
এটাই তার জীবনের সব থেকে বড় ভুল কি না ছবিটার সামনে দাঁড়িয়ে সেটাই ভাবে অয়ন। কিছুক্ষণ ভেবে সিদ্ধান্ত নেয়, নায়লার পাল্লায় পড়ে এমন ভুল সে এর আগেও বেশ কয়েকবার করেছে। এবং নায়লার সঙ্গে থাকলে এমন ভুল ওর জীবনে হতেই থাকবে। তবে আজ বাণিজ্য মেলায় না গিয়ে এই প্রদর্শনীতে আসাটা অবশ্যই বাড়াবাড়ি রকমের ভুল হয়েছে।
ছবিটা এমন আহামরি কিছু নয়। শিল্পী পুরো ক্যানভাসজুড়ে আকাশি নীল রঙের ওপর একটা সানগ্লাসের ছবি এঁকেছেন। সানগ্লাসটা মোটা ফ্রেমের, কাঁচসহ গোটা ফ্রেমটাই গাঢ় কালো। সানগ্লাসটা যেন আকাশের বুকে হাওয়ায় ভাসছে। অয়নের সমস্যা এখানে নয়। সে ভাবছে, এই সার্কাসের ছবি এঁকে তার শিরোনাম ‘চোখ’ দিতে হলো কেন? মডার্ন আর্টের নামে যত্তসব গাঁজাখুরি! নায়লার সামনে নিজের বিরক্তি প্রকাশ করে অয়ন।
নায়লাও কম যায় না। বাণিজ্য মেলায় না গিয়ে চিত্র প্রদর্শনীতে ঘোরা মেয়ে সে। তাই অয়নকে আধুনিক চিত্রকলা বিষয়ে জ্ঞান দিতে ছাড়ে না নায়লা। সে বোঝায়, এই ছবির মাধ্যমে শিল্পী বোঝাতে চেয়েছেন যে আধুনিক সমাজে খোলা আকাশকেও এখন আমরা আর খোলা চোখে দেখতে পারছি না। আমাদের চোখের সামনে সব সময়ই লোভ আর মোহের ছায়া সানগ্লাসের মতো চেপে বসে আছে। ছবিটার যে এমন একটা ব্যাখ্যা হতে পারে, সেটা বলা শুরু করার আগে নায়লা নিজেও ভাবেনি। তাই কথা শেষ করে গর্বিত ভঙ্গিতে তাকায় অয়নের দিকে।
-তোর মাথা! এককথায় প্রতিক্রিয়া জানায় অয়ন।
-আপনার ব্যাখ্যাটা ভালো ছিল, কিন্তু ওটা এই ছবির মানে বা উদ্দেশ্য কোনোটাই নয়। কেউ একজন কথাটা বলে এসে দাঁড়ান অয়ন আর নায়লার সামনে। ‘আমি হৃদিতা ইসলাম, এই ছবিগুলো আমারই আঁকা।’ নিজের পরিচয় জানান তিনি। অয়ন আর নায়লা বোঝে এতক্ষণ ওদের মাঝে হওয়া এই ছবি-সংক্রান্ত কথাবার্তার পুরোটাই উনি শুনেছেন।
-তাহলে আপনিই বলুন এই সানগ্লাসের ছবি এঁকে চোখ শিরোনাম দেওয়ার মানেটা কী? শিল্পীকে সামনে পেয়ে বাণিজ্য মেলায় যেতে না পারার ক্ষোভটুকু মিটিয়ে নিতে চায় অয়ন।
-এটা আমার বাবার চোখের ছবি। বলেন হৃদিতা ইসলাম।
-আপনার বাবার চোখ সানগ্লাস? অয়নের ক্ষোভ কমার বদলে বেড়ে যায় হৃদিতার কথা শুনে।
-হ্যাঁ, আমার বাবার চোখ সানগ্লাস! হৃদিতা শান্ত। যেন ডুবে আছে কোনো অতলে। ‘মুক্তিযুদ্ধের শেষ দিকে যখন আমার বাবাকে আর দাদিকে রাজাকাররা ধরে নিয়ে যায়, তখন আমার বাবার বয়স ছিল মাত্র ১০ বছর। যুদ্ধের পর তাকে উদ্ধার করা হয় চোখহীন অবস্থায়, চোখ দুটো তুলে নিয়েছিল রাজাকাররা আর দাদি মৃত। তখন থেকেই আমার বাবা চোখে এই রকম একটা সানগ্লাস পরে থাকেন সারাক্ষণ। জন্মের পর থেকে আমি কখনো আমার বাবার চোখ এই সানগ্লাস ছাড়া দেখিনি। তাই এই সানগ্লাস আমার কাছে আমার বাবার চোখ, চোখের প্রতীক।’ কথাগুলো একটানা বলে ছলছলে চোখে নিজের আঁকা ছবিটার দিকে তাকিয়ে থাকেন হৃদিতা।