চেরাগি পাহাড়ে আড্ডার মৌতাত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চট্টগ্রামের আড্ডারুদের প্রিয় স্থান চেরাগি পাহাড় শুক্রবার মেতে উঠেছিল উৎসবের আমেজে। এখানে আড্ডা দিতে আসা তরুণদের সংগঠন চেরাগি আড্ডার আয়োজনে আড্ডারু সম্মিলন ঘিরে এ উৎসব জমে উঠেছিল কথা আর সুরের আনন্দে। এ আয়োজনে ছিল আলোকচিত্র প্রদর্শনী, ঢোলবাদন, গান, আবৃত্তি, স্মৃতিচারণ। উদ্বোধনী ঘোষণা পাঠ করেন চেরাগি আড্ডার কার্যনির্বাহী কমিটির আহ্বায়ক আনিসুর রহমান। অনুষ্ঠান পরিকল্পনায় সার্বিক তত্ত্বাবধান করেছেন কবি মনিরুল মনির। উৎসব প্রসঙ্গে তিনি বলেন, ‘বাংলাদেশে এ ধরনের সম্মিলন এই প্রথম। আগামী বছর আরও বড় পরিসরে এ আয়োজন করার ইচ্ছে আছে।’চট্টগ্রামের প্রয়াত ১৪ কৃতী আড্ডারুকে উৎসর্গ করা হয়েছিল এ উৎসব। মরণোত্তর সংবর্ধনা দেওয়া হয়েছে চিকিৎসক কামাল এ খান, সুচরিত চৌধুরী, সুনীল নাথ ও মুহাম্মদ ইদ্রিসকে। সংবর্ধিতদের স্বজনদের হাতে সম্মাননা স্মারক তুলে দেন কবি ও সাংবাদিক আবুল মোমেন, নাট্যজন প্রদীপ দেওয়ানজী, কবি স্বপন দত্ত ও ফাউজুল কবির। বিকেল পাঁচটায় আড্ডারু সম্মিলনের উদ্বোধন করেন কবি ও সাংবাদিক আবুল মোমেন। আড্ডা সম্পর্কে নিজের অনুভূতি তুলে ধরতে গিয়ে তিনি বলেন, ‘নগর জীবনের বিচ্ছিন্নতা ঘোচাতে আড্ডার বিকল্প নেই। আড্ডা বাঙালির বুদ্ধিবৃত্তিক বীজতলা।’এরপর মঞ্চে আসেন উপমহাদেশের প্রখ্যাত ঢোলবাদক বিনয়বাঁশীর সার্থক উত্তরসূরি বাবুল জলদাস ও তাঁর দল। নেচে নেচে ঢোল বাজিয়ে সবাইকে মাতিয়ে তোলেন তাঁরা। প্রয়াত গুণী আড্ডারুদের সংবর্ধনা হয়ে উঠেছিল উৎসবের অন্যতম প্রধান আকর্ষণ। প্রয়াত কামাল এ খান সম্পর্কে স্মৃতিচারণা করতে গিয়ে আবুল মোমেন বলেন, ‘তাঁর বাড়িতে শিল্পসাহিত্য ও সংস্কৃতি বিষয়ে নিয়মিত আড্ডা হতো। এ আড্ডায় অন্নদাশংকর রায় থেকে শুরু করে দুই বঙ্গের বহু বিখ্যাত মনীষী যোগ দিয়েছিলেন।’শিল্প-সাহিত্যের প্রায় সব শাখায় প্রতিভার স্বাক্ষর রাখা সুচরিত চৌধুরী সম্পর্কে স্মৃতিচারণা করতে গিয়ে নাট্যজন প্রদীপ দেওয়ানজী বলেন, ‘সুচরিত চৌধুরী এমন এক বাঁশিওয়ালা, যিনি চট্টগ্রামকে তুলে ধরতে চেয়েছেন সারা বিশ্বের বুকে।’ ‘কবি সুনীল নাথ ছিলেন গণমানুষের কবি। তিনি নীরব সংগঠক ছিলেন। নিজেকে আড়ালে রাখলেও মানুষের কথাই লিখে গেছেন আমৃত্যু।’ সুনীল সম্পর্কে স্মৃতিচারণা করেন কবি স্বপন দত্ত।সাংবাদিক মুহাম্মদ ইদ্রিস সম্পর্কে কবি ফাউজুল কবির বলেন, ‘ইতিহাস, সমাজ-সংস্কৃতি, বিশ্বসভ্যতা নিয়ে ভাবনা ছিল মুহাম্মদ ইদ্রিসের। তাঁর পাহাড়তলীর বাসায় বসত শিল্প-সাহিত্যের আড্ডা। এ আড্ডা চট্টগ্রামের বুদ্ধিবৃত্তিক আন্দোলনকে প্রভাবিত করেছে।’ গুণীজন সংবর্ধনার পর আবৃত্তি করেন রাশেদ হাসান, মিলি চৌধুরী, মুবিদুর রহমান সুজাত ও ফারুক তাহের। দলীয় সংগীত পরিবেশন করে সমগীত সংগীত দল। এরপর লোক ও আঞ্চলিক গানে মঞ্চ মাতান শিল্পী সঞ্জিত আচার্য, কল্পনা লালা, কল্যাণী ঘোষ, কান্তা নন্দী, মানস পাল চৌধুরী, ইকবাল হায়দার ও কুষ্টিয়ার বিমল বাউল। কোকিলকণ্ঠী কান্তা যখন সাম্পানওয়ালা ছবির মনমাতানো গান ‘ওরে কর্ণফুলীরে সাক্ষী রাখিলাম তোরে...গেয়ে উঠেন তখন কর্ণফুলীর সুরে আনন্দের ঢেউ উঠে চেরাগির উৎসবে। আর সঞ্জিত-কল্যাণী ‘বানুরে, আই যাইয়ম রেঙ্গুন শঅরত তোয়াল্লাই আইন্নম কী...’ গানটি গেয়ে সবাইকে মনে করিয়ে দেন আঞ্চলিক গানের কিংবদন্তি জুটি শ্যাম-শেফালীর কথা।