চোখ ধাঁধানো

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চারদিক অন্ধকার হয়ে আসছে। একটু পরই আজান হবে। কিন্তু পশ্চিমাকাশ রাঙা হওয়ায় অন্ধকারের রং কালচে না হয়ে লালচে হয়ে উঠেছে। ওপরে খোলা নীল আসমান। কোথাও কোথাও সাদা মেঘের বিচরণ, দিনের শেষে দলবেঁধে হয়তো ঘরে ফিরছে। টুকরো টুকরো মেঘের কারণে একটি বিমান এই দেখি, এই নেই। যেন সুঁই-সুতার মতো মেঘে মেঘে সেলাই করে এগিয়ে যাচ্ছে। খুব সুন্দর। বিমানটিতে অস্তমিত সূর্যের তির্যক রশ্মি পড়ে নক্ষত্রের মতো ঝলমল করছে। দেখতে ভালো লাগে। আমি দেখি। আকাশ দেখি বিভিন্ন সময়ে, বিভিন্নভাবে। সন্ধ্যা হয়ে গেলেও মাঝেমধ্যে দাঁড়িয়ে দেখি, যতক্ষণ ভালো লাগে। যদিও ওটা আকাশ দেখার সময় নয়। ওই সময় সাধারণত কেউ আকাশ দেখে না। ঘরে ফেরা কিংবা ঘর গোছানোর কাজে ব্যস্ত থাকে। অন্তরীক্ষ-প্রেমীরা হয়তো সন্ধ্যার পরে, যখন সন্ধ্যাতারা উঠে, কিংবা সন্ধ্যার আগে বিকেলের স্নিগ্ধ আকাশ দেখে। সেই হিসেবে আমার প্রেমটা বোধহয় যত্রতত্র। এমনি এক সন্ধ্যায় আমি মামার বাড়িতে ছিলাম। নানা-নানি স্বর্গবাসী হয়েছেন বহু আগেই। বড় মামা থাকেন ঢাকায়। গ্রামের বাড়িতে থাকে ছোট মামার পরিবার। ছোট মামির সঙ্গে আমাদের সম্পর্ক বেশ মধুর ও আন্তরিক। আমরা ভাইবোনেরা তাঁর সঙ্গে কথা বলে স্বাচ্ছন্দ্যবোধ করি। অনেকটা বন্ধুর মতো। সর্বদা হাসিখুশি থাকেন। শত কষ্টের মধ্যেও তাঁকে কখনো ম্লান হতে দেখিনি। এটা তাঁর একটা বিশেষ গুণ বলতে হবে। ওই হাসিখুশি মানুষটার সঙ্গে তাই প্রশ্রয়বশত আমাদের দুষ্টুমিটা একটু বেশিই হয়। নানাদের বিরাট বাড়ি। সব ঘরেই আনন্দ-বেদনা রয়েছে। সব বয়সের মানানসই লোকজন আছে। হইচই করার মতো সুযোগ হয়। তাই ওখানে গেলে আনন্দেই সময় কাটে ও দুরন্তপনা বেড়ে যায়। শত হলেও মামার বাড়ি বলে কথা!একটু আগেই ছোট মামি রান্নাবান্না শেষে পাকের ঘর পরিষ্কার করে, উঠোন ঝাড়ু দিলেন। দৈনন্দিন রুটিনমাফিক গৃহপালিত হাঁস-মুরগিকে খাবার খাইয়ে খোঁয়াড়ে তুলে তালা দিলেন। তারপর নিজে পরিষ্কার হয়ে অজু সেরে নামাজ পড়তে গেলেন। আমি আমার দুরন্তপনায় অন্যত্র ব্যস্ত ছিলাম। সন্ধ্যার পর ছেলেমেয়েরা পড়তে বসেছে। তিনি নামাজ শেষে দোয়া-দরুদ পড়ে ধীরেসুস্থে রান্নাঘরের দিকে গেলেন। অন্ধকার হয়ে গেছে। রান্নাঘরে তখন বাতি ছিল না। চুলার আগুন নেভানো থাকলেও জ্বলন্ত কয়লার আলোতে কোনো কিছু দেখা যায়। তা ছাড়া রান্নাঘরের খুঁটিনাটি মহিলাদের অভ্যাসবশতই নখদর্পণে থাকে। সেই হিসাবে তিনি চুলার ওপর রেখে আসা তরকারির পাতিল নিয়ে আলো-আঁধারির মধ্য দিয়ে বড় ঘরে প্রবেশ করলেন। ঠিক সেই মুহূর্তে আমি আঙিনায় প্রবেশ করলাম। আমার হাতে ছিল টর্চলাইট। মামিকে ঘরে যেতে দেখে আমার মাথায় একটা দুষ্টুবুদ্ধি এল। আমি লাইট না