নারীর প্রতি সহিংসতার ঘটনা প্রতিদিনই ঘটছে আমাদের চারপাশে। কোনো না কোনো ঘরে নীরবে চোখের জল ফেলছে অসহায় নারী। অহরহ ঘটে যাওয়া এসব ঘটনা আমাদের অনেকটা গা সওয়া হয়ে গেছে। এমনটাই যেন স্বাভাবিক। এর কোনো প্রতিকার নেই! এ রকম নির্বিকার একটা সমাজে মানুষের চেতনায় আঘাত হানতে এগিয়ে এসেছে চট্টগ্রামের এশিয়ান ইউনিভার্সিটি ফর উইমেনের শিক্ষার্থী। সহিংসতার শিকার একটি পরিবারকে তাঁরা নিয়ে এসেছেন মঞ্চের নাটকে। যেখানে কোনো সংলাপ নেই। মূকাভিনয়ের মাধ্যমেই তাঁরা ফুটিয়ে তুললেন নারীর প্রতি নির্যাতনের চিত্র। নাটকে আমরা দেখি। ছোট সুখী একটি পরিবার। তাঁদের দুই সন্তান। মা বাবা আর দুই বোনের চোখে স্বপ্ন। একদিন স্কুল থেকে বাড়িতে ফেরার পথে কিছু বখাটে ওদের পথ রোধ করে। উত্ত্যক্ত করে নানাভাবে। মেয়ে দুটো নাজেহাল হয়ে ঘরে আসে। মা বাবাকে জানায়। ওদের মা একজন বখাটের বাসায় গিয়ে তার অভিভাবককে নালিশ দেয়। কেন নালিশ দিল —এই অপরাধে সেদিন রাতেই দুই বোনের একজনকে অপহরণ করে এবং আরেকজনের শরীর ঝলসে দেয় অ্যাসিডে। চিরচেনা এই ঘটনা যখন শিক্ষার্থীরা অভিনয় করে দেখাচ্ছিলেন তখন বিশ্ববিদ্যালয়ের মিলনায়তনে পিনপতন নীরবতা। একটি পরিবারের বিপর্যয়ের কাহিনি তুলে ধরে তরুণ শিক্ষার্থীরা সারা বিশ্বেরই একটি ছবি তুলে ধরল। এই নাটকটি পরিকল্পনা, নির্দেশনা, আবহ সংগীত সবকিছুই করেছেন তাঁরা। মূল পরিকল্পনা এবং নির্দেশনা দিয়েছেন শারমিন। বিভিন্ন চরিত্রে অভিনয় করেছেন পাপুন, জিনাত, শারমিন, ফেরদাউস, নাবিয়াল, হুমায়রা, রাইয়ানাসহ বেশ কয়েকজন শিক্ষার্থী।