চেপে রেখো না আপন ব্যথা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
.
.

১০ অক্টোবর প্রথম আলো অনলাইন সংস্করণে ‘মা ছাড়া কেমন আছে চর্যা?’ লেখাটা পড়লাম। চর্যা আমাদেরই এক সহকর্মীর মেয়ে। মাত্র ১০ বছর বয়স। তিন বছর আগে স্তন ক্যানসারে আক্রান্ত হয়ে মারা গেছেন তার মা। বাবাই এখন মা-বাবা দুজনের ভূমিকায় বড় করছেন তাকে। প্রতিবেদনটিতে মা-হারা এই শিশুর দিনলিপি তুলে ধরা হয়েছে।
লেখাটি আমার হৃদয় স্পর্শ করে গেল। চর্যার জায়গায় নিজের চার বছর বয়সী ছেলের মুখ দেখতে পাচ্ছিলাম বারবার। আর চর্যার মায়ের জায়গায় ভাবছিলাম নিজেকে। বুকের ভেতরটা কেঁপে উঠল এই ভেবে যে, আমি না থাকলে কী হবে আমার অবুঝ শিশুটির। সারা দিন সে আমার অপেক্ষায় থাকে। কখন মা অফিস থেকে বাড়ি ফিরবে পথ চেয়ে বসে থাকে। আমি বাড়ি ফিরলে রাজ্যের গল্প নিয়ে হাজির হয়। চর্যার মতো আমার ছেলেকেও বিষণ্ন সময় কাটাতে হবে আমাকে ছাড়া? নিজের জীবনের এক কষ্টের কথা মনে পড়ে গেল। দেড় বছর ভুগতে হয়েছে। শারীরিক যন্ত্রণার পাশাপাশি মানসিক কষ্ট ছিল সমানতালে। না, আমার ক্যানসার হয়নি। তবে স্তনসংক্রান্ত এক জটিলতার শিকার হতে হয়েছে আমাকে। ভুল চিকিৎসার ক্ষত বয়ে বেড়াতে হচ্ছে।
ভেবেছিলাম নিজের এই দুর্ভোগের কথা নিয়ে কখনো আলোচনা করব না। এ নিয়ে লেখার তো প্রশ্নই আসে না। মনে হতো, স্তনসংক্রান্ত কিছু নিয়ে বলা, লেখা লজ্জার ব্যাপার। এই ভাবনা মস্তিষ্কের কোথায় যেন শিকড় গেড়ে বসেছিল। বহুদিন ধরে তা লালন করে আসছি ‘সযত্নে’। তবে চর্যাকে নিয়ে লেখাটি মস্তিষ্কের সেই ভাবনাটিকে যেন নাড়া দিয়ে গেল। উসকে দিল তা ভেঙে বেরিয়ে আসতে। তাই আজ নিজের কথা লিখছি। সেই সব মেয়ের জন্য, যাঁরা নিজের রোগ লুকিয়ে রাখেন। এই লুকিয়ে রাখার প্রবণতার কারণে যাঁরা সময় থাকতে সঠিক চিকিৎসা নিতে পারেন না।
দেড় বছর আগে ঠিক চর্যার মায়ের মতো ব্যস্ত সময় কাটাচ্ছিলাম আমি। একদম সত্যি যে নিজের জন্য ১০টা মিনিট সময় ছিল না আমার। প্রচুর কাজের মধ্যেও স্তনে ব্যথা অনুভব করতাম। বলিনি কাউকে। মনকে বোঝাতাম, তেমন কিছু না। সেরে যাবে। অনেক সময় এমনি এমনি ব্যথা সারে।
হঠাৎ করে একদিন দেখলাম স্তনের বড় একটা অংশ শক্ত হয়ে আছে। ভয় পেলাম খুব। সেদিনই তাড়াতাড়ি চিকিৎসকের কাছে গেলাম। যে ব্যস্ততার অজুহাতে ডাক্তারের কাছে যাইনি, তীব্র ভয় সেই ব্যস্ততাকে ফুঁ দিয়ে উড়িয়ে দিল। তাই ডাক্তার দেখানোর সময় বের করতে পারলাম।
নামী এক ডাক্তারের কাছে গেলাম। ডাক্তার বললেন, বাচ্চাকে বুকের দুধ খাওয়ানোর পরও অনেক সময় স্তনে দুধ জমে থাকে। আপনার তাই হয়েছে।
তিনি ওষুধ দিলেন। ব্রেস্ট স্ক্যানসহ নানা পরীক্ষা-নিরীক্ষা করলেন। পরীক্ষায় তেমন কিছু মিলল না। সন্তুষ্ট মনে ওষুধ খাওয়া শুরু করলাম। ওষুধ চলল এক মাস।
কিন্তু ব্যথা যায় না। জমাট বাঁধা অংশটা বড় একটা ফোঁড়ার মতো হয়ে পেকে যেতে থাকল। এবার বেশ ভয় লাগল। গেলাম আরেক ডাক্তারের কাছে। তিনি বললেন, স্তনে পুঁজ জমেছে। অস্ত্রোপচার করাতে হবে। তবে কেন এমনটা হয়েছে তা তিনি বলতে পারলেন না। অস্ত্রোপচার হলো। ভেতরের পুঁজ ও টিস্যু সংগ্রহ করে ক্যানসার আছে কি না, পরীক্ষা করা হলো। না, ক্যানসার নেই। নিশ্চিত হওয়ার জন্য আরেক জায়গায় পরীক্ষার জন্য পাঠানো হলো নমুনা। ফল একই এল। নিশ্চিত হলাম। ক্যানসার হয়নি।

