চেরাগির আড্ডায় ‘মিউজিক ক্যাফে’

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

‘হারিয়ে ফেলা এক জাহাজ/ কিংবা ধরো না কেন এই চেরাগি পাহাড়/ এক কাপ চা, সিগারেট ধোঁয়া/ তোমাকে ফিরে পাওয়া..’ নগরের চেরাগি পাহাড় মোড়ের আড্ডা নিয়ে এমন গাইছিলেন শিল্পী আলমগীর কবির। আড্ডাবাজদের অনেকেই গানের কথায় নিজেদের আবিষ্কার করে রীতিমতো বিস্মিত। তাই প্রাণখোলা গানের এই আসরে গা ভাসাতে একটুও দেরি করেননি তাঁরা।‘চেরাগি ওয়ান আওয়ার’ এর আয়োজনে ৬ মে রোববার সন্ধ্যা সাতটায় লুসাই ভবনের সামনের খোলা আঙিনায় হয়ে গেল এই জমজমাট গানের আসর। ‘চেরাগি ওয়ান আওয়ার’ নামের সংগঠনটিও আত্মপ্রকাশ করল এই অনুষ্ঠানের মধ্য দিয়ে। উদ্যোক্তারা জানালেন, ‘মিউজিক ক্যাফে’ শিরোনামে এই গানের আসর নিয়মিত অনুষ্ঠিত হবে চেরাগি পাহাড়ে।এ আয়োজনে গান করেন তন্ময়, মিনার, তৃপ্তি, আলমগীর, সত্যজিৎ ও রেজা। কথা ছিল গান হবে এক ঘণ্টা। কিন্তু দর্শকদের অনুরোধে সে প্রতিশ্রুতি রক্ষা করা যায়নি। অনুষ্ঠান চলেছে প্রায় তিন ঘণ্টা। অনুষ্ঠান সঞ্চালন করেন শিল্পী শারমিন রহমান। তবলা, মৃদঙ্গ ও ডুগডুগি বাজিয়েছেন সুশান্ত, গিটারে দুর্জয় ও কি-বোর্ডে ছিলেন জিতু। ‘চেরাগি ওয়ান আওয়ার’ এর উদ্যোগে এখন থেকে প্রতি শুক্রবার সন্ধ্যা সাড়ে সাতটা থেকে রাত সাড়ে আটটা পর্যন্ত নিয়মিত গান ও আড্ডা চলবে। সংগঠনের উদ্যোক্তা শারমিন রহমান জানান, ‘তরুণ প্রজন্মকে মূলধারার সংগীতের প্রতি আকৃষ্ট করতে ও নতুন মেধাবীদের একত্রিত করাটাই এ ধরনের আয়োজনের উদ্দেশ্য।’