চেনকে নিয়ে বেকায়দায় চীন
চেন গুয়াংজেং। চীনের ভিন্নমতাবলম্বী নেতা। যুক্তরাষ্ট্র ও চীনের মধ্যে সাম্প্রতিকতম টানাপোড়েনের কেন্দ্রীয় চরিত্র। যুক্তরাষ্ট্রের অভ্যন্তরীণ রাজনীতিতে পর্যন্ত প্রভাব ফেলেছে চেন ইস্যু। একে কেন্দ্র করে প্রেসিডেন্ট বারাক ওবামার সমালোচনা করেছেন কেউ কেউ। ওবামা প্রশাসন প্রথমে চেন ইস্যু চমৎকারভাবে নিয়ন্ত্রণ করার দাবি করলেও পরে বিষয়টা অনেকটা গুলিয়ে ফেলে। চীনা কর্তৃপক্ষ চেন গুয়াংজেংকে বিদেশে যেতে দেওয়ার ইঙ্গিত দিলেও কী হবে, তা এখনো নিশ্চিত নয়। যুক্তরাষ্ট্র বলেছে, তারা চেন ও তাঁর পরিবারের পাশে থাকবে। ৪০ বছর বয়সী চেন ছোটবেলায়ই অন্ধ হয়ে যান। বড় হয়ে একটা পর্যায় থেকে তিনি সমাজ পরিবর্তনের আন্দোলন শুরু করেন। জনসংখ্যা বৃদ্ধি নিয়ন্ত্রণে গৃহীত ‘এক-সন্তাননীতি’ বাস্তবায়নে চীনা কর্তৃপক্ষ জোর করে গর্ভপাত করানো শুরু করেছিল। এর বিরুদ্ধে অবস্থান নিয়ে চেন আন্দোলন শুরু করেন। সরকারকে তা ক্ষুব্ধ করে। চেনকে শায়েস্তা করতে তাঁর বিরুদ্ধে ট্রাফিক ব্যবস্থায় বিপর্যয় ও রাষ্ট্রীয় সম্পদের ক্ষতি করার অভিযোগ আনা হয়। ২০০৬ সালে তাঁকে চার বছরের কারাদণ্ড দেওয়া হয়। তিনি ২০১০ সালে মুক্তি পান। কিন্তু ওই বছরের সেপ্টেম্বরেই তাঁকে গৃহবন্দী করা হয়। সম্প্রতি অসুস্থ হয়ে পড়লেও তাঁকে বাইরে চিকিৎসা নিতে যাওয়ার সুযোগ দেয়নি সরকার। এই পরিস্থিতিতে গত ২২ এপ্রিল গৃহবন্দিত্ব থেকে পালিয়ে চীনের রাজধানী বেইজিংয়ের মার্কিন দূতাবাসে আশ্রয় নেন চেন। প্রথম দিকে মার্কিন দূতাবাসের কেউ অবশ্য এই বিষয়টি স্বীকার করেননি।এরই মধ্যে উচ্চপর্যায়ের বৈঠক করতে চীন সফরে যান মার্কিন পররাষ্ট্রমন্ত্রী হিলারি ক্লিনটন। তিনি টেলিফোনে কথাও বলেন চেনের সঙ্গে। পরে বেইজিংয়ের মার্কিন দূতাবাস আনুষ্ঠানিকভাবে জানায়, চেন পালিয়ে তাঁদের কাছে আশ্রয় নিয়েছেন। ছয় দিন পর মার্কিন দূতাবাস ছেড়ে সরাসরি বেইজিংয়ের এক হাসপাতালে ভর্তি হন চেন। ভিন্নমতাবলম্বী চেন যুক্তরাষ্ট্রে আশ্রয় নিতে পারেন বলে অনেকের ধারণা। উচ্চশিক্ষার্থে তাঁকে বিদেশে যেতে দেওয়া হতে পারে বলে কয়েক দিন আগে চীনা কর্তৃপক্ষের ঘোষণা সেই ধারণাকেই জোরালো করেছিল।তবে তিনি হয়তো যুক্তরাষ্ট্রে রাজনৈতিক আশ্রয়ে আগ্রহী নন। চীনে নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত গ্যারি লোকে বলেন, চেন তাঁদের জানিয়েছেন, তাঁর সেই ইচ্ছা নেই।