চেরাগী চত্বরে শিল্পের মহাযজ্ঞ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
চেরাগী আর্ট শোতে পারফরম্যান্স উপস্থাপন করছেন মেহেরুন আক্তার
চেরাগী আর্ট শোতে পারফরম্যান্স উপস্থাপন করছেন মেহেরুন আক্তার

চট্টগ্রামের ‘আইকন’ চেরাগী পাহাড় মোড়ের উঁচু মিনারটি ঢেকে দেওয়া হয়েছে সাদা কাপড়ের মোড়কে। পথচারীরা এমন কাণ্ড দেখে থমকে দাঁড়াচ্ছেন। এর পাশেই সংবাদপত্রপাড়া নামে পরিচিতি পাওয়া সরু গলিটিতেও মানুষের ভিড়। সেখানেও চলছে নানা কাণ্ডকীর্তি। গলিতে ঢোকার মুখেই দেয়ালের তারজালির গায়ে ঝুলিয়ে দেওয়া হয়েছে ডজনখানেক দানবাক্স। তাতে চাঁদ-তারা, রেডক্রসসহ নানা ধর্মবিশ্বাসের প্রতীক, এক পাশে ছোট করে লেখা বিশ্বাসের বাক্স।
গত শুক্রবার বিকেলে চেরাগী পাহাড় এলাকা যেন মুক্ত শিল্পাঙ্গনে রূপ নিয়েছিল। যোগ অলটারনেটিভ আর্ট স্পেসের উদ্যোগে আয়োজিত ‘চেরাগী আর্ট শো-টু’ প্রদর্শনী দেখতে ভিড় জমিয়েছিলেন হাজারো মানুষ। পারফরমেন্স, স্থাপনা, ভিডিও আর্ট ও ভাস্কর্য মাধ্যমে ২৪ জন শিল্পী ২৪টি কাজ উপস্থাপন করেন চেরাগীর উন্মুক্ত চত্বরে।
বিকেল চারটায় এই প্রদর্শনীর আলো জ্বালেন ইতিহাসবিদ মো. শামসুল হোসাইন, গবেষক সাদাফ নুরুল ইসলাম ও কথা সাহিত্যিক, অনুবাদক আলম খোরশেদ।
‘আমরা মূলত শিল্পকে গ্যালারির চার দেয়াল থেকে বের করে সাধারণ মানুষের মুখোমুখি দাঁড় করাতে চেয়েছি।’ দ্বিতীয়বারের মতো চেরাগী চত্বরে এমন প্রদর্শনীর উদ্দেশ্য ব্যাখ্য করতে গিয়ে বললেন, এই আয়োজনের কিউরেটর শিল্পী শায়লা শারমিন। প্রদর্শনীতে ভিন্ন ভিন্ন বিষয় নিয়ে পারফরমেন্স করেন মেহেরুন আক্তার, জাহেদ আলী চৌধুরী, সোহরাব জাহান ও জয়দেব রোয়াজা।
গলির চেনা চা-দোকানের পাশেই ঝুলছিল বেশ কয়েকটি তেঁতুলের ভাস্কর্য। সেখানে নারী ফিগারের নানা অনুষঙ্গ হাজির করেছেন শিল্পী হালিমা আহমেদ। এর পাশেই ছাপাখানার পরিত্যক্ত যন্ত্রের ওপর প্রজেক্টরের আলো ফেলা হয়েছে। শব্দ ও ছবির বিভ্রমের ফলে মনে হচ্ছে নষ্ট যন্ত্র থেকে এখনো কাগজ ছাপা হয়ে বের হচ্ছে। শিল্পী জিহান করিমের এই স্থাপনা ও ভিডিও আর্টের অল্প দূরেই ছিল আফসানা শারমিনের স্থাপনা। দৈনিক আজাদীর ছাদ থেকে যেন ঝরনার মতো নেমে এসেছে সংবাদপত্রের পাতা, আশপাশে ছড়ানো নিউজপ্রিন্টের দোমড়ানো-মোচড়ানো বল। সংবাদ-মাধ্যম নিয়ে আরও দুই নারী শিল্পীর কাজ চোখে পড়ে। সাবিরা শাহীনুর স্থাপনা ও পারফরমেন্সের মাধ্যমে সংবাদপত্রের জনহিতকর প্রভাব তুলে ধরতে চেয়েছেন। অপর দিকে শিল্পী আসমা বীথি ‘চোখ সরে যায়’ শিরোনামে স্থাপনায় সংবাদ-কুশীলবদের বেদনা তুলে এনেছেন। দুদিনের এই প্রদর্শনী শেষ হয় গতকাল শনিবার।