চেন্নাইয়ের রোশনাই

গত ৩ অক্টোবর, ভারতের চেন্নাই বিমানবন্দরে আমাদের উড়োজাহাজ যখন নামল, তখন প্রায় সন্ধ্যা সাড়ে ছয়টা। ইমিগ্রেশন পেরোনোর আনুষ্ঠানিকতা শেষ হলো খুব দ্রুতই। বের হওয়ার পথে দেখি, সদ্য নেমে আসা বিমানযাত্রীদের বরণ করে নিতে অনেকেই নাম লেখা প্ল্যাকার্ড হাতে দাঁড়িয়ে আছেন। দুই মাস আগেই আমাদের দলের সাত সদস্যের জন্য দ্য রেসিডেন্সি টাওয়ার হোটেলে রুম বুক করে রেখেছি। আমাদের নিতে একজন গাড়িচালকের আসার কথা। অথচ কোনো প্ল্যাকার্ডেই আমার নাম চোখে পড়ছিল না।
পুরো বিমানবন্দর আঁতিপাঁতি করে খুঁজেও যখন আমাদের নিতে আসা ভদ্রলোকের দেখা পাওয়া গেল না, হোটেল কর্তৃপক্ষের ওপর খানিকটা রাগই হলো। একে তো ভ্রমণক্লান্তি, তার ওপর এই হ্যাপা। হোটেলের ঠিকানাও হাতের কাছে নেই। আইপ্যাড ঘেঁটে বের করতে হলো। ট্যাক্সি ডেকে নিজেদের ব্যবস্থা যখন নিজেরাই করে ফেলেছি প্রায়, তখন মহাশয় এসে হাজির! পরনে গাড়িচালকের পোশাক, হাতে আমার নাম লেখা প্ল্যাকার্ড। ইংরেজিতে বললেন, ‘স্যার, আপনারা বোধ হয় আমার গাড়ির যাত্রী।’
‘কোথায় ছিলে তুমি? এই বুঝি চারতারা হোটেলের নমুনা?’ বিরক্তি চেপে না রেখেই বললাম।
ড্রাইভার খুবই বিনীত ভঙ্গিতে বললেন, ‘স্যার, ভুল বুঝবেন না। আমি ঠিক সময়ই এসেছি। আপনাদের বিমান নির্ধারিত সময়ের আগেই অবতরণ করেছে।’ ঘড়ি দেখে বুঝলাম, তাঁর কথা ঠিক। আমাদের আরও প্রায় আধঘণ্টা আকাশে থাকার কথা ছিল। বিমানচালক নিশ্চয়ই মেঘের ফাঁকে ‘গলি-ঘুপচি’ দিয়ে শর্টকাট রাস্তায় আমাদের পৌঁছে দিয়েছেন!
চেন্নাইয়ে আমি আগেও গিয়েছি, আইপিএলএর ফাইনাল খেলা দেখতে। তবে এবারের ভ্রমণের কারণ যেমন ভিন্ন, তেমনি অভিজ্ঞতাও।
‘ব্রিজ’ হলো সেতু
প্রথমত, আমাদের দেশের অনেকেই জানেন না, সারা বিশ্বের বিভিন্ন দেশ থেকে আসা ১৩৬টি দল নিয়ে সম্প্রতি হয়ে গেল ব্রিজ বিশ্বকাপের বাছাইপর্ব—দশম ট্রান্সন্যাশনাল ওয়ার্ল্ড ওপেন ব্রিজ টুর্নামেন্ট। অনেকে চোখ কপালে তুলে বলেন, ‘তাস খেলার আবার বিশ্বকাপ!’ হ্যাঁ, এই বিশাল আয়োজনে অংশ নিতেই চেন্নাই গিয়েছিলাম আমরা—সাত সদস্যের দল। দলনেতা আমি। সঙ্গে ছিলেন মোহাম্মদ আসাদুজ্জামান, মোহাম্মদ সালাহউদ্দিন, আলি আহমেদ, শেখ আমিনুর রহমান, হাসিনুর রহমান তালুকদার ও আলোকচিত্রী জনি ঘোষ।
আমাদের দেশে তাস খেলাটাকে সাধারণত ভালো চোখে দেখা হয় না। আমি বিশ্বাস করি ব্রিজ হলো মেধার খেলা, ভাগ্যের খেলা নয়। খেলাটাকে স্রেফ ‘খেলা’ হিসেবে নিলে সব খেলাই রোমাঞ্চকর, নির্মল আনন্দদায়ক। আবার খেলার বাইরে অন্য অসৎ উদ্দেশ্য থাকলে যেকোনো খেলাই অপ্রীতিকর হতে পারে। ওয়ার্ল্ড ব্রিজ ফেডারেশনের আয়োজনে সদস্য দেশগুলোকে আট ভাগে ভাগ করে বহু বছর ধরেই এই বিশ্বকাপ হয়ে আসছে। সারা বিশ্বের নির্বাচিত মোট ২২টি দেশের দল নিয়ে হয় মূল বিশ্বকাপ। বাছাইপর্বে অংশ নিতেই আমরা এই আসরে আমন্ত্রণ পেয়েছিলাম। প্রতিযোগিতা শেষে ১৩৬টি দলের মধ্যে আমাদের অবস্থান ছিল ৫৩তম। ফলাফল
যা-ই হোক, এতগুলো দেশের মানুষের সঙ্গে এক ছাদের নিচে দেখা হলো, ভাব বিনিময় হলো, এটাই বা কম কিসে!
