চেনা পথ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
অলংকরণ: মাসুক হেলাল
অলংকরণ: মাসুক হেলাল

স্কুলের এই পথটা আমার কাছে এতটাই পরিচিত যে কেউ যদি চোখে রুমাল বেঁধে দিয়ে বলে, সুহাস তুমি স্কুলে যাও, আমি যেতে পারব। পথের প্রতিটি ইট আমার মুখস্থ। প্রতিদিন দেখি দোকানটায় হাসিমুখে চা বানায় কাশেম ভাই। কিছু দূর পর অন্ধ দাদুর দেখা মেলে। আরও কিছু দূর গেলে দেখি রুদমিলাদের প্রাইভেট কার। রুদমিলা অলস ভঙ্গিতে গাড়িতে বসে থাকে তার আব্বুর জন্য। আর আমাকে দেখে হাসিমুখে হাত নাড়ায়। ওর হাসির মধ্যে আলাদা একটা বিশেষত্ব আছে। দেখলেই মনটা ভালো হয়ে যায়। কিন্তু এত কিছুর পরও যে জিনিসটি আমার কাছে আলাদা চিত্তাকর্ষক, তা হলো জিলানী স্টোরের ওই কালো স্কুলব্যাগটি। স্বচ্ছ কাচের দরজার ওপাশে শেলফে সাজানো ব্যাগটির দিকে প্রতিদিন একবার করে তাকাই আমি। স্কুল থেকে এসে প্রতিদিন ভাবি, আব্বুকে সাহস করে বলি, আব্বু আমাকে একটা স্কুলব্যাগ কিনে দিবা? কিন্তু রক্ত-মাংসের ছোট এই শরীরের মাঝে চেতনাটি ঠিকমতো কাজ করত কি না, জানি না। তবু কী একটা পিছুটান কাজ করত। সেটা হয়তো আমার ছাপোষা বাবার কম আয়, নয়তো অন্য কিছু—জানি না।
আম্মুকে একদিন সাহস করে বলেই ফেললাম আমার ব্যাগ কেনার ইচ্ছার কথা। আম্মু বলল, নেক্সট ফাইনাল এক্সামে যদি ফার্স্ট হও, ভেবে দেখব। আমার জন্য ক্লাসে ফার্স্ট হওয়াটা কঠিন হলেও অসম্ভব ছিল না। রুদমিলাকেও একদিন বললাম। সে আমাদের ক্লাসের ফার্স্ট গার্ল। সবকিছুতেই সে হাসে। আমি একদিনও স্কুল কামাই করি না। রাস্তার একপাশে জিলানী স্টোরের কাচে ঘেরা সেই স্কুলব্যাগটি আমাকে বারবার কী যেন মনে করিয়ে দেয়। রাস্তার আরেক পাশে পার্ক করা গাড়ির কাচের ভেতর রুদমিলা হাত নাড়ায়। কাচে ঘেরা ব্যাগ আর রুদমিলা, রাস্তার এপার-ওপারের দুই দুনিয়ার মাঝে আমার তখন নিজেকে অস্তিত্বহীন মনে হয়। আমার কাঁধে ভারী ব্যাগটা আমাকেই নিতে হয়, আমাকে ছুটির পর কেউ ক্যাটবেরি কিনে দেয় না। রুদমিলা কত সুখী! আমি এসব কথা ভাবি আর ভাবতে ভাবতে স্কুল গেটে চলে আসি কখন, টেরই পাই না। আব্বুর বেতনটা খুবই সামান্য। মাঝেমধ্যে আমার ছোট মনটায় মনে হয়, আমার আব্বু যদি রুদমিলার আব্বুর মতো ধনী হতো, তাহলে হয়তো আমি জিলানী স্টোরের ওই ব্যাগটার মালিক হতে পারতাম। পড়ছি। হ্যাঁ, আমি খুব পড়ছি। অন্তত জিলানী স্টোরের ব্যাগটার জন্য পড়ছি।
সেবার ফলাফলে আমিই প্রথম হয়েছিলাম। কিন্তু বাসায় তা বলায় আব্বু কতগুলো সাদা মিষ্টি নিয়ে এল। আব্বু খুবই খুশি। কিন্তু আম্মুর সেই নির্লিপ্ত চোখ দুটি সেদিন আমায় অনেক কিছুই শিখিয়েছিল। আমি হাসিমুখে আব্বুর আনা সাদা মিষ্টি খেয়েছিলাম। এরপর কত বার্ষিক পরীক্ষার রেজাল্ট দিয়েছে। রুদমিলা আর কখনোই ফার্স্ট হয়নি। আমিই ফার্স্ট হয়েছিলাম। কিন্তু জিলানী স্টোরের সেই স্কুলব্যাগটি কাঁধে নেওয়ার সৌভাগ্য আমার হয়নি।
আজ এক যুগের বেশি সময় পর আমি দেশে ফিরেছি। আমেরিকার নর্থ ডাকোটা ইউনিভার্সিটি থেকে পিএইচডি শেষে। রাস্তায় হাঁটছি আর খুঁজছি জিলানী স্টোরকে। ছোট সেই জিলানী স্টোরের জায়গায় এখন বিশাল অ্যাপার্টমেন্ট কমপ্লেক্স। রুদমিলাদের বাসার ঠিকানাটা মিলল। রুদমিলা এখনো হাসিখুশি। আমাকে দেখে শুধু এখন আর হাত নাড়ায় না সে... পাওয়া না-পাওয়ার গল্প...
ফয়সাল আহমদ চৌধুরী
তড়িৎ ও ইলেকট্রনিকস প্রকৌশল চুয়েট, চট্টগ্রাম