চোখ কপালে উঠলে কী করবেন?

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

(ভালো থাকলে এই বিভাগ বন্ধ হয়ে যাবে!)

ডা. জাহিদ হাসান

(এ টু এক্স, মাদ্রাজ; ওয়াই টু জেড, সিঙ্গাপুর)

পরীক্ষায় দেখা গেছে, মানুষের মস্তিষ্কে ‘বিবেক’ নামের প্রক্রিয়া এ রোগের প্রধান কারণ। এটিকে চিহ্নিত করার জন্য সিটিস্ক্যান ও আনুষঙ্গিক কিছু টেস্ট করাতে হবে। চিহ্নিত করার পর বিশেষজ্ঞ চিকিৎসকের তত্ত্বাবধানে মেন্টাল থেরাপি নিলেই অনেকাংশে এ রোগ সেরে যায়। এ ছাড়া সবখানে দৃষ্টিপাত করা থেকে বিরত থাকুন। চোখ নিচে নামিয়ে রাখুন সব সময়। কোনো শব্দ শুনলে যেহেতু চোখ সেদিকে যেতে চায়, এ জন্য কান বন্ধ রাখুন। ইয়ারফোন লাগিয়ে চলাফেরা করতে পারেন। আরও গুরুত্বপূর্ণ কিছু টিপস আছে, যেগুলো এই ক্ষুদ্র পরিসরে উল্লেখ করা সম্ভব নয়। একসময় ‘মায়ের দোয়া ক্লিনিকে’ এলে বিস্তারিত জানতে পারবেন।

স্বাস্থ্যঝটিকা ® ব্রেন স্পিড

মানসিক স্বাস্থ্য ভালো রাখার কার্যকর উপায় কী?

এ বিষয়ে মার্কিন যুক্তরাষ্ট্রের যে দলটি গবেষণা করছিল, তারা আপাতত দেশের হাল দেখে বিষণ্নতায় আক্রান্ত হয়ে চিকিৎসাধীন আছে। তবে ডোনাল্ড ট্রাম্পের বক্তব্য শুনে মানসিক খারাপ অবস্থা কাটিয়ে উঠেছে, এমন তথ্যও পাওয়া যাচ্ছে।

স্বাস্থ্যঝটিকা হাসি-তামাশা গোছের কিছু নয়

প্রশ্নোত্তর

প্রশ্ন: স্থানভেদে হার্টবিট হঠাৎ বেড়ে যাওয়া সমস্যার সমাধান কী?

উত্তর: এ সমস্যা আগে টিনএজ পার হওয়ার পর দেখা দিত। কিন্তু এখন কৈশোরেও এ সমস্যার প্রাদুর্ভাব দেখা দিচ্ছে। এর কারণ, পথ-ঘাটে, গ্রাম-গঞ্জে, স্কুল-কলেজে এমনকি নিজের ঘরে পিসি বা ফোনের স্ক্রিনে কাউকে দেখে আবেগাপ্লুত হওয়া; ফলে মস্তিষ্কে তীব্র কম্পন তৈরি হয়, হৃৎপিণ্ড জোরে চলতে থাকে। মেডিকেলের ভাষায় একে ‘হ্যাভিংক্রাশওলাইটিস’ বলা হয়। বৃদ্ধি হওয়া হার্টবিট কমাতে হলে ক্রাশ খাওয়ামাত্রই আপনার অভিভাবককে সেটা জানান, যা করার তিনিই করবেন এবং হার্টবিট নিজ থেকে নিয়ন্ত্রণে চলে আসবে।

অধ্যাপক রোমিও রাজ

ডিন, সাইকোলজি অনুষদ, হু. মু. এরশাদ মেডিকেল কলেজ