চেরি ফোটার উৎসব

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সাদার মধ্যে হালকা গোলাপি আভা ছড়ানো, পাঁচটি পাপড়ির অসাধারণ সুন্দর ফুলটির নাম চেরি। এই চমৎকার ফুলটি শুধু বসন্তেই কিছুদিনের জন্য ফোটে। সেই সময়টায় আমেরিকা, জাপানসহ বেশ কিছু দেশে পালন করা হয়ে চেরি ব্লোসম ফেস্টিভ্যাল—চেরি ফোটার উৎসব। এই উৎসবের গল্প শুনেছি বহুবার। এবারই প্রথম আমার সৌভাগ্য হলো চেরি বাগানের অপরূপ সৌন্দর্য উপভোগের। জায়গাটা যুক্তরাষ্ট্রের ওয়াশিংটন ডিসি। পটোমেক নদীর প্রবাহপথ ঘিরে। পথজুড়ে প্রায় তিন হাজার ৬৭৮টি পাতাবিহীন বৃক্ষের থোকা থোকা ফুল দর্শনের জন্য প্রতিবছর এ সময়টায় লাখো পর্যটক ভিড় করে।এই উৎসব ঘিরে পর্যটকদের জন্য আয়োজন করা হয় নানা রকমের অনুষ্ঠান। এ ফুল ফুটন্ত অবস্থায় থাকে সামান্য কয়েকটা দিন। তাই আনুষঙ্গিক অনুষ্ঠানগুলো এই দিনগুলোর মধ্যেই সম্পন্ন হয়। ঘুড়ি উৎসব, আতশবাজি, জাপানি সাংস্কৃতিক অনুষ্ঠান, জাপানি চিত্রকর্ম প্রদর্শনী। বিখ্যাত শিল্পীদের নিয়ে কনসার্ট, ফটোগ্রাফি প্রতিযোগিতা—সব মিলিয়ে পটোমেক মুখর থাকে পুরো সময়। ১৯৩৫ সালে ছোটখাটোভাবে চেরি ব্লোসম ফেস্টিভ্যাল শুরু হয়। নীল পটোমেকের পানি আর সাদা চেরি ফুল মিলে তৈরি হয় অপরূপ এক শোভা। আর এই শোভা টেনে আনে সারা পৃথিবীর লাখো পর্যটককে।তাসবির বিনতে ওয়াসিমযুক্তরাষ্ট্র থেকে