চেয়ারম্যান পদে আ.লীগ ও জাপার দুই প্রার্থীর লড়াই

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কক্সবাজার জেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে লড়ছেন দুজন প্রভাবশালী নেতা। একজন আওয়ামী লীগের সাবেক সাংসদ ও বর্তমান জেলা পরিষদের প্রশাসক মোস্তাক আহমদ চৌধুরী। অন্যজন জাতীয় পার্টির (জেপি-মঞ্জু) সভাপতিমণ্ডলীর সদস্য ও কক্সবাজার জেলা পরিষদের সাবেক চেয়ারম্যান এ এইচ সালাহ উদ্দিন মাহমুদ।
১ ডিসেম্বর এই দুজন প্রার্থী জেলা রিটার্নিং কর্মকর্তার কাছে মনোনয়নপত্র দাখিল করেন। ২৮ ডিসেম্বর অনুষ্ঠিত হবে নির্বাচন।
মোস্তাক আহমদ চৌধুরী বলেন, ‘শেখ হাসিনা এলাকার উন্নয়নের স্বার্থে আমাকে জেলা পরিষদের চেয়ারম্যান পদের জন্য সমর্থন দিয়েছেন। এর আগেও তিনি (শেখ হাসিনা) আমাকে জেলা পরিষদের প্রশাসক করেছেন। এখন দলের নেতা-কর্মীদের সঙ্গে নিয়ে মাঠে নামব।’
সালাহউদ্দিন মাহমুদ বলেন, তিনি যখন জেলা পরিষদের চেয়ারম্যান ছিলেন তখন কক্সবাজারের ব্যাপক উন্নয়ন করেছিলেন। নির্বাচনে তিনি নাগরিক সমাজের প্রার্থী হিসেবে মনোনয়নপত্র দাখিল করেছেন। ইতিমধ্যে ভোটারদের বেশ সাড়া পাচ্ছেন।
জেলা পরিষদ নির্বাচনে সংরক্ষিত ও সাধারণ ওয়ার্ডে মনোনয়নপত্র দাখিল করেছেন আরও ৯১ জন প্রার্থী। পাঁচটি সংরক্ষিত ওয়ার্ডে ২০ জন নারী ও ১৫টি সাধারণ ওয়ার্ডের সদস্য পদে মনোনয়নপত্র দাখিল করেছেন ৭১ জন। এর মধ্যে বেশির ভাগ প্রার্থী আওয়ামী লীগের নেতা-কর্মী। আজ ৪ ডিসেম্বর মনোনয়নপত্র যাচাই-বাছাই শেষে প্রতীক বরাদ্দ করা হবে।
উল্লেখ্য, জেলা পরিষদ নির্বাচনে ভোট দেবেন ৮ উপজেলা পরিষদ, ৪ পৌরসভা ও ৭১ ইউনিয়ন পরিষদের ৯৯৮ জন জনপ্রতিনিধি।