জ্বালিয়ে চুপচাপ দরজার পাশে অন্ধকারে নিজেকে আড়াল করে দাঁড়ালাম। মামি দিব্যি চেরাগ জ্বালিয়ে বেরিয়ে এলেন। চৌকাঠ পার হয়ে ঘরের বাইরে এক পা বাড়ালেন, অমনি চোখের ওপর টর্চের আলো ফেললাম। আচমকা লাইট ধরায় তিনি ভয় পেয়ে গেলেন। গ্রামাঞ্চলের ব্যাপার। কত রকমের চোর-ডাকাতের ভয় থাকে। তিনি চিত্কার দিয়ে উঠলেন। আমি আনন্দে ফেটে পড়লাম। হাসতে লাগলাম। তীব্র হাসি। একদম পেটে খিললাগা হাসি। হাসতে হাসতে বসে পড়লাম। হঠাত্ দেখি মামি নেই। খুঁজতে গিয়ে দেখি, তিনি পড়ে আছেন মাটিতে।পাশেই পড়ে আছে চেরাগ, আগুন নিভে সলতা খুলে কাত হয়ে পড়ে আছে। কেরোসিনের তেল ছড়িয়ে পড়েছে অনেক জায়গাজুড়ে। আমার হাসিটা তখন ম্লান হয়ে গেল। বুঝতে পারলাম, ওটা আনন্দ পাওয়ার মতো চিত্কার ছিল না, মূর্ছা যাওয়ার মতোই ভয়ংকর চিত্কার ছিল। আমার হাসিতে ভয়ংকর বিষয়টা আড়াল হয়ে গিয়েছিল, বুঝতে পারিনি। কিন্তু এখন কী করি? ভয় পেয়ে গেলাম। না পারি ধরে টেনে তুলতে, না পারি পালাতে। লাইট মেরে দেখলাম, চোখ মুদে আছেন। মুখমণ্ডল নীল হয়ে গেছে। মামি মামি বলে ডাক দিলাম। কয়েকবার, উঁচু কণ্ঠে। কোনো সাড়াশব্দ নেই। এখন উপায় কী? আমার হাত-পা অবশ হয়ে এল। শরীরটা থরথর করে কাঁপতে লাগল। বুকের ভেতর ধড়ফড় শুরু হয়ে গেল। দিশেহারা হয়ে গেলাম। মাথায় কোনো বুদ্ধি আসছিল না। আতঙ্কিত ও অসহায় হয়ে এদিক-সেদিক তাকাতে লাগলাম। কয়েক সেকেন্ডের ঘটনা মাত্র। দেখলাম, পাশের ঘর থেকে এক নানি চিত্কার শুনে বলছেন, ‘কী হয়েছে, ও বউ, চিল্লাও ক্যা?’ আমি ছুটে গিয়ে নানিকে বললাম, নানি নানি, মামি মাথা ঘুরে পড়ে গেছে। মূল ঘটনা চেপে গেলাম। শুনে নানি বেরিয়ে এলেন। সঙ্গে শিরীনার মাও (মামি) ছুটে এলেন। দুজনে ধরে ঘরে তুলে পানিটানি ছিটিয়ে জ্ঞান ফেরালেন। এ যাত্রায় হাঁফ ছেড়ে বাঁচলাম। কিন্তু মনে ভয় ছিল। মামি উঠে না জানি কী কাণ্ড করেন, কে জানে! হয়তো কষে একটা চড় মারবেন। তবুও ভালো। চড় খেতেও রাজি আছি। মানসিকভাবে প্রস্তুতও ছিলাম।আমার আতঙ্কিত দৃষ্টি তাঁর দিকে। তিনি চোখ খুললেন। এবার বুঝি মারবেন চড়। চড় খাওয়ার আগেই আমার কান-চোয়াল রাঙা হয়ে গেছে। অনুশোচনায় চোখ বন্ধ হয়ে এল। কিন্তু না, মার খেতে হয়নি।আমাকে দেখেই খিক্ করে হেসে দিলেন। আমিও আতঙ্কের মাঝে টেনেটুনে হাসার চেষ্টা করলাম। এবার নিশ্চয়ই নানি আসল ঘটনা জেনে বকুনি দেবেন। বুড়ির বকুনি থেকে বাঁচার জন্য চটজলদি বুদ্ধি খাটিয়ে মামিকে উল্টো ঝাড়তে লাগলাম, সারা দিন খেটে মরবেন, ঠিকমতো খাবেন না, মাথা ঘুরে তো পড়বেনই, নাকি মৃগীবায়ু আছে? তাহলে নানি, ভুল হয়ে গেছে, জুতা শুঁকানো উচিত ছিল। অমনি হাসি শুরু হয়ে গেল। সে কী হাসি! সেই কথা মনে হলে আজও আমরা হাসি। খুব হাসি পায়।আইয়ুব আহমেদজুবাইল, সৌদি আরব