চোখের সুস্বাস্থ্যের জন্য ৫ পরামর্শ
আপনার দৃষ্টিশক্তি ও চোখের সুস্বাস্থ্য বজায় রাখতে কিছু জীবনাচরণ পদ্ধতি বেশ কাজে আসতে পারে। গবেষকেরা বলছেন, চোখের সুস্বাস্থ্যের জন্য খাদ্যের যেমন ভূমিকা আছে, তেমনি এর ওপর প্রভাব ফেলে আপনার দৈনন্দিন কিছু অভ্যাস।
১. চোখের জন্য ভিটামিন এ ছাড়াও ভিটামিন সি, জিংক ও ওমেগা থ্রি চর্বি খুবই উপকারী। রঙিন শাকসবজি, পাতাযুক্ত সবজি যেমন—বাঁধাকপি, পালংশাক, টক ফল যেমন: লেবু, কমলা, মালটা ইত্যাদিতে পাবেন এসব ভিটামিন। ওমেগা থ্রি পেতে খেতে হবে তেলযুক্ত মাছ। নিয়মিত এসব খাবার কর্নিয়ার সমস্যা ও ছানি রোধে ভূমিকা রাখে।
২. ধূমপান চোখের স্নায়ু ও ম্যাকুলার ক্ষতি করে। তাই ধূমপানকে না বলুন।
৩. সূর্যের অতিবেগুনি রশ্মি চোখেরক্ষতি করে। সুর্যালোকে বেরোতে সানগ্লাস পরুন। চারদিক ঢাকা সানগ্লাস হলে ভালো।
৪. খেলাধুলা বা কারখানায় বৈদ্যুতিক কাজের সঙ্গে যুক্ত থাকলে শিল্ড বা গগল্স ব্যবহার করুন।
৫. দীর্ঘ সময় কম্পিউটার ব্যবহার করলে মাঝেমধ্যে বিরতি নিন। কম্পিউটারের স্ক্রিন চোখ থেকে নির্দিষ্ট দূরত্বে ও উচ্চতায় রাখুন। সূত্র: ওয়েবমেড