ভুনা, দোপেঁয়াজি, ঝোল করে কতই তো খেলেন চিংড়ি। ভিন্ন স্বাদের কিছু পদ চেখে দেখুন এবার। রেসিপি দিয়েছেন সিতারা ফিরদৌস
চেনা চিংড়ি ভিন্ন স্বাদে
বাটারফ্লাই-কিং প্রনস উপকরণ: চিংড়ি ১৬টি, অলিভ অয়েল ২ টেবিল-চামচ, বড় পেঁয়াজ কুচি ১টি, রসুন কুচি ১টি, হাড়ছাড়া মুরগির মাংস ছোট এক টুকরা, টমেটোর রস ২ কাপ, চিনি ১ টেবিল-চামচ, ভিনেগার ২ টেবিল-চামচ, ধনেপাতা কুচি ২-৩ টেবিল-চামচ, লবণ পরিমাণমতো, গোলমরিচ গুঁড়া ১ চা-চামচ।প্রণালি: তেল গরম করে, তার সঙ্গে পেঁয়াজ ও রসুন দিয়ে দু-তিন মিনিট নাড়াচাড়া করতে হবে। টমেটোর রস, মুরগির মাংস, চিনি, ভিনেগার, সামান্য লবণ ও গোলমরিচ দিয়ে ১০-১২ মিনিট জ্বাল দিতে হবে ঘন হওয়া পর্যন্ত। এখন চিংড়িগুলো দিয়ে ১০ মিনিট অল্প আঁচে রান্না করতে হবে। ধনেপাতা মেশাতে হবে। একটা পাত্রে ঢেলে পছন্দমতো সাজিয়ে পরিবেশন।হট প্রন কারি উইথ স্টিমড রাইসউপকরণ: ছোট পাকা টমেটো আধা কেজি, বড় চিংড়ি আধা কেজি, মরিচ গুঁড়া আধা চা-চামচ, রসুন ১ কোয়া, ছোট মরিচ ৩-৪টি, জলপাই তেল ২ টেবিল-চামচ, ধনেপাতা বা পার্সলেপাতা কুচি ১ টেবিল-চামচ, লবণ স্বাদমতো, কালো গোলমরিচ ১ চা-চামচ, চিনি প্রয়োজনমতো, সাদা ভিনেগার ১ টেবিল-চামচ, মাখন ৪ চা-চামচ, যেকোনো সুগন্ধি চাল ২৫০ গ্রাম।প্রণালি: পাত্রে তেল গরম করে তাতে রসুন ও মরিচ কুচি দিয়ে কিছুক্ষণ ভেজে তাতে চিংড়ি দিয়ে আরও কিছুক্ষণ গোলাপি রং করে ভেজে নিতে হবে। সাদা ভিনেগার দিয়ে ১ মিনিট জ্বাল দিতে হবে। টমেটো ও মরিচ গুড়াঁ দিয়ে কিছুক্ষণ ভেজে লবণ ও কালো গোল গোল মরিচ দিয়ে অল্প আঁচে ১০ মিনিট রাখতে হবে। সুগন্ধি চালের ভাত ফুটিয়ে নিতে হবে এবং রান্না শেষে গরম ভাতের ওপর মাখন ছিটিয়ে নেড়ে কিছুক্ষণ দমে রাখতে হবে। গরম ভাত পরিবেশন পাত্রে নিয়ে তার ওপর চিংড়ি কারি ঢেলে এরপর ধনেপাতা কুচি ছিটিয়ে পরিবেশন।প্রন আদাবো উপকরণ: বড় চিংড়ি আধা কেজি, রসুন কুচি ২ চা-চামচ, সাদা গোলমরিচ গুঁড়া ১ চা-চামচ, সাদা সিরকা ২ টেবিল-চামচ, লবণ স্বাদমতো, চিনি ১ চা-চামচ, সয়াসস ১ টেবিল-চামচ, গারলিক সস ১ টেবিল-চামচ, টমেটো সস ২ টেবিল-চামচ, ময়দা ১ টেবিল-চামচ, ধনেপাতা ১ গোছা, মাখন ৫০ গ্রাম।প্রণালি: চিংড়ির লেজ ও মাথা রেখে খোসা ছাড়িয়ে পিঠের দিক অল্প চিরে শিরা বের করে নিতে হবে এবং মাথার ভেতরের ময়লা পরিষ্কার করে নিতে হবে। সিরকা, গোলমরিচ, লবণ, চিনি ১ কাপ পানিতে মিশিয়ে তাতে চিংড়ি দিয়ে ৫ মিনিট ফুটিয়ে চুলা থেকে নামিয়ে আরও ৫-৭ মিনিট পর চিংড়ি পানি থেকে তুলে রাখতে হবে।