চীন সরকারের সঙ্গে একধরনের ‘সমঝোতার’ পরই নাকি মার্কিন দূতাবাস ছেড়ে হাসপাতালে যান চেন। ওই ‘সমঝোতার’ আওতায় সরকার চেনকে নিরাপত্তা দেওয়ার অঙ্গীকার করে। তখন একে ওবামা প্রশাসনের সাফল্য হিসেবে দেখছিলেন মার্কিন কর্মকর্তারা। কিন্তু বিপত্তি বাধে চেন হাসপাতালে যাওয়ার কয়েক ঘণ্টা পরই। হাসপাতালে স্ত্রী ও সন্তানের সঙ্গে কথাবার্তার পরই দেশ ছাড়ার ইচ্ছা প্রকাশ করেন চেন। এ জন্য তিনি যুক্তরাষ্ট্রের সহায়তাও কামনা করেন। চেন বলেছেন, তিনি মার্কিন দূতাবাসে আশ্রয় নেওয়ার পর আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর লোকজন বাসায় গিয়ে তাঁর স্ত্রীকে হত্যার হুমকি দেন। তাই নিজের ও পরিবারের নিরাপত্তার স্বার্থে দেশ ছেড়ে চলে যেতে চান তিনি। অভিযোগ উঠেছে, চীন সরকার চেনকে নিরাপত্তা দেওয়ার অঙ্গীকার করলেও পরে সেখান থেকে সরে আসে। মার্কিন দূতাবাসের কর্মকর্তাদের হাসপাতালে চেনের সঙ্গে দেখা করতে দেওয়া হয়নি। পুলিশ তাঁকে ঘিরে রাখে। মার্কিন তৎপরতার একপর্যায়ে চীনের পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে জানানো হয়, চাইলে পড়াশোনার জন্য দেশের বাইরে যেতে পারবেন চেন। তখন নিউইয়র্ক বিশ্ববিদ্যালয়ের একজন মুখপাত্র জানান, চেনকে ওই বিশ্ববিদ্যালয়ে ভিজিটর স্কলার হিসেবে আমন্ত্রণ জানানো হবে। তিনি সপরিবারে যুক্তরাষ্ট্রে আসতে পারবেন। তবে ৮ মে পর্যন্ত চীন সরকার চেনকে দেশ ছাড়ার অনুমতি দেয়নি।কথিত ‘সমঝোতার’ মাধ্যমে চেনকে দূতাবাস থেকে ছাড়ার পর ‘নতুন নাটক’ শুরু হওয়ায় তাকে ওবামা প্রশাসনের কূটনৈতিক ব্যর্থতা বলে আখ্যা দিয়েছেন সমালোচকেরা। তাঁদের মতে, হিলারির চীন সফরের কারণে মার্কিন দূতাবাসের কর্মকর্তাদের মনোযোগ অন্য দিকে সরে গিয়েছিল। আর এটি তাঁদের ‘আনাড়িপনার’ পরিচায়ক। চেন ইস্যুতে ওবামার সমালোচনা করেছেন আগামী প্রেসিডেন্ট নির্বাচনে তাঁর সম্ভাব্য প্রতিদ্বন্দ্বী রিপাবলিকান পার্টির প্রার্থী মিট রমনি। তিনি ওবামা প্রশাসনের সমালোচনা করে বলেন, ‘এটা স্বাধীনতার আদর্শের জন্য একটি অন্ধকার দিন ও লজ্জার বিষয়।’সমালোচনার মোকাবিলায় চেন প্রশ্নে শক্ত অবস্থান নেওয়ার ইঙ্গিত দিয়েছেন মার্কিন পররাষ্ট্রমন্ত্রী হিলারি ক্লিনটন। তিনি বলেছেন, ‘যুক্তরাষ্ট্র ও মার্কিন জনগণ প্রতিটি দিন, সপ্তাহ ও বছর চেন এবং তাঁর পরিবারের পাশে থাকবে।’সংক্ষেপে চেন১৯৭১ : ১২ নভেম্বর জন্ম। তাঁর ডাক নামের অর্থ ‘খালি পায়ের উকিল’। ২০০৬ : ভিন্নমত প্রকাশের জন্য প্রথম কারাবরণ। ট্রাফিক ব্যবস্থায় বিপর্যয় ও সম্পদ ধ্বংসের দায়ে চার বছরের কারাদণ্ড। ২০১০ : এপ্রিলে মুক্তি। সেপ্টেম্বর থেকে গৃহবন্দী।২০১২ : এপ্রিলে গৃহবন্দিত্ব থেকে পালিয়ে মার্কিন দূতাবাসে আশ্রয় গ্রহণ। মাহফুজার রহমানতথ্যসূত্র: বিবিসি ও এএফপি