চেহারা বদলাবে প্যারিসের পরিত্যক্ত মেট্রো স্টেশনগুলো!

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
পাতালের পরিত্যক্ত মেট্রো স্টেশনে সম্ভাব্য রেস্তোরাঁর কল্পচিত্র। ছবি: দ্য গার্ডিয়ান।
পাতালের পরিত্যক্ত মেট্রো স্টেশনে সম্ভাব্য রেস্তোরাঁর কল্পচিত্র। ছবি: দ্য গার্ডিয়ান।

প্যারিসের পরিত্যক্ত মেট্রো স্টেশনগুলোকে ভৌতিক অবস্থায় ফেলে না রেখে সেগুলোকে ভিন্নভাবে ব্যবহার করার পরিকল্পনা করছেন মেয়র পদপ্রার্থী নাথালি কসসিয়াস্কু-মরিসে। শুধু চিন্তা-ভাবনাতেই থেমে নেই তাঁর কাজ। মেধাবী স্থপতিদের সঙ্গে নিয়ে নকশা করে পরিত্যক্ত স্টেশনগুলোর ভিন্ন ব্যবহারের কল্পচিত্রও প্রকাশ করেছেন তিনি। চমত্কার পরিকল্পনায় নয়নাভিরাম এসব নকশা দেখে সবাই হয়তো একমত হবেন যে, ভোটে জেতার মতো প্রস্তাবই বটে! কিন্তু এ জন্য প্রয়োজনীয় অর্থের জোগান দেবে কে?

বাস্তিল দুর্গের কাছে আর্সেনাল মেট্রোতে সম্ভাব্য সুইমিং পুলের কল্পচিত্র। ছবি: দ্য গার্ডিয়ান।
বাস্তিল দুর্গের কাছে আর্সেনাল মেট্রোতে সম্ভাব্য সুইমিং পুলের কল্পচিত্র। ছবি: দ্য গার্ডিয়ান।

অবশ্য ফ্রান্সের মধ্য-ডানপন্থী দলের মেয়র প্রার্থী নাথালি অর্থ জোগাড়ের প্রশ্নে মোটেই চিন্তিত নন। তিনি বরং কয়েক যুগ ধরে পরিত্যক্ত ভৌতিক স্টেশনগুলোকে কীভাবে চমত্কার সুইমিং পুল, থিয়েটার ও কনসার্ট হল, নাইট ক্লাব, শিল্প-প্রদর্শনী কেন্দ্র বা বিশাল রেস্তোরাঁয় পরিণত করা যায়, এটাই সবাইকে বোঝানোর চেষ্টা করে যাচ্ছেন। ইতিমধ্যেই এই সংস্কার পরিকল্পনার স্থাপত্য নকশা প্রকাশ করে আলোচনায় এসেছেন তিনি।

নির্বাচনে জিতলে এটা করব, ওটা করব—এমন রাজ্যের প্রতিশ্রুতি সব দেশের রাজনীতিকেরাই দেন। তবে সে সবের বেশির ভাগই হয়ে থাকে দেশের নানান সমস্যা আর সংকট সমাধানের প্রশ্নে। কিন্তু চলতি সমস্যা আর তার সমাধানের বাইরেও কথা থাকে। কথা থাকে সুন্দরের স্বপ্ন আর নতুনের সম্ভাবনার। তেমনি এক ভবিষ্যবাদী নির্বাচনী ওয়াদা করেছেন এক মেয়র পদপ্রার্থী। আর এমনটা হবেই না বা কেন নগরটি যখন শিল্প আর সুন্দরের রাজধানী বলে খ্যাত প্যারিস।

পাতালের পরিত্যক্ত স্টেশনে সম্ভাব্য নাইট ক্লাবের কল্পচিত্র। ছবি: দ্য গার্ডিয়ান।
পাতালের পরিত্যক্ত স্টেশনে সম্ভাব্য নাইট ক্লাবের কল্পচিত্র। ছবি: দ্য গার্ডিয়ান।

১৯৩৯ সালে দ্বিতীয় বিশ্বযুদ্ধ শুরুর পর বাস্তিল দুর্গের কাছে পরিত্যক্ত ঘোষণা করা আর্সেনাল মেট্রো স্টেশনটি আর কখনোই চালু করা হয়নি। নাথালির ভাবনা, প্যারিসের মেয়র হলে এ স্টেশনটি দিয়েই রূপান্তরের নতুন পর্বের কাজ শুরু করবেন তিনি। নামের তিন আদ্যক্ষর ‘এনকেএম’ দিয়ে পরিচিত নাথালি বলছেন, প্যারিসেরই দুই স্থপতির আঁকা এই নকশা ‘সম্ভাবনার দুয়ার খুলে দেওয়ার ভালো উদাহরণ।’ তিনি আরও জানিয়েছেন, আগামী মার্চের ভোটে নির্বাচিত হলে প্যারিসবাসীকে তিনি আহ্বান জানাবেন, পাতালের এই রেলস্টেশনগুলোকে রূপান্তরে তাঁদের নিজস্ব ভাবনা জমা দিতে।

ফ্রান্সের রাজধানীতে এমন ১৬টি মেট্রো স্টেশন পরিত্যক্ত অবস্থায় পড়ে আছে। এগুলোর বেশির ভাগই দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় পরিত্যক্ত হয়। আর দুটি স্টেশন নির্মাণ করা হলেও কখনোই চালু করা হয়নি। অবশ্য পাতালপুরির এমন কয়েকটি স্টেশনকে সাময়িকভাবে বিজ্ঞাপনী প্রচারাভিযানের কাজে বা চলচ্চিত্রের সেটের কাজে ব্যবহার করা হয়েছে। ফরাসি পরিচালক জ্যঁ পিয়েরে জুনে তাঁর বিখ্যাত সিনেমা ‘আমিলি’তে নায়িকা আমিলি পোলেইনের প্রিয় মেট্রো স্টেশনের সেট বানানোর জন্য বেছে নিয়েছিলেন পরিত্যক্ত পোর্তে-দেস-লাইলাস স্টেশনটিকে। এদিকে, সেন্টমার্টিন স্টপের কাছের পরিত্যক্ত স্টেশনটি শীতকালে গৃহহীনদের আশ্রয় হিসেবে ব্যবহার করা হচ্ছে কিছুদিন ধরে।
নাথালি মার্চের নির্বাচনে কতটা জনসমর্থন পাবেন, তা অনিশ্চিত। জানুয়ারির সর্বশেষ জরিপ অনুযায়ী, তাঁর ভোটে জেতার সম্ভাবনা কম। তবে, নিকোলা সারকোজির সরকারে কিছুদিন মন্ত্রী হিসেবে কাজ করা এই নারী পরিত্যক্ত মেট্রো স্টেশনকে ঘিরে নতুন যে স্বপ্নের বীজ বুনেছেন, তা অনেককেই অনুপ্রাণিত করতে পারে।