রাঙ্গুনিয়া উপজেলার ১৩টি ইউনিয়ন পরিষদে (ইউপি) গত মঙ্গলবার শান্তিপূর্ণভাবে নির্বাচন সম্পন্ন হয়েছে। ১৩ ইউনিয়নের সাতটিতে আওয়ামী ঘরানার, পাঁচটিতে বিএনপি ঘরানার এবং একটিতে এলডিপি-সমর্থিত প্রার্থী চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন। তবে আওয়ামী লীগ ও বিএনপি-সমর্থিতদের চেয়ে দলের সিদ্ধান্ত অমান্য করে প্রতিদ্বন্দ্বিতায় নামা প্রার্থীরাই জিতেছেন বেশির ভাগ ক্ষেত্রে। সংশ্লিষ্ট দলীয় সূত্রে জানা যায়, দক্ষিণ রাজানগর ইউনিয়নে আওয়ামী লীগের এনামুল হক মিঞা তিন হাজার ১১৭ ভোট পেয়ে চেয়ারম্যান নির্বাচিত হন। তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বী বিএনপি-সমর্থিত শামসুল আলম তালুকদার পেয়েছেন দুই হাজার ৭১৩ ভোট। ওই ইউনিয়নে আওয়ামী লীগ-সমর্থিত প্রার্থী ছিলেন দক্ষিণ রাজানগর ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি আহমদ ছৈয়দ তালুকদার। মরিয়মনগর ইউনিয়নে বিএনপি-সমর্থিত প্রার্থী মো. হোসেন তিন হাজার ৩২ ভোট পেয়ে চেয়ারম্যান নির্বাচিত হন। প্রতিদ্বন্দ্বী নির্দলীয় মো. ইসমাঈল পেয়েছেন দুই হাজার ৮৫৯ ভোট। এই ইউনিয়নে আওয়ামী লীগ-সমর্থিত প্রার্থী ছিলেন লোকমান হোসেন তালুকদার। বেতাগী ইউনিয়নে বিএনপি-সমর্থিত পেয়ারুল হক চৌধুরী দুই হাজার ৯৫৯ ভোট পেয়ে নির্বাচিত হন। তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বী আওয়ামী লীগ-সমর্থিত বদিউল আলম দুই হাজার ৭২৬ ভোট পান। শিলক ইউনিয়নে বিএনপি-সমর্থিত শহিদুল্লাহ চৌধুরী আইয়ুব খান তিন হাজার ৪৫৬ ভোট পেয়ে নির্বাচিত হন। তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বী আওয়ামী লীগ-সমর্থিত নজরুল ইসলাম পান তিন হাজার ৪০ ভোট।লালানগর ইউনিয়নে আওয়ামী লীগের শাহ আলম তালুকদার দুই হাজার ১৯৬ ভোট পেয়ে নির্বাচিত হন। তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বী বিএনপি-সমর্থিত ইউনুচ তালুকদার পেয়েছেন এক হাজার ৭১৮ ভোট। ওই ইউনিয়নে আওয়ামী লীগ-সমর্থিত প্রার্থী ছিলেন মীর তৌহিদুল ইসলাম। পারুয়া ইউনিয়নে আওয়ামী লীগের জাহেদুর রহমান তিন হাজার ৫২২ ভোট পেয়ে নির্বাচিত হন। তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বী ছিলেন আওয়ামী লীগ-সমর্থিত মো. ইব্রাহিম তিন হাজার ১৪০ ভোট। ইসলামপুর ইউনিয়নে বিএনপি-সমর্থিত প্রার্থী সিরাজুদ্দৌলাহ এক হাজার ২৮৩ ভোট পেয়ে নির্বাচিত হন। তাঁর প্রতিদ্বন্দ্বী আওয়ামী লীগ-সমর্থিত সিরাজ উদ্দিন চৌধুরী পান এক হাজার ১৪০ ভোট। সরফভাটা ইউনিয়নে আওয়ামী লীগ-সমর্থিত মুজিবুল ইসলাম সরফী দুই হাজার ৪০০ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বী বিএনপি-সমর্থিত আলমগীর হোসেন চৌধুরী পেয়েছেন দুই হাজার ২২৭ ভোট। কোদালা ইউনিয়নে বিএনপি-সমর্থিত মো. আজিম পাঁচ হাজার ৫০ ভোট পেয়ে নির্বাচিত হন। তাঁর প্রতিদ্বন্দ্বী আওয়ামী লীগ-সমর্থিত আবদুল কাইয়ুম তালুকদার পান তিন হাজার ১০১ ভোট।পোমরা ইউনিয়নে এলডিপি-সমর্থিত প্রার্থী ফজলুল কবির চার হাজার ৫৮৩ ভোট পেয়ে নির্বাচিত হন। তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বী বিএনপির নাজিম আলী চৌধুরী পেয়েছেন চার হাজার ২৮৩ ভোট। পদুয়া ইউনিয়নে আওয়ামী লীগের নাসির উদ্দিন সেলিম পাঁচ হাজার ৪৪ ভোট পেয়ে নির্বাচিত হন। তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বী মাহাবুবুল হক চৌধুরী পেয়েছেন চার হাজার ৪৩২ ভোট।স্বনির্ভর রাঙ্গুনিয়া ইউনিয়নে আওয়ামী লীগের আবদুর রহীম চৌধুরী দুই হাজার ৮৭০ ভোট পেয়ে নির্বাচিত হন। তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বী আওয়ামী লীগ-সমর্থিত নুরুল ইসলাম দুই হাজার ৬৪ ভোট পান। রাজানগর ইউনিয়নে আওয়ামী লীগের জামাল উদ্দিন দুই হাজার ৭১৩ ভোট পেয়ে নির্বাচিত হন। তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বী আওয়ামী লীগের মঞ্জুরুল হক চৌধুরী দুই হাজার ৩২৩ ভোট পান। ওই ইউনিয়নে আওয়ামী লীগ-সমর্থিত প্রার্থী ছিলেন রাঙ্গুনিয়া উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক সামশুল আলম তালুকদার।