কিন্তু বেশি দিন নিশ্চিন্ত থাকতে পারলাম না। অসুখ সারছে না। স্তনের ওই অংশের চারপাশে আরও জমাট বাঁধতে লাগল। লাল হয়ে পেকে গেল। ফেটে বের হয়ে আসতে লাগল পুঁজ। ডাক্তার পাল্টালাম। নতুন নামী ডাক্তার দেখেই আবার অস্ত্রোপচারের তারিখ দিলেন। মানলাম তাঁর কথা। দ্বিতীয় দফায় অস্ত্রোপচার হলো। কেটে ফেলা হলো স্তনের প্রায় ৮০ ভাগ। তিনি বললেন, বুকের খাঁচা পর্যন্ত চলে গিয়েছিল পচা অংশ। এবারও নমুনা নিয়ে ক্যানসারের পরীক্ষা দিলেন ডাক্তার। ক্যানসার নেই।

ভেবেছিলাম এবার সঠিক চিকিৎসা হয়েছে। ধীরে ধীরে সেরে উঠব। কিন্তু না। আবার তীব্র ব্যথা। এবার পরিবার ও আত্মীয়স্বজনের সিদ্ধান্তে ভারতে গেলাম ডাক্তার দেখাতে। ওখানকার ডাক্তার দেখেই বললেন, এটা তো স্তন-যক্ষ্মা (ব্রেস্ট টিউবারক্যুলোসিস)।

বিস্মিত কণ্ঠে ডাক্তারকে বললাম, কোনো পরীক্ষায় তো এটা আসেনি।

ডাক্তার হাসলেন। বললেন, কী কী পরীক্ষা করা হয়েছে?

জানালাম, চারবার বায়োপসি করেছি। কোনোবার ধরা পড়েনি যে, এটা টিবি। তা ছাড়া স্তনে কেন টিবি হবে?

 ডাক্তার জানালেন, অস্ত্রোপচারের পর যে অংশ পাওয়া গিয়েছিল সেটার আণুবীক্ষণিক (মাইক্রোস্কোপিক) পরীক্ষার প্রয়োজন ছিল। ক্যানসার ছাড়াও স্তনে নানা ধরনের ব্যাধি হতে পারে। ঠিক পরীক্ষা করলে হয়তো মূল রোগটা ধরা পড়ত।

এরপর তাঁর যে মন্তব্য শুনলাম, তাতে মুষড়ে পড়লাম রীতিমতো। তিনি জানালেন, আমার অস্ত্রোপচারের কোনো প্রয়োজন ছিল না। এই রোগে অস্ত্রোপচার করতে হয় না। তাতে উল্টো রোগটির আরও বিস্তার হয়। স্তন না কেটে, ছোট ফুটো করে পুঁজ ফেলে দিলে শরীরের এই অঙ্গ অক্ষত থাকত। ওষুধে পুরোপুরি সুস্থ হওয়া যেত।

ভারত থেকে আসার পর নয় মাস ওষুধ খেলাম। এখন সম্পূর্ণ সুস্থ। দেশের পুরোনো ডাক্তারের কাছে গেলাম বিষয়টি জানাতে। ক্ষোভও কাজ করছিল। বিজ্ঞ সেই ডাক্তার নির্বিকারভাবে বললেন, ‘আমি একবার সন্দেহ করেছিলাম ব্রেস্ট টিবি।’ কোনো ভাষা খুঁজে পেলাম না। চলে এলাম।

চিকিৎসা শেষে আবার যোগ দিলাম অফিসে। কিছুদিন পরপর একজন করে সহকর্মী আসতে লাগলেন আমার কাছে। নিজেদের এ-সংক্রান্ত সমস্যার কথা বলে পরামর্শ চাইতেন। জানতে চাইতেন, কোন ডাক্তার দেখাবেন, কোথায় যাবেন। তাঁদের প্রায় প্রত্যেকে বলতেন, ‘অনেক দিন ধরে ভুগছি।’ এই শেষ কথাটা কানে বাজে আমার।

আসলে বাংলাদেশের নারীরা লজ্জা এবং সংকোচে স্তনের অসুখ নিয়ে একেবারেই মুখ খোলেন না। চেপে রাখেন। বেশির ভাগ নারীই ভাবেন এমনিতেই সেরে যাবে। একদম খারাপ পর্যায়ে না গেলে কেউ ডাক্তার দেখান না। আমিও চেপে রেখেছিলাম অসুখের কথা। কোনো লাভ কিন্তু হয়নি। হয়তো প্রথম থেকে সতর্ক হলে শরীরের এই ক্ষতিটা এড়ানো যেত।