চেনা পাখিটি হারাল কোন অজানায়। পথ চেয়ে চেয়ে ক্লান্ত হয়ে ফেরে চোখ অমানিশায়।আমার স্বপ্নপুরীটায় আজ আর চুড়ির রিনঝিন শব্দ ওঠে না। উচ্ছল প্রাণবন্ত মেয়েটি সুচিন্তিতার মিষ্টি হাসিতে গড়িয়ে পড়ে না।আমরা দুজন মা-বাবা বেঁচে আছি। বড় মেয়ে শামা দূর প্রবাসে। একাকী নিঃসঙ্গ বসবাস। মা-বাবা বেঁচে থাকতে সন্তানের লাশ কাঁধে নিতে হয়েছে। এত ভারী, এত বেদনার এই চলে যাওয়া। একদিন সবাইকেই চলে যেতে হবে। এ অমোঘ সত্যি।পৃথিবীর আয়োজন সাঙ্গ হলে সূর্যটা শেষ বিকেলের গোধূলি আলোর বর্ণচ্ছটায় নানা রঙের ছোপ ছেপে ছবি আঁকে। অপরূপ সেই অনুভব! চেয়ে রই, টুশি কি ওই আলোর মধ্য দিয়ে পৃথিবীটাকে দেখছে! কী জানি?এত তাড়াতাড়ি পৃথিবী ছেড়ে চলে গেল স্রষ্টার বিধানমতো। রেখে গেল এত রিক্ততা, এত বিষণ্নতা।টুশি, মানে রোজীনা মুস্তারীন টুশি। প্রথম আলো যার সবটুকু ভালোবাসার স্থানে ছিল। প্রথম আলোর আনন্দ পাতাটা যার ছোঁয়া পেয়ে হেসে উঠত। নকশার প্রতিটি পাতায় তার উচ্ছল আনন্দধারা চুইয়ে চুইয়ে পড়ত।ষোলোই ডিসেম্বর বিজয় দিবসে তার বিয়ের কথা হয়েছিল। ও বলত, ‘বিজয় দিবসে সবাই আমাদের বিয়েবার্ষিকী পালন করবে।’ পয়লা বৈশাখ আমাদের বিয়েবার্ষিকী। টুশির সেটা খুব ভালো লাগত। ও বলত, ‘সব বাঙালিই তোমাদের বিয়েবার্ষিকীতে আনন্দিত।’কী অমোঘ নিয়তি! সবকিছু মিথ্যা করে দিয়ে আমাদের আনন্দবাতি ফুঁ করে নিভিয়ে দিয়ে দূর আকাশের তারা হয়ে গেল টুশি।না-ফেরার দেশে গিয়ে কেমন আছে টুশি। বড় জানতে ইচ্ছে হয়, যে পৃথিবী সম্পর্কে আমরা কিছুই জানি না। টুশির জন্মদিন ৮ এপ্রিল, ১৯৭৮। মৃত্যু ২৭ এপ্রিল, ২০০২।এই সুন্দর মধুময় ধূলিভরা সবুজ-অবুঝ-শ্যামল বাংলাদেশ। আমাদের এত ভালোবাসায় ভরা পৃথিবী একটি ছোট নিবাস মাত্র। সব কাজ শেষে চলে যেতে হয় সবাইকেই।টুশির খুব পছন্দের লেখক মুহম্মদ জাফর ইকবাল, সত্যজিৎ রায় আর হুমায়ূন আহমেদ। হুমায়ূন আহমেদ চলে গেলেন না-ফেরার দেশে। টুশির সঙ্গে কি কথা হয় মৃত্যুঞ্জয়ী লেখক হুমায়ূন আহমেদের। জানি না। মমতাময়ী মা তাঁর সন্তানকে চোখের জলের নদীতে বিদায় জানিয়েছিলেন। এই তো পৃথিবী, মায়াভরা খেলার পৃথিবী। এক, দুই, তিন দিন। তারপর। তার কে কোথায়? সীমাহীন শূন্যতায় আবারও পথ কাটা।লেখক: রোজীনা মুস্তারীনের মা