চেনা সুরে ভাসালেন আইয়ুব বাচ্চু

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
গানে গানে দর্শক মাতালেন আইয়ুব বাচ্চু। ৩ ডিসেম্বর সন্ধ্যায় নগরের শিল্পকলা একাডেমির অনিরুদ্ধ মুক্তমঞ্চে শীতার্ত মানুষের সহায়তায় আয়োজিত কনসার্টে গান পরিবেশন করেন তিনি l প্রথম আলো
গানে গানে দর্শক মাতালেন আইয়ুব বাচ্চু। ৩ ডিসেম্বর সন্ধ্যায় নগরের শিল্পকলা একাডেমির অনিরুদ্ধ মুক্তমঞ্চে শীতার্ত মানুষের সহায়তায় আয়োজিত কনসার্টে গান পরিবেশন করেন তিনি l প্রথম আলো

‘সেই তুমি কেন এত অচেনা হলে...চলো বদলে যাই’—শিল্পী আইয়ুব বাচ্চুর কণ্ঠে চেনা সেই সুর। হাজার খানেক তরুণ-তরুণী তখন দুই হাত তুলে গলা মেলাচ্ছেন তাঁর সঙ্গে। প্রতিটি গানেই জমিয়ে তোলেন তিনি। আইয়ুব বাচ্চুর পাশাপাশি গানে গানে মাতায় চট্টগ্রামের ব্যান্ডদলগুলোও।
শীতার্ত মানুষের সাহায্যে উন্মুক্ত কনসার্টের আয়োজন করে চিটাগাং মিউজিক্যাল ব্যান্ড অ্যাসোসিয়েশন (সিএমবিএ)। ৩ ডিসেম্বর নগরের শিল্পকলা একাডেমির অনিরুদ্ধ মুক্তমঞ্চে আয়োজিত কনসার্টে আইয়ুব বাচ্চু ছাড়াও চট্টগ্রামের নয়টি ব্যান্ডদল অংশ নেয়। শিল্পীরা সুরের উষ্ণতায় শীতার্ত মানুষের পাশে দাঁড়ানোর আহ্বান জানান।
‘গান শুনুন আর শীতার্তদের সাহায্যে এগিয়ে আসুন’ শিরোনামের কনসার্টে বিজয়ের মাসকে স্মরণ করে শিল্পীরা গাইলেন সব বাংলা গান। আয়োজন উদ্বোধন করেন সিএমবিএ সভাপতি মোহাম্মদ আলী। প্রধান অতিথি ছিলেন দৈনিক পূর্বকোণ-এর সম্পাদক তসলিমউদ্দিন চৌধুরী। অতিথি ছিলেন প্রথম আলোর যুগ্ম সম্পাদক বিশ্বজিৎ চৌধুরী, দৈনিক আজাদীর পরিচালনা সম্পাদক ওয়াহিদ মালেক, সাবেক সভাপতি সুব্রত বড়ুয়া ও আহমেদ নেওয়াজ। শুভেচ্ছা বক্তব্য দেন সিএমবিএ সহসভাপতি সেলিম জাহান ও সাধারণ সম্পাদক ইকবাল হোসেন।

কনসার্টে শীতার্ত মানুষের জন্য অর্থ সংগ্রহ কর্মসূচি উদ্বোধন করেন অতিথিরা
কনসার্টে শীতার্ত মানুষের জন্য অর্থ সংগ্রহ কর্মসূচি উদ্বোধন করেন অতিথিরা

কথামালায় বক্তারা বলেন, যুদ্ধবাজ বিশ্বজুড়ে যতই রক্তচক্ষু দেখাক; সাম্প্রদায়িকতা, হিংসা, হানাহানি আর বারুদের গন্ধে যতই ভরে উঠুক চারপাশ, শেষ পর্যন্ত জয় হয় মানুষের। জয় হয় মানবতা ও সাম্যের।
কথামালার পর শুরু হয় গান। শুরুতে সাম্রাজ্য ব্যান্ডদল পরিবেশন করে নিজেদের গান ‘আরেকটা গোধূলি দাও আমাকে’। এই গানটির পর তারা গাইল জেমসের জনপ্রিয় গান ‘আমি তারায় তারায় রটিয়ে দেব তুমি আমার’। জেমসের এই গানটি মাতিয়ে তোলে দর্শকদের। এরপর আসে ব্যান্ডদল চাটগাঁও। তারাও পরিবেশন করে নিজেদের গান ‘কষ্ট পেতে ভালোবাসি, কষ্ট দিতে নয়’। এরপর পরিবেশন করে ‘কেন পিরিতি বাড়াইলা রে বন্ধু ছেড়ে যাইবা যদি’। এ ছাড়া গান শোনায় ব্যান্ড দল অনুশীলন, তরী, ফিউচার, নেক্সাস, অর্ধায়ু।
এবার মঞ্চে আসেন আইয়ুব বাচ্চু। এই সময় তুমুল করতালিতে মুখর হয়ে ওঠে শিল্পকলা একাডেমি প্রাঙ্গণ। আইয়ুব বাচ্চু বলেন, ‘আমি চট্টগ্রামের সন্তান। তাই চট্টগ্রামের ডাক উপেক্ষা করতে পারি না। চট্টগ্রামবাসীর সুখে–দুঃখে সব সময়ই ছিলাম, ভবিষ্যতেও থাকব। তবে গান শোনার পাশাপাশি আমাদের অর্থ সংগ্রহের কাজও চলবে।’
তিনি পরিবেশন করেন চারটি গান। পরপর গেয়ে শোনান ‘ভালোবাসা কখন যে আমায় একা করে দিল’, ‘আমায় ছাড়া কত দিন রবে’, ‘আমি তো প্রেমে পড়িনি, প্রেম আমার উপরে পড়েছে’। শেষ করেন ‘সেই তুমি কেন এত অচেনা হলে’ গেয়ে।
আইয়ুব বাচ্চুর পর মঞ্চে আসে ব্যান্ডদল দ্য ট্রি। তারা পরিবেশন করে ‘প্রতিটি নির্ঘুম রাত শেষে আমার দেখা ভোর’, ‘যদি আমি বলি তোমাকে’ ও জেমসের জনপ্রিয় গান ‘সুন্দরীতমা আমার’। সবশেষে গান নিয়ে আসে ব্যান্ডদল ‘বে অব বেঙ্গল’। তারা পরিবেশন করে ‘নীরব দুর্ভিক্ষ’, ‘আকাশটা মেঘলা করেছে’, ‘যে শহরে আমি নেই’ ও ‘দুই হাত তুলে, জ্যোৎস্না স্নানে তোমাকে জানাই আমন্ত্রণ’। এরপর শিল্পীরা নতুন আঙ্গিকে গাইলেন রবীন্দ্রসংগীত ‘পুরানো সেই দিনের কথা ভুলবি কি রে হায়’। এই পরিবেশনার মাধ্যমে শেষ হয় কনসার্ট।