সসের জন্য: প্যানে ১ টেবিল-চামচ মাখন গলিয়ে ময়দা মৃদু আঁচে বাদামি রং করে ভেজে অল্প অল্প করে চিংড়িসেদ্ধ পানি মেশাতে হবে। ফ্রাইপ্যানে বাকি মাখন গলিয়ে রসুন ভেজে তাতে চিংড়ি দিয়ে আরও ২ মিনিট বেশি আঁচে ভেজে সয়াসস দিয়ে চুলা থেকে নামিয়ে নিতে হবে। ভাজা চিংড়ির সঙ্গে রান্না করা চিংড়ির সস, গারলিক সস ও টমেটো সস মিশিয়ে ওপরে সাদা গোলমরিচ গুঁড়া ও পার্সলে কুচি ছিটিয়ে গরম গরম পরিবেশন করতে হবে।স্পাইসি প্রন-ভেজিটেবল উইথ প্যানকেকউপকরণ: ধনেপাতা ১ আঁটি, লাল পেঁয়াজ ২টি, জলপাই তেল ২ টেবিল-চামচ, কুচি করা রসুন ২টি, জিরার গুঁড়া আধা চা-চামচ, শুকনা মরিচ গুঁড়া ১ চা-চামচ, ফুলকপি ছোট ১টি, সবুজ ক্যাপসিকাম ১টি, লাল ক্যাপসিকাম ১টি, বেবিকর্ন ২টি, শসা ২টি, খোসা ছাড়ানো চিংড়ি ১২টি, পেঁয়াজপাতা সাজানোর জন্য।প্রণালি: পেঁয়াজ ছোট টুকরা করে নিতে হবে। বড় সসপ্যানে তেল গরম করে পেঁয়াজ দিয়ে নেড়েচেড়ে নিতে হবে। রসুন ও অন্য সব মসলা দিতে হবে। ক্যাপসিকামগুলো ছোট টুকরা করে নিতে হবে। তারপর পেঁয়াজের সঙ্গে জ্বাল দিয়ে ভালো করে রান্না করতে হবে। পেঁয়াজপাতা কুচি দিতে হবে। এর সঙ্গে ফুলকপি কুচি করে দিতে হবে। টমেটো কুচি করে নিয়ে ৩ থেকে ৪ মিনিট জ্বাল দিয়ে নিতে হবে। এবার লবণ এবং গোলমরিচ এবং শেষে ধনেপাতা দিয়ে নামাতে হবে।চিংড়ি রান্নার জন্য: একটি পাত্রে তেল নিয়ে বেশি জ্বালে চিংড়িগুলো ভেজে নিতে হবে। তারপর সবজির সঙ্গে সব চিংড়ি দিয়ে নেড়েচেড়ে পরিবেশন।প্যানকেকের জন্য উপকরণ: ডিম ২টি, ময়দা ২ কাপ, দুধ ১ কাপ, পানি পরিমাণমতো, লবণ এবং কালো গোলমরিচ পরিমাণমতো, তেল ৬ টেবিল-চামচ, ধনেপাতা কুচি ৩ টেবিল-চামচ।প্রণালি: একটি পাত্রে ডিম দিতে হবে। সঙ্গে ময়দা, দুধ, লবণ ও কালো গোল মরিচ দিয়ে ১ চা-চামচ তেল দিয়ে মাখাতে হবে। সব উপকরণ ভালো করে ব্লেন্ড করে নিতে হবে। তারপর ধনেপাতা দিতে হবে। রান্না করার আগে আধঘণ্টা রেখে দিতে হবে। ফ্রাইপ্যানে সামান্য তেল দিয়ে গরম করে নিতে হবে। সিকি কাপ মাখন দিতে হবে, প্যানটা ভালো করে ঘুরিয়ে মাখন ছড়িয়ে দিতে হবে, যাতে মাখন চারপাশে লাগে। এতে প্যানকেক মিশ্রণ দিয়ে কেক বানিয়ে নিতে হবে। হয়ে গেলে সবজি-চিংড়িকারি প্যানকেকের ভেতর ভরতে হবে। তারপর পেঁয়াজপাতা দিয়ে মুড়িয়ে গরম গরম পরিবেশন।