মহান মুক্তিযুদ্ধের গৌরবগাথা নিয়ে রচিত নাটক মৃত্যুপাখি মঞ্চায়নের মধ্য দিয়ে শেষ হলো নাট্যসংগঠন উত্তরাধীকারের তিন দিনের নাট্যোৎসব। বাংলাদেশ রাষ্ট্রের বিরোধিতাকারীদের প্রতি ঘৃণা উচ্চারণের মাধ্যমে চেতনার মশাল জ্বালালো চট্টগ্রামের এই নাট্য সংগঠন। গতকাল শনিবার জেলা শিল্পকলা একাডেমী মিলনায়তনে শেষ হয় তিন দিনের এই নাট্যোৎসবের। মৃত্যুপাখি ছাড়াও মুক্তিযুদ্ধভিত্তিক নাটক লালজমিন এবং চট্টগ্রামের জেলে সম্প্রদায়ের জীবন-সংগ্রাম নিয়ে রচিত নাটকসাম্পাননাইয়া মঞ্চস্থ হয় উৎসবে। সংগঠনের ১২ বছরে পদার্পণ উপলক্ষে এই নাট্যোৎসবের আয়োজন করা হয়। আজ থেকে ১১ বছর আগে ঐতিহাসিক ৭ মার্চ উত্তরাধিকারের পথচলা শুরু। জেলা শিল্পকলা একাডেমীর মুক্তমঞ্চে ‘উত্তরাধিকার নাট্য উৎসব’ শিরোনামে সংগঠনের ১২ বছরে পদার্পনের এই উৎসবের উদ্বোধন করেন কথাসাহিত্যিক হরিশংকর জলদাস। বক্তব্য দেন বাংলাদেশ গ্রুপ থিয়েটার ফেডারেশনের সভাপতি মণ্ডলীর সদস্য সুচরিত দাশ, ফেডারেশনের নির্বাহী পরিষদের সদস্য সাইফুল আলম এবং উৎসবের সমন্বয়কারী মাহমুদ রাসেল। উৎসবের উদ্বোধনী দিন সন্ধ্যা সাতটায় শিল্পকলা একাডেমি মিলনায়তনে মঞ্চস্থ হয় শূণ্যন প্রযোজিত নাটক লাল জমিন। মুক্তিযুদ্ধের সময় এক নারীর জীবনসংগ্রাম নিয়ে লাল জমিন নাটকটি রচনা করেন মান্নান হিরা। নির্দেশনা দিয়েছেন সুদীপ চক্রবর্তী। নাটকটিতে একক অভিনয় করেন মোমেনা চৌধুরী। দ্বিতীয় দিন গত শুক্রবার একাডেমীর মিলনায়তনে মঞ্চস্থ হয় নাটক সাম্পাননাইয়া। উত্তরাধিকারের প্রতিষ্ঠালগ্নের প্রযোজনা সাম্পাননাইয়া। দক্ষিণ চট্টগ্রামের উপকূলীয় জনগোষ্ঠীর জীবনসংগ্রাম তুলে ধরা হয়েছে নাটকটিতে। নাটকটি রচনা করেছেন আমিনুর রহমান এবং নির্দেশনা দিয়েছেন মোসলেম উদ্দিন সিকদার। এতে বিভিন্ন চরিত্রে অভিনয় করেছেন অসিত দাস, মঈন উদ্দিন, জাহেদুল আলম, কংকন দাশ, শেখ নিয়াজ হোসেন, শম্পা দত্ত, বিটু ভৌমিক, মাহমুদ রাসেল, রিমি আক্তার জামাল খান, ফিরোজ, সাইফুল ইসলাম, সাব্বির খান, ইব্রাহিম খলিল। নাটকটির আবহ সংগীত করেছেন মঈন উদ্দিন। শনিবার উৎসবের সমাপনী দিন মঞ্চস্থ হয় মুক্তিযুদ্ধভিত্তিক নাটক মৃত্যুপাখি। তানভীর আহমেদের রচনায় এবং মোসলেম উদ্দিন সিকদারের নির্দেশনায় নাটকের বিভিন্ন চরিত্রে অভিনয় করেছেন অসিত দাশ, মঈন উদ্দিন, জাহেদুল আলম, রাজিউল হাসান, মাজহারুল আলম, মাহমুদ রাসেল, গিয়াস উদ্দিন, পরিতোষ দাশ, কনক দত্ত, ইরফান উদ্দিন, বিটু ভৌমিক।