চেনা হাওয়া

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

আমাদের গ্রামে তখনো বিদ্যুৎ পৌঁছায়নি। জ্যৈষ্ঠ মাসের রাতে যখন বাতাস বন্ধ হয়ে যেত, মা রাত জেগে হাতপাখায় বাতাস করত! আমরা পাঁচ ভাইবোন আরামে ঘুমাতাম, জেগে থাকত মা! এই সময়টায় মাঝে মাঝে দমকা হাওয়া বয়ে যেত, এখনো যায়। আমরা আমাদের বাড়ির খোলা উঠানে বসে বাতাসে গা ভাসিয়ে দিতাম রাতের বেলা। আপারা রাজা-বাদশাহ, ভূত-প্রেতের গল্প করত, আমরা মনোযোগ দিয়ে শুনতাম। সে এক অন্য রকম ভালো লাগা! মাঝে মাঝে ভয়ে শীতল হয়ে যেত সমস্ত শরীর! চাঁদনি রাতে দু-একজন বন্ধু মিলে মেঠো রাস্তায় হাঁটতে বের হতাম। যত দূর মন চাই হাঁটতাম, গল্প করতাম। শিরশির করে বয়ে যেত বাতাস, এই বাতাস যেন কত আপন, কত চেনা!
অনেকটা দিন পার হয়ে গেছে। আপাদের বিয়ে হয়ে গেছে, ওদের ছেলেমেয়েদের এখন শৈশব! বাড়িতে বিদ্যুৎ এসেছে সেই কবে; তবে বাড়িতে থাকা হয় না আর।
এখন সেই জ্যৈষ্ঠ মাস। রাতের বেলা বিদ্যুৎ চলে গেলে তিন তলা ছাদে উঠি। একা নীরবে বসে থাকি। দমকা বাতাস বয়ে যায়, সেই চিরচেনা পুরোনো বাতাস, সেই শৈশবের বাতাস! মন খারাপ হয়ে যায়। কত সুন্দর ছিল সেই দিনগুলো! এখন আর কেউ হাতপাখার বাতাস করে না, কেউ আর খোলা উঠানে বসে জমায় না গল্পের আসর! চাঁদনি রাতে মেঠো রাস্তায় মাইলের পর মাইল হাঁটা হয় না কারও সঙ্গে...।
গাজী তৌহিদ
যশোর