চেয়ারম্যানপ্রার্থীর সঙ্গে কথা কাটাকাটি: সড়কে প্রতিবন্ধক

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ফেনীর পরশুরামে এক চেয়ারম্যান পদপ্রার্থীর সঙ্গে অপর প্রার্থীর সমর্থকদের কথা-কাটাকাটির জের ধরে গত শুক্রবার সড়কে প্রতিবন্ধক (ব্যারিকেড) সৃষ্টি করে গাড়ি ভাঙচুরের ঘটনা ঘটেছে। এ ছাড়া হামলায় পাঁচজন আহত হয়েছেন বলে অভিযোগ পাওয়া গেছে। এ ব্যাপারে পরশুরাম থানায় মামলা হয়েছে। প্রত্যক্ষদর্শী ব্যক্তিরা জানান, সুবার বাজারে গণসংযোগের সময় মির্জানগর ইউনিয়নের আওয়ামী লীগ ঘরানার চেয়ারম্যান পদপ্রার্থী মো. ফোরকান উদ্দিনের (দেয়ালঘড়ি) সঙ্গে অপর চেয়ারম্যান পদপ্রার্থী ইউনিয়ন যুবলীগ সভাপতি মো. নুরুজ্জামানের (তালা) সমর্থক মো. রুবেল হোসেন ও মো. ভুট্টোর কথা-কাটাকাটি হয়। এরপর ফোরকান উদ্দিনের সমর্থকেরা সুবার বাজার-পরশুরাম সড়কের বটতলী বাজারে এসে সড়কের ওপর গাছ ফেলে প্রতিবন্ধক সৃষ্টি করে। রাত ১০টা পর্যন্ত সড়ক অবরোধ করে রাখা হয়। পরে পরশুরাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. নিজাম উদ্দিন ঘটনাস্থলে এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন। চেয়ারম্যান পদপ্রার্থী মো. নুরুজ্জামান বলেন, ‘মো. ফোরকান উদ্দিন গত শুক্রবার রাতে সুবার এলাকায় গণসংযোগের সময় প্রকাশ্যে উপজেলা চেয়ারম্যান ও পৌরসভার মেয়রকে গালাগাল করেন। এতে আমার সমর্থকদের সঙ্গে তাঁর কথা-কাটাকাটি হয়েছে। অথচ তিনি ও তাঁর সমর্থকেরা বটতলীতে ব্যারিকেড দিয়ে মির্জানগর ইউনিয়ন ছাত্রলীগের আহ্বায়ক আবুল হাশেম, সদস্য সাদ্দাম হোসেন, সিএনজি অটোরিকশাচালক মো. সুমন, মো. ইব্রাহিম ও আবদুর রহিমকে পিটিয়ে আহত করেন এবং তিনটি গাড়ি ভাঙচুর করেন। এ ব্যাপারে পরদিন শনিবার অটোরিকশাচালক মো. সুমন বাদী হয়ে থানায় মামলা করেছেন।’ চেয়ারম্যান পদপ্রার্থী মো. ফোরকান উদ্দিন বলেন, ‘রুবেল ও ভুট্টোর নেতৃত্বে ১৫-২০ জন আমার ওপর হামলার চেষ্টা করে। এ খবর ছড়িয়ে পড়লে বটতলী বাজারে আমার সমর্থকেরা ক্ষুব্ধ হয়ে রাস্তায় ব্যারিকেড দেয়। তখন তাঁরা কিছু গাড়ি ভাঙার চেষ্টা করেন। ’পরশুরাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. নিজাম উদ্দিন বলেন, ‘তুচ্ছ একটা ব্যাপারকে কেন্দ্র করে এই ঘটনা ঘটেছে। এই ব্যাপারে অভিযোগ দেওয়া হয়েছে। তদন্ত করে ব্যবস্থা নেওয়া হবে। এ ছাড়া আসামি গ্রেপ্তারের চেষ্টা চলছে।’ স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের উপজেলা নির্বাহী প্রকৌশলী ও রিটার্নিং কর্মকর্তা যুগলকৃষ্ণ মণ্ডল বলেন, ‘ব্যাপারটা আমরা শুনেছি। এ ব্যাপারে খোঁজ নিচ্ছি। তবে রাস্তায় ব্যারিকেড দিয়ে গাড়ি ভাঙচুর করা বেআইনি।’