চৌধুরীহাটে মাদক ও সন্ত্রাসবিরোধী শোভাযাত্রা
নগরের দক্ষিণ পাহাড়তলী ওয়ার্ডের চৌধুরীহাটে মাদক ও সন্ত্রাসবিরোধী শোভাযাত্রা গত শুক্রবার সকালে অনুষ্ঠিত হয়েছে। শাহজালাল রোড সমাজ রক্ষা কমিটির উদ্যোগে এ শোভাযাত্রা বের করা হয়। ফতেয়াবাদ কলেজের সামনে থেকে শোভাযাত্রাটি শুরু হয়ে ফকির তাকিয়া, ঠান্ডাছড়ি পর্যটন স্পট, দুর্গাবাড়ি ঘুরে আবার কলেজের সামনে এসে শেষ হয়। এর মধ্যে অনুষ্ঠিত হয় কয়েকটি পথসভা।
এসব সভায় বক্তারা এলাকায় মাদক ও ছিঁচকে সন্ত্রাসীদের উৎপাত বন্ধে প্রশাসনের হস্তক্ষেপ দাবি করেন। একই সঙ্গে সন্ত্রাসী ও মাদক ব্যবসায়ীদের প্রতিরোধে এলাকাবাসীকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানানো হয়। এলাকায় বহিরাগত লোকজনের আনাগোনা বন্ধেরও দাবি ওঠে। শোভাযাত্রায় এলাকার পাঁচ শতাধিক লোক অংশ নেয়। সভায় বক্তব্য দেন দুর্গাপদ নাথ, গাজী ইউসুফ, সিরাজুল রাশেদ, গাজী তৈয়ব, গাজী আক্কাস, হরি শংকর আচার্য্য, ঝুলন কুমার দে, দেবাশীষ দেবু, বাসু দে, সরোয়ার আলম, আলাউদ্দিন প্রমুখ। বিজ্ঞপ্তি