চেয়ারম্যান-সদস্য বিরোধ চরমে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কক্সবাজারের মহেশখালী উপজেলার মাতারবাড়ি ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান ও সদস্যদের বিরোধ এখন চরমে। এক পক্ষে চেয়ারম্যান ও অন্য পক্ষে সব সদস্য। তাঁরা একে অপরের বিরুদ্ধে পাল্টাপাল্টি সমাবেশও করেছেন। এদিকে জনপ্রতিনিধিদের এই বিরোধে ব্যাহত হচ্ছে এলাকার উন্নয়নকাজ।
বিভিন্ন প্রকল্পের টাকা আত্মসাতের অভিযোগ এনে ১০ জুন মাতারবাড়ি ইউপি চেয়ারম্যান এনামুল হক চৌধুরীর বিরুদ্ধে জেলা প্রশাসকের কাছে অনাস্থাপত্র দেন ১০ জন সদস্য। পরদিন ১১ জুন এর বিরুদ্ধে মাতারবাড়ি পুরানবাজার মাঠে ইউপি চেয়ারম্যান তাঁর অনুসারী লোকজন নিয়ে প্রতিবাদ সামবেশ করেন। সমাবেশে তাঁরা সদস্যদের নানা অনিয়মের কথা তুলে ধরেন। আবার এর পরদিন সদস্যরা পাল্টা সমাবেশ করেন। বিষয়টি নিয়ে এখনো এলাকায় উত্তেজনা বিরাজ করছে। এদিকে চেয়রাম্যান ও সদস্যদের মধ্যে বিরোধের কারণে ব্যাহত হচ্ছে অতিদরিদ্র কর্মসংস্থান কর্মসূচি ও গ্রামীণ উন্নয়ন প্রকল্প কাবিটার কাজ।
উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা (পিআইও) শফিউল আলম বলেন, চেয়ারম্যান ও সদস্যদের মধ্যে বিরোধের কারণে উন্নয়নকাজ ব্যাহত হচ্ছে। এর মধ্যে তিন ইউপি সদস্য বিল জমা না দেওয়ায় আটকে আছে অতিদরিদ্র কর্মসংস্থান কর্মসূচির ১৯১ জন শ্রমিকের টাকা ও কাবিটার একটি প্রকল্পের কাজ। চলতি জুন মাসের মধ্যে তাদের বিরোধের অবসান না হলে এসব প্রকল্পের টাকা ফেরত যাবে।
ইউপি সদস্য আনচারুল করিম ও ফিরোজ আহমদ বলেন, ‘বিভিন্ন প্রকল্পের টাকা আত্মসাতের বিষয়ে প্রতিবাদ করলে চেয়ারম্যান আমাদের উল্টো ধমক দেন। তাই আমরা ১০ জন ইউপি সদস্য নিরুপায় হয়ে চেয়ারম্যানের বিরুদ্ধে অনাস্থা দিয়েছি।’
তবে এসব অভিযোগ ভিত্তিহীন দাবি করে চেয়ারম্যান এনামুল হক চৌধুরী বলেন, ‘অতিদরিদ্র কর্মসংস্থান কর্মসূচি থেকে ৬০ হাজার টাকাসহ অন্যান্য প্রকল্প মিলে প্রত্যেক ইউপি সদস্য আমার কাছ থেকে দুই লাখ টাকা দাবি করেন। কিন্তু ওই টাকা না দেওয়ায় ক্ষিপ্ত হয়ে তাঁরা আমার বিরুদ্ধে বিভিন্ন দপ্তরে অভিযোগ দায়ের করছেন।’
এ প্রসঙ্গে মুঠোফোনে জানতে চাইলে কক্সবাজার জেলা প্রশাসক মোহাম্মদ রুহুল আমিন বলেন, তদন্তে অভিযোগের সত্যতা পাওয়া গেলে জড়িত ব্যক্তির বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।