
বছর দুয়েক আগে, সাভার সিটি সেন্টারে এসেছি, কিছু কেনাকাটা করব। এক দোকান থেকে আরেক দোকান ঘুরছি। হঠাৎ দেখি আমার পেছন পেছন এক যুবক ঘোরাঘুরি করছে। মনে সন্দেহ হলো। যুবকটির দিকে প্রশ্নবোধক দৃষ্টি নিয়ে তাকাতেই সে খানিক কাঁচমাচু হয়ে আমার দিকে এগিয়ে এল। জানতে চাইল, ‘মনে কিছু নেবেন না, আপনি কি অভিনয় করেন?’
প্রশ্ন শুনে ভ্যাবাচ্যাকা খেলেও বললাম, ‘না ভাই, আমি অভিনয় করি না।’ যুবকটি ‘স্যরি’ বলে চলে যায়।
একদিন রাজ্জাক প্লাজার দক্ষিণ পাশের গলি দিয়ে যাচ্ছিলাম। এক তরুণ ফল বিক্রেতা আমাকে দেখে অনুরোধ করে, ‘স্যার, একটু দাঁড়াবেন?’ আমি দাঁড়াই। ছেলেটি আমার কাছে আসে। বলল, ‘স্যার, আমার খুব শখ আমি টিভিতে অভিনয় করি, আপনি কি আমাকে একটা সুযোগ দিতে পারেন?’
তার অনুরোধ শুনে আমি আকাশ থেকে পড়ি। ছেলেটিকে বললাম, তুমি বোধ হয় কোথাও ভুল করছ। আমি নাটকের লোক নই।
আমার কথা ছেলেটি মোটেও বিশ্বাস করেছে বলে মনে হয়নি সেদিন।
আরেক দিন রাত ১২টার বাসে মৌলভীবাজার থেকে ঢাকা ফিরছিলাম। বাসের চালকের ঠিক পেছনের সিট দুটিতে আমি আর আমার বন্ধু শাহিন বসে ছিলাম। খানিক পর খেয়াল হলো চালক কি যেন বলছেন তাঁর হেলপারকে। শাহিন আমাকে ইশারা দিয়ে বললেন, ড্রাইভার কী বলছেন তা শোনার জন্য। বুঝতে পারি আমাকে নিয়ে তাঁদের মধ্যে আলাপ হচ্ছে।
তত দিনে অবশ্য আমি বুঝে গেছি মানুষ আমাকে দেখে এ রকম প্রতিক্রিয়া কেন করে। তাই ড্রাইভারের সঙ্গে মজা করতে আমি বরিশালের আঞ্চলিক ভাষায় বলে উঠি, ‘মোর বাড়ি কাউয়ার চর...।’ আমার কথা শোনার সঙ্গে সঙ্গে ড্রাইভার হা হা করে হেসে উঠে তাঁর হেলপারকে বলেন, ‘কিরে, আমি ঠিক বলিনি?’
বাস যখন গাবতলী এসে থামে, তখন শুনি বাসের হেলপার আরেক বাসের হেলপারকে চিৎকার করে জানাচ্ছে, ‘এই ফজলু দেখ দেখ, আমাদের গাড়িতে কে এসেছে!’
আমাদের ফ্যাক্টরির জাহাঙ্গীর নামের সিনিয়র সুইং অপারেটর, একদিন আমার কাছে আসে। সালাম জানিয়ে বলে, ‘স্যার, এত বছর আপনার সঙ্গে কাজ করে এসেছি কিন্তু একদিনও আপনি আমাদের জানাননি যে আপনি নাটকে অভিনয় করেন।’
বুঝলাম এই লোকটিও আমাকে ভুল বুঝেছে।
এখন তো আমার ওজন বেড়ে গেছে কিন্তু তারপরও সেদিন বাজারে একজন এসে সালাম দিয়ে হ্যান্ডশেকের জন্য হাত বাড়িয়ে দিয়ে বলল, ‘আমি শাহজাহান ভূঁইয়া, এই এলাকায় থাকি।’ আমি মনে করেছি তিনি বোধ হয় এলাকার প্রতিবেশী হবেন, যাঁকে আমি আগে দেখিনি। বললাম, আপনাকে তো চিনতে পারছি না? তিনি বললেন, ‘আপনি আমাকে না চিনলেও আপনাকে আমি ভালো করে চিনি। আপনিই তো সিকান্দার বক্স নাটকে অভিনয় করেন তাই না?
মুনিম সিদ্দিক
মৌলভীবাজার, সিলেট