চোখ ভিজল দর্শকের

চট্টগ্রাম সিটি কলেজের সামনের সড়কে পাকিস্তানি বাহিনীর সঙ্গে সম্মুখযুদ্ধে শহীদ হয়েছিলেন রফিক আহম্মদ। ১৯৭১ সালে রফিকসহ চট্টগ্রামের গেরিলা মুক্তিযোদ্ধাদের বীরত্বগাথার কথা ভুলে গেছে অনেকে। এমনকি সড়কটির নাম শহীদ রফিক আহমদ সড়ক হলেও আজও লোকে এটিকে আইস ফ্যাক্টরি রোড বলেই জানে।
রোটারি ক্লাব অব চিটাগাং পোর্ট সিটির সহযোগিতায় ও দৃষ্টির আয়োজনে ‘মুক্তির কথা শুনি’ অনুষ্ঠানে ১৪ ডিসেম্বর শহীদ রফিকের কাহিনি তুলে ধরে দর্শকের চোখ ভেজালেন কবি ও সাংবাদিক ওমর কায়সার। নগরের থিয়েটার ইনস্টিটিউট মিলনায়তনে শহীদ বুদ্ধিজীবী দিবস উপলক্ষে আয়োজিত এই অনুষ্ঠানে ছিল মুক্তিযুদ্ধের স্মৃতিচারণা, চিঠিপাঠ, কবিতা ও দেশের গান।
এতে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চট্টগ্রামে ভারতের সহকারী হাইকমিশনার সোমনাথ হালদার ও রোটারিয়ান এম এ আউয়াল। বক্তব্য দেন দৃষ্টি চট্টগ্রামের সভাপতি মাসুদ বকুল, সাধারণ সম্পাদক বন কুসুম বড়ুয়া প্রমুখ।
অনুষ্ঠানে আমি বীরাঙ্গনা বলছি থেকে পাঠ ও অভিনয় করেন সাবিরা সুলতানা ও শুভ্রা বিশ্বাস। এই দুই শিল্পীর পরিবেশনা শুনে আবেগে আক্রান্ত হন দর্শকেরা। মিলনায়তনজুড়ে নেমে আসে নীরবতা।
এ ছাড়া শিক্ষাবিদ সাফিয়া গাজী রহমান, কবি ও সাংবাদিক কামরুল হাসান বাদল, রোটারিয়ান ফাতেমা জেবুন্নেসা, কবি জিন্নাহ চৌধুরী, আবৃত্তিশিল্পী রাশেদ হাসান, আয়েশা হক ও দৃষ্টি চট্টগ্রামের সদস্যরা অনুষ্ঠানে পাঠ ও আবৃত্তি করেন। অনুষ্ঠান পরিচালনা করেন সাবের শাহ। এর আগে আলোচনা সভায় ভারতীয় সহকারী হাইকমিশনার সোমনাথ হালদার বলেন, বাঙালি জাতি আত্মবিস্মৃত জাতি। তারা সহজে অতীত ইতিহাস ভুলে যায়। বাঙালির মুক্তিযুদ্ধের ইতিহাস ভুলে যাওয়া ঠিক হবে না। কারণ এই ইতিহাস নিয়ে বাঙালি জাতি গর্ব করতে পারে। এম এ আউয়াল বলেন, ‘স্বাধীনতা ও বঙ্গবন্ধুকে কোনোভাবে আলাদা করা যাবে না। বঙ্গবন্ধু এ দেশের মানুষকে স্বাধীনতার জন্য ঐক্যবদ্ধ করেছেন। পাকিস্তানি বাহিনী পরাজয় সুনিশ্চিত জেনে বুদ্ধিজীবীদের হত্যায় মেতে উঠেছিল। তাদের এই ঘৃণ্য চক্রান্তে আমরা হারিয়েছি শ্রেষ্ঠ সম্পদ বুদ্ধিজীবীদের।’