রাশেদ আর চৈতী মুত্সুদ্দী। একজন ক্লোজআপ ওয়ান তারকা, অন্যজন চ্যানেল আই সেরাকণ্ঠ ২০০৯-এর প্রথম রানারআপ। সম্প্রতি তাঁরা এসেছিলেন প্রথম আলো কার্যালয়ে। তাঁদের নিয়ে হলো আলোকিত আড্ডা। সেদিন বেলা বয়ে যায় কথায় কথায়। সেসব কথা লিখেছেন নাসির উদ্দিন হায়দাররাশেদ: ক্লোজআপ ওয়ান প্রতিযোগিতার সেরা ১১-তে আটজন ছিলেন ছেলে, মেয়ে ছিলেন তিনজন।চৈতী: চ্যানেল আই সেরাকণ্ঠে ঘটনা কিন্তু উল্টো, সেরা ১০-এ দুজন শুধু ছেলে, আর সবাই মেয়ে। রাশেদ: মেয়েরা এগিয়ে যাক—সেটা আমরাও চাই। দেশের প্রধানমন্ত্রী আর বিরোধীদলীয় নেত্রী—দুজনই নারী, বিষয়টা তাঁদের ভালো লাগবে। আমারও লাগে। ঘরেও তো তাঁদেরই লাগে। কথা শুনে চাঁদের (চৈতী) হাসির বাঁধ ভেঙেছে, সেই হাসিতে মুগ্ধ রাশেদও, জমে গেল আড্ডা, এরপর রাশি রাশি কথা-গল্পগাথা।যখন গান শুরু করেন সেই সা-রে-গা-মা-পা’র দিনে, স্বপ্নের পরিধি কতদূর ছিল? প্রশ্নের জবাবে চৈতীই মুখ খোলেন প্রথমে। মায়ের কাছ থেকে খেলার ছলে গান শিখেছি। তখন তো স্বপ্নের সঙ্গে এতটা বন্ধুতা ছিল না, তবে বেতারে যখন গাইতে শুরু করলাম তখন ভাবলাম ‘এবার নিজেকে একটু যাচাই করি। এ জন্যই মূলত সেরাকণ্ঠে যাওয়া।’ছোটবেলা থেকেই গানের প্রতি আমার অনুরাগ, বলে উঠেন রাশেদ। বলতে থাকেন—১৯৯৫ সাল থেকে মঞ্চে গাইতাম, মাঝখানে বিরতি পড়ে। ২০০১ সালে আবার পুরোদমে শুরু করলাম। ওই বছরই স্টার সার্চের বেস্ট ভোকালিস্ট হলাম। স্বপ্নটা বড় হতে থাকে। এরপর ২০০৫-এ এল ক্লোজআপ ওয়ান। বাকিটা তো আমার মত সবারই জানা।রাশেদের কথার ঝড়, ‘ছোটবেলা থেকেই স্বপ্ন ছিল ভালো শিল্পী হতে হবে আমাকে। সে জন্য সপ্তম শ্রেণীতে পড়ার সময়ই ভর্তি হই আর্যসংগীতে, পরে তালিম নিই এমদাদুল হক সেলিমের কাছে। মা-বাবা বলতেন ছেলেটা অমুক হবে তমুক হবে। আমি ভবঘুরে (মানে শিল্পী) হব এটাই ছিল অ্যাম্বিশান।’চৈতী ভুবন ভোলানো হাসি দিয়ে বললেন, ‘আমাকে নিয়ে আসলে স্বপ্নটা দেখতেন মা-ই। তাঁর স্বপ্ন ছিল শিল্পী হবেন। বেতারে গান করতেন। যেকোনো কারণে তাঁর স্বপ্ন পূরণ হয়নি। সে জন্য আমাকে নিয়ে স্বপ্ন দেখতে থাকেন। তাঁর স্বপ্নপূরণই আমার সবচেয়ে বড় লক্ষ্য।’প্রশ্নটা দুজনের উদ্দেশে, আপনারা হঠাত্ করেই তারকাখ্যাতি পেয়েছেন। অনুভূতি কেমন ছিল? ‘আমি তো এখনো ঘোরের মধ্যে আছি। এখনো বিশ্বাস হয় না যে সেরাকণ্ঠে দ্বিতীয় হয়েছি।’ বলেন চৈতীরাশেদের কথা—ভাই আমার মধ্যে তারকাভাব তেমন নেই। ‘আমি তোমাদেরই লোক।’খ্যাতির বিড়ম্বনা?‘‘কোথাও গেলে লোকজন বলাবলি করেন ‘ওকে তো টিভিতে দেখেছি।’ পাশে এসে ছবি তুলতে চান। অনেকে একটু ছুঁয়ে দেখেন।’’ বলেই আবার হাসি চৈতীর। রাশেদ স্মৃতিতর্পণ করেন যেন—আমরা তো ভাই কোথাও গেলে মানুষের ভিড়ে হারিয়ে যেতাম। তবে দুজনই বললেন, এটা আসলে বিড়ম্বনা না। দর্শকের ভালোবাসা। ক্লোজআপ ওয়ান বা সেরাকণ্ঠে চট্টগ্রামের কোনো প্রতিযোগী কিন্তু প্রথম হতে পারছেন না—এ প্রশ্ন করার সঙ্গে সঙ্গে কথা কেড়ে নেন রাশেদ, বলেন ‘চট্টগ্রামের শিল্পীদের জন্য একটা বড় সযোগ এখানে তাঁদের জন্য মঞ্চ আছে। অন্য জায়গায় সেটা নেই। অথচ আমরা চর্চাটাও সেভাবে করছি না, মঞ্চে গাওয়ার সুযোগটাও নিচ্ছি না।