চে’র দুটি চিঠি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

১৯৬৭ সালের ৯ অক্টোবর। লা হিগুয়েরা গ্রামের ছোট্ট একটা স্কুলঘরে বন্দী বিপ্লবী চে। জিজ্ঞাসাবাদের জন্য তাঁর সামনে এক তরুণ সেনা কর্মকর্তা। চে তখন বিষণ্ন মনে দেয়ালের দিকে তাকিয়ে আছেন। ওই তরুণ সৈনিক বললেন, ‘নিজের অমরত্বের কথা ভাবছেন?’ জবাবে চে বললেন, ‘না, আমি বিপ্লবের অমরত্বের কথা ভাবছি।’ কিছুক্ষণ পর মারিও টেরেন্টের আট-দশটা গুলিতে ঝাঁজরা হয়ে গিয়েছিল চে গুয়েভারার শরীর। চে’কে বলা হয় বিপ্লবের বরপুত্র। ১৪ জুন, ২০১০ ছিল তাঁর ৮২তম জন্মদিন। চে গুয়েভারার প্রতি জন্মদিনের শ্রদ্ধাঞ্জলি। সন্তানদের প্রতি চেপ্রিয় হিলদিতা, আলিদিতা, ক্যামিলো, সিলিয়া ও আর্নেস্তো—কোনো একদিন তোমরা যখন এই চিঠি পড়বে, সেদিন হয়তো আমি তোমাদের মাঝে থাকব না। তোমরা হয়তো আমাকে স্মরণই করবে না। সবচেয়ে ছোটটি তো আমাকে তার মনেই আনতে পারবে না।তোমাদের বাবা ছিল এমন একজন মানুষ, যেটা সে ভালো বলে ভেবেছে, সেই কাজটাই করেছে। এবং সে ছিল তার আত্মপ্রত্যয়ের প্রতি শতভাগ বিশ্বাসী, সংকল্পের প্রতি শ্রদ্ধাশীল।তোমরা বেড়ে ওঠো বিপ্লবী হয়ে। প্রচুর পড়াশোনা করো, যাতে তোমরা এমন কৌশল আয়ত্ত করতে পারবে, যেটা তোমাদের জন্য এনে দেবে প্রকৃতির ওপর প্রভুত্ব। মনে রেখো, সব ক্ষেত্রেই বিপ্লব সবচেয়ে গুরুত্বপূর্ণ। কিন্তু একক ও বিচ্ছিন্নভাবে আমাদের কারোরই কোনো মূল্য নেই। তোমরা সংবেদনশীল হও নিজেদের ভেতরের বিষয়গুলোতে এবং দুনিয়ার যে কারও ওপর যেকোনো অন্যায়-অবিচারের বিরুদ্ধে। একজন বিপ্লবীর সবচেয়ে পবিত্র গুণ এটি। ওরে আমার প্রাণের সন্তানেরা, আশা করি তোমাদের সঙ্গে আবার দেখা হবে। বিশাল বড় চুমু রইল তোমাদের জন্য। তোমাদের বাহুডোরে বেঁধেছে যে,বাবা মা-বাবার প্রতি চেপ্রিয় মা-বাবা,আরো একবার পায়ের নিচে অনুভব করছি রোসিয়ান্তের পথ। প্রায় ১০ বছর আগে তোমাদের কাছে আরেকটি বিদায়ের চিঠি লিখেছিলাম। যত দূর মনে পড়ে, আমি তখন আফসোস করতাম একজন ভালো সৈনিক বা একজন ভালো ডাক্তার হতে না পেরে। দ্বিতীয়টি আমাকে আর টানে না; আর আমি আসলে সৈনিক হিসেবেও মন্দ নই। সেদিনের আমি আজও কোনো বিষয়েই বদলে যাইনি। শুধু আগের চেয়ে আরও বেশি সচেতন হয়েছি। আমার ভেতরে মার্কসবাদ শেকড় গেড়েছে, হয়েছে আরো শুদ্ধ। আমার এই বিশ্বাস অটল রয়েছে যে, যারা নিজেদের মুক্ত করতে চায় তাদের জন্য সশস্ত্র সংগ্রামই একমাত্র পথ। আর আমি আমার বিশ্বাসে সর্বদা স্থির। অনেকেই আমাকে দুঃসাহসিক অভিযাত্রী বলে ডাকতে পারে। এবং আসলেই আমি তাই। তবে একটু আলাদা ধাঁচের মানুষ আমি, যে তার বিশ্বাসকে প্রমাণ করতে শরীরের চামড়া আগুনে পোড়াতে পারে। সম্ভবত এটাই আমার শেষ। আমি তা চাই না। কিন্তু সম্ভাবনার ক্ষেত্রে এটাই যৌক্তিক। তাই যদি হয়, তবে আমি তোমাদের জন্য বিদায় আলিঙ্গন পাঠাই। আমি তোমাদের অনেক ভালোবেসেছি। আমি শুধু জানি না কীভাবে ভালোবাসা প্রকাশ করতে হয়। কাজের বেলায় আমি চরম কঠিন। এ জন্য মনে হয়, কখনো কখনো আমাকে তোমরা বুঝতেই পারোনি। যা হোক, আজ আমাকে বিশ্বাস করো। শিল্পীর আনন্দ নিয়ে আমার ইচ্ছাশক্তিকে আমি শাণিত করেছি, তা-ই আমার কম্পিত পা আর ফুসফুস সত্ত্বেও সেই শক্তিতে আমি অবিচল। আমি সেটাই করবো। আমি এটা করতে চাই। কখনো কখনো এই বিংশ শতাব্দীর সৈনিকটির কথা ভেবো।সিলিয়া, রোবার্টো, জন মার্টিন ও পাতোতিন, বিটরিজ—সবার জন্য চুমু রইল। তোমাদের বাহুডোরে বেঁধে রাখতে চায় জেদি ও হারিয়ে যাওয়া ছেলে,আর্নেস্তো, ১৯৬৫ ওয়েবসাইট থেকে