আদালতের স্থগিতাদেশের মধ্যেও অনেকটা ঝুঁকি নিয়ে গত বুধবার চট্টগ্রাম চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রিজের নতুন সভাপতির দায়িত্ব বুঝে নিলেন জাতীয় পার্টির স্থানীয় নেতা মোরশেদ মুরাদ ইব্রাহিম। তাঁর দায়িত্ব নেওয়ার আগের দিন (মঙ্গলবার) বিচারপতি মো. আবদুল হাইয়ের নেতৃত্বাধীন হাইকোর্টের একক অবকাশকালীন বেঞ্চ চেম্বার নির্বাচনের ফলাফল ঘোষণার ওপর স্থগিতাদেশ দেন। চেম্বারের সাবেক পরিচালক মো. আজফার আলীর এক রিট আবেদনের পরিপ্রেক্ষিতে আদালত এই স্থগিতাদেশ দেন।মো. আফজার আলী প্রথম আলোকে বলেন, ‘স্থগিতাদেশ থাকা সত্ত্বেও চেম্বারের নতুন সভাপতির নাম ঘোষণা করায় আদালত অবমাননা হয়েছে। এ জন্য এখন আমরা চেম্বার সভাপতির বিরুদ্ধে আদালত অবমাননার নতুন মামলার প্রস্তুতি নিচ্ছি।’ তিনি বলেন, ‘৭ ডিসেম্বর অনুষ্ঠিত চেম্বারের সাধারণ নির্বাচনে চারটি ভোট জাল দেওয়ার সুনির্দিষ্ট অভিযোগ আছে। এ কারণে ফলাফল বাতিলের জন্য আমি আদালতে রিট করি। কিন্তু তারা আদালতের নির্দেশনা মানেননি।’ এ প্রসঙ্গে মোরশেদ মুরাদ ইব্রাহিম প্রথম আলোকে বলেন, ‘ভোট যে জাল হয়েছে তা তিনি জানলেন কী করে? তিনি তো নির্বাচন কমিশনে ছিলেন না।’ নির্বাচনী ফলাফল ঘোষণার যৌক্তিকতা তুলে ধরে চেম্বারের নতুন সভাপতি বলেন, ‘৭ ডিসেম্বর নির্বাচন অনুষ্ঠানের পর ১৫ তারিখ প্রেসিডিয়াম ঘোষণা করা হয়। নির্বাচনের ব্যাপারে কারও কোনো আপত্তি থাকলে তা এই আট দিনের মধ্যে জানানোর নিয়ম ছিল। নির্ধারিত সময়ের মধ্যে যেহেতু ফলাফল নিয়ে কোনো আপত্তি ওঠেনি, সেহেতু প্রথম সাধারণ সভার পর স্বয়ংক্রিয়ভাবে নতুন কমিটির হাতে দায়িত্ব চলে গেছে।’ এতে আদালত অবমাননার কোনো ঘটনা ঘটেনি বলে তিনি জানান। চেম্বার সূত্র জানায়, পরিকল্পনা ছিল ওই দিন (গত বুধবার) মোরশেদের দায়িত্ব গ্রহণের আগে চেম্বারের বার্ষিক সাধারণ সভায় বিজয়ী ২৪ পরিচালকের সম্মতিতে নতুন সভাপতিকে দায়িত্ব বুঝিয়ে দেওয়া হবে। তার আগে এই সভায় নতুন নির্বাচনের ফলাফল আনুষ্ঠানিকভাবে ঘোষণা করা হবে। এ জন্য এই ঘোষণাকে সভার এক নম্বর আলোচ্যসূচি (এজেন্ডা) করা হয়।এই সভায় আগের বছরের বার্ষিক প্রতিবেদন ও আয়-ব্যয়ের হিসাব অনুমোদন এবং নতুন নিরীক্ষক নিয়োগের সিদ্ধান্ত নেওয়ার পরিকল্পনা করা হয়।জানা যায়, আদালতের নির্দেশনার কারণে বুধবারের সাধারণ সভায় এক নম্বর এজেন্ডা আলোচনায় আসেনি। এ জন্য সভার শুরুতে চেম্বারের সদ্য সাবেক সভাপতি এম আবদুল লতিফ ঘোষণা করেন, অনিবার্য কারণে সভার এক নম্বর এজেন্ডা নিয়ে কোনো আলোচনা হবে না। সভায় উপস্থিত চেম্বার পরিচালক এবং সদ্য সাবেক জ্যেষ্ঠ সভাপতি এম এ সালাম প্রথম আলোকে বলেন, ‘তিনটি এজেন্ডা নিয়ে অলোচনা হয় এবং এগুলো অনুমোদন হতে সর্বোচ্চ সময় নিয়েছে ২০ মিনিট। তিনি বলেন, সভায় ফল ঘোষণা নিয়ে আলোচনা হয়নি। তবে সভা শেষে অনানুষ্ঠানিকভাবে নতুন সভাপতিকে অভিষিক্ত করা হয়। আমি নিজের কক্ষটি খালি করে নতুন জ্যেষ্ঠ সহসভাপতিকে ওই কক্ষে বসার সুযোগ দিয়ে নিজে বেরিয়ে এসেছি।’প্রসঙ্গত, ৭ ডিসেম্বর অনুষ্ঠিত চট্টগ্রাম চেম্বারের সাধারণ নির্বাচনে বিজয়ী ২৪ পরিচালকের মধ্যে জ্যেষ্ঠতম ব্যবসায়ী হিসেবে এম এ সালাম সভাপতি হবেন—এমনটিই সংশ্লিষ্ট মহলে আলোচনা ছিল। এ ছাড়া আগের দুই বছরের চেম্বার পরিচালনা পরিষদে সালাম ছিলেন জ্যেষ্ঠ সহসভাপতি। চেম্বার নেতৃত্বের মধ্যে জ্যেষ্ঠ সহসভাপতিই পরবর্তী দফায় সভাপতি হন—এমনটিই রেওয়াজ রয়েছে। কিন্তু আকস্মিকভাবে এম এ সালামকে বাদ দিয়ে আলোচনার বাইরে থাকা মোরশেদকে সভাপতি করায় অনেকে হতচকিত হন। ক্ষুব্ধ হয়ে ওঠেন সালাম নিজে ও তাঁর অনুসারীরা। এই ক্ষোভ থেকে প্রেসিডিয়াম নির্বাচনের দিন অনুষ্ঠিত প্রথম বৈঠকে পরিচালকের পদ ত্যাগের ঘোষণা দেন নবনির্বাচিত পরিচালক ক্যাপ্টেন শফি চৌধুরী। সভায় তিনি লিখিত পদত্যাগপত্রও পেশ করেন। কিন্তু শফি চৌধুরীকে শান্ত করে এম এ সালাম তাঁর পদত্যাগপত্র নিয়ে ছিঁড়ে ফেলেন। সংশ্লিষ্ট সবার সঙ্গে কথা বলে এসব তথ্যের সত্যতা নিশ্চিত করা গেছে।আলোচনা আছে, নির্বাচন হওয়ার ঠিক আগেই মোরশেদকে নিয়ে সাংসদ লতিফ সপরিবারে জাপান ও চীন সফরে যান। সেখানেই মোরশেদকে চেম্বার সভাপতি বানানোর পরিকল্পনা চূড়ান্ত করা হয়।