চোখের আলোয় স্বপ্নপূরণ

ছোটবেলায় চোখের আলো হারিয়েছেন সামিউল। শৈশব থেকে আঁধার ভরা দিন পার করে সামিউল হাসান এখন উদ্দীপ্ত যুবক। বাবা-মায়ের টানাপোড়েনের সংসারে তিনি এই পথ পাড়ি দিয়েছেন জীবনসংগ্রামের মধ্য দিয়ে। তবে এমন কঠিন পরিস্থিতিতেও সামিউল ভালোবেসেছেন ক্রিকেটকে। বাংলাদেশের খেলার সময় সামিউল হাজির হতেন টিভি কিংবা রেডিওর পাশে। ধারাবর্ণনায় প্রিয় ক্রিকেটারদের দেখতেন মনের আলোয়। নিজের মতো কাল্পনিক অবয়ব দিয়েছিলেন মাশরাফি, সাকিব, তামিমদের। তবে এখন তিনি নিজের চোখের আলো ফিরে পেয়েছেন। ৯ অক্টোবর বাংলাদেশ ও ইংল্যান্ড ম্যাচে মাঠে বসে প্রিয় ক্রিকেটারদের দেখেছেন নিজের চোখে।

বাংলাদেশ-ইংল্যান্ড একদিনের সিরিজের দ্বিতীয় ম্যাচটি যাঁরা টিভিতে দেখেছেন, তাঁদের মনে থাকার কথা। বাংলাদেশ দল তখন ৫৩ রানে ৩ উইকেট হারিয়ে দিশেহারা। ঠিক সে সময়ই টেলিভিশনের পর্দায় ভেসে ওঠে এক যুবকের মুখ। ধারাভাষ্যকার মাঠের বর্ণনা বাদ দিয়ে শোনাতে থাকেন সেই যুবকের গল্প। যে গল্প সামিউল হাসানের আলো ফিরে পাওয়ার গল্প।
সামিউল হাসানের বাড়ি শেরপুরের ঝিনাইগাতী উপজেলায়। চার ভাই-বোনের মধ্যে সবার বড় সামিউল। বাবা পেশায় নরসুন্দর। ছয় মাস বয়সে অসুস্থ হওয়ার পর সামিউলের চোখে ছানি পড়ে। অভাবের সংসারে তাঁর চিকিৎসা হয়ে ওঠেনি। এ বছরই তাঁর খোঁজ পায় বেসরকারি টেলিভিশন চ্যানেল গাজী টিভি। তাদের ‘স্বপ্ন দেখে চোখ’ নামে একটি অনুষ্ঠানে দেখানো হয় এই যুবককে, শোনানো হয় তাঁর কাহিনি। যুক্তরাজ্যভিত্তিক বেসরকারি সংস্থা সাইট সেভার্সের সহযোগিতায় গত সেপ্টেম্বরে সামিউলের চোখের অস্ত্রোপচার হয় ময়মনসিংহের বিএনএসবি চক্ষু হাসপাতালে। সফল অস্ত্রোপচারের পর চোখের আলো ফিরে পান সামিউল ইসলাম।
১৩ অক্টোবর মুঠোফোনে কথা হয় সামিউল হাসানের সঙ্গে। মাঠে বসে খেলা দেখতে পেরে কেমন লেগেছে? সামিউল বলেন, নিজের চোখে আলো দেখতে পাব, এই স্বপ্নও কখনো দেখিনি। খেলা দেখা তো আরও অবিশ্বাস্য ব্যাপার।
সামিউলের এই অবিশ্বাস্য ব্যাপারটি পূরণ করেছে জিটিভি কর্তৃপক্ষ। সামিউল হাসান সেদিন বাংলাদেশের জয় নিয়ে ফিরেছেন। প্রথমবারের মতো স্টেডিয়ামে এসে খেলা দেখার উত্তেজনা এখনো কাটেনি সামিউলের। আপনাকে তো টেলিভিশনে দেখিয়েছে, এলাকার মানুষজন কী বলেন? ‘সবাই এখন আমারে চেনে। অনেকে বলেন, তোমারে তো টিভিতে দেখছি। সেদিন বাংলাদেশ জিতেছে!’