চেরি মুরে : বিজ্ঞানীদের নেতৃত্বে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
চেরি মুরে
চেরি মুরে

গবেষণার সঙ্গে যুক্ত আছেন দীর্ঘদিন। বিজ্ঞানের নানা বিষয় নিয়ে কাজ করার পাশাপাশি অধ্যাপনার সঙ্গে যুক্ত চেরি মুরে। বর্তমানে বিশ্বখ্যাত হার্ভার্ড স্কুল অব ইঞ্জিনিয়ারিং অ্যান্ড অ্যাপ্লায়েড সায়েন্সের ডিন তিনি। পদার্থবিদদের নিয়ে গঠিত বিশ্বের দ্বিতীয় বৃহত্তম সংগঠন আমেরিকান ফিজিক্যাল সোসাইটির (এপিএস) প্রেসিডেন্ট হিসেবে ২০০৯ সাল থেকে দায়িত্ব পালন করা চেরির পুরো নাম চেরি এ মুরে।
যুক্তরাষ্ট্রে জন্মগ্রহণকারী চেরির বাবা কূটনীতিক হওয়ায় ছোটবেলা কেটেছে জাপান, পাকিস্তান, দক্ষিণ কোরিয়া, ইন্দোনেশিয়াসহ আরও কয়েকটি দেশে। যুক্তরাষ্ট্রের ম্যাসাচুসেটস ইনস্টিটিউট অব টেকনোলজি (এমআইটি) থেকে স্নাতকোত্তর এবং পিএইচডি ডিগ্রি অর্জন করেন তিনি। পড়াশোনা শেষ করেই যুক্ত হয়ে যান গুরুত্বপূর্ণ সব গবেষণায়। আর সে সময়েই পেয়ে যান বিশ্বখ্যাত কম্পিউটার নির্মাতা প্রতিষ্ঠান আইবিএমের ফেলোশিপ।
প্রায় ৭০টি গবেষণাপত্র প্রকাশের পাশাপাশি চেরির অপটিক্যাল ডেটা এবং অপটিক্যাল ডিসপ্লে নিয়ে দুটি প্যাটেন্ট রয়েছে। যুক্তরাষ্ট্রের ন্যাশনাল রিসার্স কাউন্সিলের প্রকৌশল ও ভৌতবিজ্ঞান বিভাগের প্রধান হিসেবেও কাজ করে যাচ্ছেন দীর্ঘদিন ধরে। বিশ্বের অন্যতম সেরা গবেষণা কেন্দ্র বেল রিসার্চ ইনস্টিটিউটের ভাইস প্রেসিডেন্টেরও দায়িত্ব পালন করেছেন চেরি মুরে। বর্তমানে জাতীয় ও আন্তর্জাতিক প্রায় ৮০টি সংগঠনের শীর্ষ নানা পদে কাজ করার পাশাপাশি চেরি ফেলো হিসেবেও আছেন একাধিক গুরুত্বপূর্ণ প্রতিষ্ঠানে।
ডিসকভার ম্যাগাজিনের দৃষ্টিতে সেরা ৫০ গুরুত্বপূর্ণ নারী বিজ্ঞানীর তালিকায় জায়গা করে নিয়েছেন তিনি। পেয়েছেন একাধিক পুরস্কারও। প্রাতিষ্ঠানিক নানা ধরনের গুরুত্বপূর্ণ পদ থেকে আগামী বছরের মধ্যেই সরে যেতে চান চেরি, তবে কাজ করে যেতে চান সব সময়।
গ্রন্থনা: নুরুন্নবী চৌধুরী, তথ্যসূত্র: হার্ভার্ড ম্যাগাজিন, উইকিপিডিয়া