চৌফলদণ্ডীতে সমৃদ্ধি উন্নয়ন মেলা ও বিনা মূল্যে চিকিৎসাশিবির

কক্সবাজার সদর উপজেলার চৌফলদণ্ডী ইউনিয়নের সাগরমণি উচ্চবিদ্যালয়ে ৭ জুন দিনব্যাপী সমৃদ্ধি উন্নয়ন মেলা ও চিকিৎসাশিবির অনুষ্ঠিত হয়েছে। সকালে মেলার উদ্বোধন করেন পল্লী কর্ম-সহায়ক ফাউন্ডেশনের ব্যবস্থাপনা পরিচালক আবদুল করিম। সভাপতিত্ব করেন বেসরকারি উন্নয়ন সংস্থা মুক্তি কক্সবাজারের সভাপতি সোমেশ্বর চক্রবর্তী।
মেলায় শিক্ষা, স্বাস্থ্য, নারী উন্নয়ন–সম্পর্কিত ১৪টি স্টল দর্শনার্থীদের জন্য উন্মুক্ত রাখা হয়। সন্ধ্যা পর্যন্ত স্থানীয় বিপুলসংখ্যক মানুষ মেলা উপভোগ করেন। সঙ্গে ছিল সাংস্কৃতিক আয়োজন। এ ছাড়া মেলায় ৫০০ পরিবারকে ফলদ চারা বিতরণ করা হয়। কর্মসূচির অংশ হিসেবে বিশেষজ্ঞ চিকিৎসক ফরহাদ হোসেন ও নাজমুল হক বিনা মূল্যে চিকিৎসাসেবা দেন। অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন পল্লী কর্ম-সহায়ক ফাউন্ডেশনের মহাব্যবস্থাপক মো. মশিয়ার রহমান, জাতীয় মহিলা সংস্থার চেয়ারম্যান কানিজ ফাতেমা মোস্তাক, চৌফলদণ্ডী ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান মোহাম্মদ আলম, মুক্তির প্রধান নির্বাহী বিমল চন্দ্র দে সরকার।