বলে। সে জন্যই এ গানটি বেছে নিয়েছি আমরা। “মোরা ঝন্ঝার মত উদ্দাম, মোরা ঝর্ণার মত চঞ্চল। মোরা বিধাতার মত নির্ভয়, মোরা প্রকৃতির মত সচ্ছল\”।’ নজরুলের গান নিয়ে এখন কাজ হচ্ছে প্রচুর। তরুণদের মধ্যে দারুণ জনপ্রিয় হয়েছে ব্যান্ডদল আর্টসেলের গাওয়া ‘দুর্গম গিরি, কান্তার মরু’। গ্রামীণফোনের আয়োজনে ‘আমার সুরে স্বাধীন বাংলা’ শিরোনামের কনসার্টে তারা প্রথম গায় গানটি। তারপর থেকে যেন আর্টসেলের কনসার্ট মানেই এ গানটি থাকবেই। ব্যান্ডের অন্যতম সদস্য সেজান জানান, ‘তখন মনে হয়েছিল আমাদের গায়কীর সঙ্গে এ গানটিই সবচেয়ে ভালো লাগবে। এর কথা আর সুরের যে শক্তি তা অনবদ্য। অনেক খেটেছি আমরা গানটা তোলার জন্য। আমাদের দলের গায়ক লিংকনের মা বেতারের শিল্পী ছিলেন। তিনি সাহায্য করেছেন আমাদের। মূল সুরটা ঠিক রাখার জন্য খুব সাবধান ছিলাম আমরা।’‘মোরা ঝঞ্ঝার মত উদ্দাম...’ গানটি গেয়েছে ব্যান্ডদল দৃক। পাওয়ারসার্জ গেয়েছে ‘কারার ঐ লৌহকপাট’। মনে হচ্ছে মেটাল ঘরানার ব্যান্ডগুলোর নজরুলসংগীতের প্রতি আগ্রহ বেশি। আর এ কারণেই হয়তো তরুণদের কাছে তা বেশ জনপ্রিয় হচ্ছে। আর্টসেলের সদস্য সেজান বললেন, ‘এই সময়ের হেভি মেটাল বা থ্র্যাশ মেটাল ধারার গানের সঙ্গে নজরুলের তারুণ্যের শক্তির একটা মিল আমি খুঁজে পাই।আমি ভাবতেই পারি না, নজরুল সফট রক বা পপ গান গাইছেন। তাঁর ভাবমূর্তি আমার কাছে এমনই। তিনি কিন্তু সেই সময়ে একটা ভিন্ন পথেই হেঁটেছেন। আমরাও তো সেই চেষ্টা করছি। তাঁর সুর আর কথার যে শক্তি, তা সব সময়ের জন্যই অর্থবহ। আর কে এমন করে বলতে পারে “হিন্দু না ওরা মুসলিম?” ওই জিজ্ঞাসে কোন্ জন? কান্ডারি! বল, ডুবিছে মানুষ, সন্তান মোর মা’র!’একই মত দৃক ব্যান্ডের সদস্য সাইফের। ‘নজরুল আমার কাছে আল্টিমেট রকার। তার মানে এসি/ডিসি ব্যান্ডের অ্যাংগাস ইয়াংয়ের সঙ্গে যে তাঁর গানের কোনো মিল আছে, তা বলছি না। তাঁর চিরতরুণ, বলিষ্ঠ মনোভাবের জন্য বললাম। একজন রকারের যে শক্তি, সবকিছু ভেঙে ফেলার, বদলে দেওয়ার যে ক্ষমতা, সেটা নজরুলের ছিল।’সুর আর তালে তাল মেলানো নয়, বরং বাণী বুঝেই নজরুলকে হূদয়ে ধারণ করার পরামর্শ দেন শিল্পী খায়রুল আনাম শাকিল। ‘দেখা যায়, নজরুলের গানের তালের জন্যই হয়তো কারও গানটা শুনতে ভালো লাগছে। কিন্তু বাণীটা সে বুঝল না। এটা দুঃখজনক। উন্মাদ হয়ে গান ভালোবাসা যায়। আবার চোখ বুজে শুধু অনুভব করাও যায়। শুধু ছন্দের চেয়েও অনেক বেশি কিছু আছে নজরুলের গানে। এটা আমাদের তরুণেরা বুঝতে পারলেই হলো। যারা এখন নজরুলের গান গাইছে, তাদের সাধুবাদ জানাই। তবে গানে যন্ত্রের ব্যবহারটা যেন গানকে ছাপিয়ে না যায়।’সংগীত নিয়ে প্রজন্মে প্রজন্মে এমন ভাবনা থাকবেই। তবে যে যখন তরুণ তাকেই আলোড়িত করছে নজরুল। প্রজন্ম থেকে প্রজন্মে কে আর এমন পারে?