এবারের আয়োজক ভারত। প্রতিযোগিতা হয়েছে আইটিসি গ্র্যান্ড চোলা নামে চেন্নাইয়ের একটি সাততারা হোটেলে। বিরাট আয়োজন! দুই বছর আগেই হোটেলের উদ্বোধন হয়েছে, অথচ নির্মাণশৈলী দেখে মনে হয় এক-দেড় শ বছরের পুরোনো কোনো স্থাপনা। বিশাল হলরুমের মধ্যে কোথাও কোনো পিলার নেই। অত বড় ছাদটা কীভাবে ধরে রেখেছে, কে জানে! হোটেলের কর্মী থেকে শুরু করে রাস্তায় ট্রাফিক পুলিশ পর্যন্ত প্রত্যেকেই আমাদের খুব সহযোগিতা করেছেন। গলায় ঝোলানো পরিচয়পত্র দেখেই বলছিলেন, ‘ও, আপনারা ব্রিজ খেলতে এসেছেন!’ দেখলাম, চেন্নাইয়ের অধিকাংশ লোকই ভালো ইংরেজি জানে। আরও একটা ব্যাপার অবাক করল। ব্রিজ বিশ্বকাপের সমাপনী অনুষ্ঠানে প্রথমে বাজল তামিলনাড়ুর রাজ্য সংগীত (স্টেট সং), তারপর ভারতের জাতীয় সংগীত। ভারতে প্রতিটা রাজ্যের যে আলাদা রাজ্য সংগীত আছে, এই তথ্য আমি আগে জানতাম না।
এবং ক্রিকেট

চেন্নাই এক্সপ্রেস ছবিতে শাহরুখ খান যতই ‘লুঙ্গি ড্যান্স’ নাচুন না কেন, চেন্নাই কিন্তু লুঙ্গির জন্য বিখ্যাত নয়। এখানকার বিখ্যাত হলো কাঞ্চিপুরাম শাড়ি। আগামী ডিসেম্বরে আমার ছেলের বৌভাতের অনুষ্ঠান হবে। উপলক্ষ যেহেতু একটা আছে, শাড়ি কেনার সুযোগটা হাতছাড়া করিনি। নাল্লি চিন্নাসামি চেটি নামের প্রসিদ্ধ শাড়ির দোকানটাতে ঢোকার আগেও জানতাম না, আমার জন্য একটা বড় চমক অপেক্ষা করছে।
বিশাল দোকান। প্রতিষ্ঠিত সেই ১৯২৮ সালে। সেখানে আমি কথা বলছিলাম একজন মধ্যবয়স্ক বিক্রেতার সঙ্গে। কথাবার্তা একটু এগোতেই তিনি ইংরেজিতে বললেন, ‘আপনার নাম তো মোহন। আপনি “দুরন্ত রাজশাহী” দলের মালিক।’ আমি পুরো থ! ভারতের লোকজন ক্রিকেটের খবর রাখে জানি, তাই বলে এতটা আশা করিনি। ক্রিকেটপ্রেমী সেলসম্যানের সঙ্গে বেশ খানিকক্ষণ আলাপ হলো। আগের দিনই ভারত দক্ষিণ আফ্রিকার কাছে মাত্র ৯২ রানে অলআউট হয়ে গিয়েছিল। মন খারাপ করে বিক্রেতা বলছিলেন, ‘আপনাদের দল যেন আমাদের মতো না খেলে!’
শাড়ির দোকান আর হোটেল ছাড়া খুব বেশি ঘোরাঘুরির সুযোগ পাইনি। টুর্নামেন্ট শেষে দেশে ফিরেছি ১১ অক্টোবর। যাওয়ার পথে আধঘণ্টা আগে পৌঁছানোর ঘটনা পুষিয়ে দিতেই বোধ হয়, ফেরার সময় বিমান ঢাকায় অবতরণ করেছিল আধঘণ্টা দেরিতে!
লেখক: সভাপতি, বাংলাদেশ ব্রিজ ফেডারেশন