চৈতী দ্বিমত করলেন রাশেদের সঙ্গে। বললেন, ‘আমরা কিন্তু চর্চাকেই সবচেয়ে বেশি গুরুত্ব দিই। তবে আমি বলব চট্টগ্রামের সম্ভাবনা সবসময় থাকবে। আজ হননি, কাল হবে। তিনি উদাহারণ দিলেন চ্যানেল আই-লাক্স সুন্দরী মেহ্জাবীন চৌধুরীর। রাশেদের মন্তব্য, প্রথম হলেই কিন্তু সব শেষ হয়ে যায় না। নিজের যোগ্যতায় টিকে থাকতে হয়। আর প্রথম হতে হলে আমাদের ফিরে যেতে হবে শেকড়ের কাছে। বিষয়টা খোলাসা করলেন চৈতী, এখন মঞ্চে উঠলেই দর্শকেরা ‘গরম’ গান শুনতে চান। আসলে দর্শকদের রুচির পরিবর্তন করতে হবেএবং সেটা করতে হবে আমাদেরই। ‘ভালো গান শুনতে হবে নিজেদের। শোনাতেও হবে দর্শকের’ রাশেদের বিশেষজ্ঞ মতামত।‘মা’ গান করে গোটা দেশ মাত করেছিলেন রাশেদ। সেই রাশেদকে আর পাওয়া যাচ্ছে না কেন?‘আমাদের কিছু ভুল ছিল। দেরিতে অ্যালবাম হয়েছে। কোম্পানি চাইলেও নানা কারণে অ্যালবাম করতে পারিনি। সেখানে আমরা পিছিয়ে গেছি।’ চৈতীর গানের কী খবর?‘বেতারে নিয়মিত গান করি। সামনে অ্যালবাম আসবে।’আমরা জানি রাশেদের জীবনটা সংগ্রামে গড়া—বলবেন একটু? রাশেদ বলেন, সংগ্রাম করেছি ছোটবেলা থেকেই, আর তা গানবাজনা নিয়েই। আগে কম আয় করতাম। কষ্টও বেশি করতে হয়েছে। তবে ‘রাশেদের সংগ্রাম কিন্তু চলছেই।’ জাতীয় পর্যায়ে জায়গা করে নিতে কতটুকু সংগ্রাম করেছেন চৈতী?‘আমার মনে হয়, সংগ্রামটা আমার চেয়ে আমার মা-ই বেশি করেছেন। মনে পড়ে ছোটবেলায় মা মেরে মেরে আমাকে ঘুম থেকে তুলতেন রেওয়াজ করানোর জন্য।’ক্যাম্পাসজীবন কেমন? ‘আমি ইউএসটিসিতে ইলেকট্রনিকস অ্যান্ড টেলিকম ইঞ্জিনিয়ারিংয়ে পড়ছি। দ্বিতীয় সেরা হওয়ার পর সহপাঠীরা বলল, তুই তো আর আগের মতো আমাদের সঙ্গে মিশবি না। আমি এ ধারণা ভুল প্রমাণ করলাম, তাদের বাসায় দাওয়াত দিলাম। বললাম, দেখ আমি আগের সেই চৈতীই আছি।’সহপাঠীদের কাছ থেকে কেমন খাতির পান? ‘তারা তো আমাকে আদর করে ক্যাম্পাসের তারকা ডাকে।’ বলেন চৈতী।গানের শিল্পীদের তো অনেক ভক্ত থাকে, ভক্তের পাল্লায় পড়েছেন?রাশেদ: এটা তো প্রতিদিনই পড়তে হয়।বললাম, না, মানে পাগলা ভক্তের পাল্লায় পড়েছেন কি না?উদাস হয়ে গেলেন রাশেদ। স্মৃতি হাতড়ে বললেন, ‘‘পাবনায় একটা অনুষ্ঠানে গিয়েছিলাম। সেখানে কিছু তরুণী এল। একজন অনেকক্ষণ কথা বললেন আমার সঙ্গে। যাওয়ার সময় বললেন, ‘আপনি কি বিয়ে করেছেন?’ আমি বললাম, না করিনি, করব সামনে। সে আমাকে বলল, ‘আপনি কোনো দিন বিয়ে করবেন না। করলে খবর আছে কিন্তু!’আমি ভেবেছিলাম তিনি মজা করেছেন। পরে দেখি নিয়মিত ফোন করে আমার বিয়ের খবর নেওয়া শুরু করল সে। মাঝেমধ্যে কান্নাকাটি করে বলত ‘আমি বলছি না, আপনি আমাকেই বিয়ে করেন। কিন্তু আমার অনুরোধ আপনি বিয়ে করবেন না।’কয়েকমাস আগে তাকে বললাম, আমি বিয়ে করে ফেলেছি। সেদিন থেকে সে আর ফোন করে না।’’আর চৈতী?‘‘গত ঈদে বাড়ি যাচ্ছিলাম, বাসটার্মিনালে আমাকে দেখে লোকজন জড়ো হয়ে গেলেন। একজন এসে বললেন, ‘আপনাকে তো টিভিতে অনেক মোটা লাগে। সামনাসামনি তো এত মোটা না।’ আমি হাসব না কাঁদব? অনেকে জন্মদিনে উপহার পাঠান। এটা অবশ্য সেরাকণ্ঠের আগে থেকেই হচ্ছে।’’ রাশেদের টিপ্পনী—ভালোবেসে কেউ পাঠাতে পারে।আচ্ছা, চৈতীর স্বপ্নের মানুষটা কেমন?‘স্বপ্নের মতোই’ চৈতীর চমকানো উত্তর।এভাবে কথায় কথায় বেলা বয়ে যায়...দিনেও চৈতী চাঁদের আলো. সে আলোয় আলোকিত রাশেদ।