চেরাগীতে জমজমাট কনসার্ট

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ঘড়ির কাঁটায় যখন দুপুর আড়াইটা ছুঁই ছুঁই, তখন গিটারের টুংটাং শব্দ মুখরিত হয়ে ওঠে চেরাগী পাহাড় এলাকা। সংগীতের মূর্ছনা চলেছিল একটানা রাত ১১টা পর্যন্ত, তবু ক্লান্তি স্পর্শ করেনি দর্শকদের। কখনো শিল্পীর সঙ্গে গলা মিলিয়ে গেয়েছেন তাঁরা, কখনো ফেটে পড়েছেন উচ্ছ্বাসে। গত শুক্রবার কদম মোবারক মুসলিম উচ্চবিদ্যালয় চত্বরে আয়োজিত ব্যান্ড সংগীতের আসরে যেন তারুণ্যের পতাকাই উড়ল।

দুস্থ মানুষের সাহায্যার্থে চট্টগ্রাম মিউজিক্যাল ব্যান্ড অ্যাসোসিয়েশনের (সিএমবিএ) উদ্যোগে আয়োজিত হয়েছিল সংগীতের এই আসর। ‘কনসার্ট হ্যালো টুমরো’ শিরোনামে অনুষ্ঠিত এই আসরে অংশ নেয় ১৭টি ব্যান্ড। অনুষ্ঠানের প্রতিপাদ্য ছিল, ‘গান শুনুন আর দুস্থদের সাহায্যে এগিয়ে আসুন।’

ব্যান্ড দল স্বপ্নবাজের পরিবেশনার মাধ্যমে শুরু হয় আসর। তারপর মঞ্চে আসে আসোয়াদ, অ্যামেচার ও বি হরনেট। এই পর্বে তিনটি করে গান পরিবেশন করেন ব্যান্ড দলগুলোর সদস্যরা।

প্রথম পর্বের পর ছিল ১৫ মিনিটের বিরতি। এরপর মঞ্চে আসে ব্যান্ড দল ফ্রান্টিক, ওয়ার্নিং, হাটর্স রিলেশন ও রিভার্ব। সংগীতগুরু আজম খানকে উৎসর্গ করে ওয়ার্নিং পরিবেশন করে ‘বাংলাদেশ’ গানটি। ধীরে ধীরে আসর জমতে শুরু করে। শ্রোতাদের উচ্ছ্বাস তুঙ্গে ওঠে হাটর্স রিলেশনের ‘তুই রাজাকার’ ও রিভার্বের ‘বাড়িয়ে দাও তোমার হাত’ শিরোনামের গানগুলো শুনে।

বিকেলের জমজমাট আসরের পর সন্ধ্যাটা হয়ে ওঠে আরও প্রাণবন্ত। সন্ধ্যার ঠান্ডা আবহাওয়াকে উষ্ণ করে তোলে সোলজারস ব্যান্ডের পরিবেশনা। এই ব্যান্ড দলের শিল্পীরা পরিবেশন করেন জেমসের ‘মা’, আইয়ুব বাচ্চুর ‘সে তুমি কেন এত অচেনা হলে’ ও মাইলসের ‘ফিরিয়ে দাও’ গানগুলো।

সংগীত আসরে আরও গান করে ব্যান্ড দল আর্তনাদ, মিলেনিয়াম, নাইট উইশ, রিসেন্ট, স্পার্ক, সাসটেইন, স্যান্ডস ও ষড়ঋতু। অনুষ্ঠানে আগত দর্শকেরা আয়োজকদের আহ্বানে সাড়া দিয়ে দুস্থ মানুষদের জন্য পুরোনো কাপড় ও টাকা দিয়ে সাহায্য করেন।

এর আগে দুপুরে অনুষ্ঠানের শুরুতে ছিল আলোচনা সভা। এতে সভাপতিত্ব করেন সিএমবিএর সভাপতি আহমেদ নেওয়াজ। প্রধান অতিথি ছিলেন সংগঠনের উপদেষ্টা রাশেদুল আলম। এ ছাড়া অতিথি ছিলেন মঈনুদ্দীন আহমেদ, সুব্রত বড়ুয়া, মো. মহিউদ্দোলা, জ্যাকব ডায়াস, মোহাম্মদ আলী, র‌্যালি পিনারো, মো. মহসিন, মো. সাহাব উদ্দিন ও মো. তাহের। অনুষ্ঠান সঞ্চালন করেন সেলিম আক্তার।

অনুষ্ঠানের শব্দ ও আলোকসজ্জা করেছে সাউন্ড স্পার্ক, এ-৯৯ ও প্রতিশ্রুতি।