
ঈদের দিন। কিন্ত ঈদের আনন্দের ছিটেফেঁাটাও নেই বাড়িটিতে। আহাজারি আর শোকের মাতম চলছে কেবলই। পুত্রশোকে কিছুক্ষণ পরপর মূর্ছা যাচ্ছেন বৃদ্ধ মা–বাবা। ঈদের কয়েক দিন আগে মুঠোফোনে তাঁরা কথাও বলেছেন ছেলের সঙ্গে। নতুন কাপড় কেনার জন্য টাকাও পাঠিয়েছিলেন তিনি। সে টাকায় নতুন পোশাক কেনা হয়নি। তার আগেই দুঃসংবাদটি এল। ছেলে আর ফিরবেন না। মা তঁাকে কখনো আর স্নেহের আঁচল দিয়ে কপালের ঘাম মুছে দেওয়ার সুযোগ পাবেন না।
কক্সবাজার জেলার পেকুয়া উপজেলার শীলখালী ইউনিয়নের জারুলবুনিয়া গ্রামের বাসিন্দা মো. রবিউল আলমের (২৬) পরিবারের সদস্যদের সান্ত্বনা দেওয়ার কেউ নেই। ঈদের আনন্দ এভাবে চোখের জলে ভেসে যাবে, এটা ভাবতে পারছেন না ওই গ্রামের বাসিন্দারাও। গত ২৫ জুলাই রবিউলসহ তিন বাংলাদেশি শ্রমিক সৌদি আরবে সড়ক দুর্ঘটনায় নিহত হন। তাঁরা সবাই পেকুয়া উপজেলার বাসিন্দা। দুর্ঘটনায় নিহত অপর দুজন হলেন উপজেলার মগনামা ইউনিয়নের মরিচ্যাদিয়া গ্রামের বজল আহমদের ছেলে মোহাম্মদ লিটন (২৮), একই ইউনিয়নের বাইন্যাঘোনা গ্রামের আবু তাহেরের ছেলে মোহাম্মদ ছাদেক (২৭)। এ ঘটনায় উপজেলায় নেমে এসেছে শোকের ছায়া।
ঈদুল ফিতরের দিন রবিউলের বাড়িতে গিয়ে দেখা যায়, তাঁর ছবি বুকে নিয়ে বিলাপ করছেন মা ছেনুয়া বেগম। তাঁর বাবা আনোয়ার কবির জানান, দুই বছর আগে রবিউল পরিবারের অভাব–অনটন দূর করতে সহায়-সম্বল বিক্রি করে সৌদি আরব পাড়ি জমান। ২৩ জুলাই ছেলের সঙ্গে মুঠোফোনে তাঁদের সর্বশেষ কথা হয়। ঈদের পরে দেশে ফিরে বিয়ে করার কথাও ছিল তাঁর। কিন্তু তা আর হবে না কখনো। তিনি নিহত হওয়ার পরদিন ২৬ জুলাই
তাঁর পাঠানো ২৫ হাজার টাকা এসে পৌঁছায় পরিবারের হাতে। আনোয়ার আক্ষেপ করে বলেন, এই টাকা দিয়ে এখন আর কী হবে। কে ঈদ করবে? নিহত মো. ছাদেকের বাবা আবু তাহের মুঠোফোনে জানান, ২৫ জুলাই বাংলাদেশ সময় বিকেল তিনটার দিকে তাঁর ছেলেসহ পাঁচ বাংলাদেশি তরুণ সৌদি আরবের আবাহার পার্বত্য এলাকায় একটি পিকআপ ভ্যান নিয়ে বেড়াতে বের হন। সড়কে তাদের বহন করা পিকআপ ভ্যানটি নিয়ন্ত্রণ হারিয়ে ২০০ ফুট গভীর খাদে পড়ে যায়। এতে ঘটনাস্থলে রবিউল ও লিটন মারা যান। পরে হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ছাদেকের মৃত্যু হয়।
দুর্ঘটনায় নিহত মো. লিটনের বাড়িতে গিয়েও একই চিত্র দেখা গেছে। পরিবারের সদস্যদের কান্নায় ভারী হয়ে উঠেছে এলাকার পরিবেশ। প্রতিবেশীরাও কোনো সান্ত্বনার ভাষা খঁুজে পাচ্ছেন না।
প্রবাসের হিমঘরে শুয়ে আছে প্রিয় সন্তানেরা। অন্তত দেশের মাটিতে এনে তাঁদের দাফনের ব্যবস্থা করা হোক। সরকারের কাছে এই আকুতি জানিয়েছেন নিহত তিন প্রবাসী শ্রমিকের স্বজনেরা।