চোখ ভিজে আসে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বসনিয়া কিংবা আইভরি কোস্টের রক্তক্ষয়ী গৃহযুদ্ধে শান্তি রক্ষায় গিয়েছিলেন তিনি। বিদেশে শত্রুর হাতে মৃত্যুও হতে পারত তাঁর। তেমনটা হলে মায়ের মনে একটু হলেও সান্ত্বনা থাকত। মা ভাবতে পারতেন যুদ্ধক্ষেত্রে শান্তি রক্ষায় ছেলে জীবন দিয়েছে। কিন্তু নিজ দেশে নিজের বাহিনীর লোকের হাতে যেভাবে তাঁকে মরতে হলো, সেটাই মেনে নিতে পারছেন না মা।শহীদ লেফটেন্যান্ট কর্নেল এনশাদ ইবনে আমিনের মা লেখিকা ফাহিমদা আমিন এখন ছেলের স্মৃতি নিয়েই বেঁচে আছেন। শহীদ এনশাদকে নিয়ে সম্প্রতি প্রকাশিত হওয়া স্মারকগ্রন্থ হূদয়ে রক্তক্ষরণ নিয়ে কথা হয় তাঁর সঙ্গে। রাদিয়া প্রকাশন থেকে বের হওয়া বইটির মোড়ক উন্মোচন হয়েছে ঢাকায় গত ২৮ জানুয়ারি। বইটি সম্পাদনা করেছেন গোফরান উদ্দিন ও সৈয়দা আক্তার। ১৪৪ পৃষ্ঠার এ বইটিকে শহীদ এনশাদের শোকগাথা বললেও ভুল হবে না। বইয়ের পাতা ওল্টাতে ওল্টাতে বারবার ভিজে উঠবে পাঠকের চোখ। মায়ের কোলে কিংবা দুধের বোতল হাতে রবীন (শহীদ এনশাদের ডাকনাম) কী করে স্বজনদের স্বপ্ন ভালোবাসায় বেড়ে উঠেছে ছবির অ্যালবাম যেন তারই সাক্ষী চট্টগ্রামের বিশিষ্ট বিজ্ঞানী এম রহুল আমীন ও ফাহমিদা আমিনের ছয় সন্তানদের মধ্যে দ্বিতীয় ছিলেন শহীদ এনশাদ। ১৯৫৯ সালের ৩ মার্চ রাজশাহীতে তাঁর জন্ম। বেড়ে উঠেছিলেন পারিবারিক সাংস্কৃতিক আবহের মধ্যে। ভালো গান গাইতেন, ছবি আঁকতেন, আবৃত্তি করতেন। শান্ত ও কোমল মনের অধিকারী ছিলেন তিনি। বাবা রুহুল আমীন বলতেন, তাঁর ছেলেটির মধ্যে সেনা সুলভ কঠোরতা নেই। মা ফাহিমদা আমীন ছেলের সেনাবাহিনীতে যোগ দেওয়াটা প্রথমে মেনে নেননি। মেডিকেল কলেজের ভর্তি পরীক্ষায় টিকেছিলেন। মায়ের ইচ্ছে ছিল ছেলে সেখানেই পড়ুক। কিন্তু ক্যাডেট কলেজের সহপাঠী বন্ধুরা সবাই সেনাবাহিনীতে যোগ দিচ্ছে। এনশাদও তাই তাঁদের সঙ্গেই থাকতে চাইলেন। ১৯৭৭ সালের ২০ জানুয়ারি যোগ দিলেন সেনাবাহিনীর প্রথম লংকোর্সে। ১৯৭৯ সালের ২৩ ডিসেম্বর আর্টিলারি রেজিমেন্টে কমিশন লাভ করেন। অবসর প্রস্তুতিকালীন ছুটিতে যাওয়ার কথা ছিল ২০০৯ সালের ২৮ ফেব্রুয়ারি। কিন্তু ঠিক তার তিন দিন আগে ঘাতকের হাতে প্রাণ দিতে হলো তাঁকে। ৫০তম জন্মদিনটাও পালন করা হলো না। সে বছর ৩ মার্চ স্বজনেরা চোখে জল, বুকে ক্ষত নিয়ে তাঁর ৫০তম জন্মদিন পালন করেছে। স্মারকগ্রন্থ প্রসঙ্গে ফাহিমদা আমীন প্রথম আলোকে বলেন, ‘দুএকটা ছাড়া এ বইয়ের সমস্ত লেখাই স্বত:স্ফূর্ত আবেগ নির্ভর। আমরা পরিবারের সদস্যরা বিভিন্ন পত্রপত্রিকা থেকে লেখাগুলো সংগ্রহ করেছি।’ তিনি বলেন, ‘এখন সারাটা দিন রবীনের কথাই ভাবি। তবে আমি খুব শক্ত মনের মানুষ। নিজের শোক দিয়ে কাউকে বিব্রত করতে চাই না।’ সেনাবাহিনীর ব্যস্ত জীবনের মধ্যে থেকেও শহীদ এনশাদ মায়ের খোঁজ নিতেন প্রতিদিন। খুব মাতৃভক্ত ছিলেন তিনি। রাতে মাকে মশারি টাঙিয়ে দেওয়া থেকে শুরু করে মায়ের ঘর ঝাড় দিতেও দ্বিধা করতেন না তিনি। ন্যায়বিচার বোধ সম্পন্ন পরোপকারী এ ছেলেটির মৃত্যু কিছুতেই মানতে পারছেন না মা। তিনি বলেন, ‘আমি বেঁচে আছি ছেলের হত্যার বিচার দেখে যেতে। আশা আছে বিচার হবে, তবে আসামিরা যেন আইনের ফাঁক গলে বের হতে না পারে।’ ৫৭ জন শহীদ সেনা কর্মকর্তার মৃত্যুর দিন ২৫ ফেব্রুয়ারিকে তিনি ‘শহীদ সেনা দিবস’ ঘোষণার দাবি জানান। এ ছাড়া শহীদদের পরিবারকে দেওয়া প্রতিশ্রুতিগুলোও যাতে সরকার ঠিক মতো পালন করে সেই আশা ব্যক্ত করেন। শহীদ এনশাদের স্মৃতি রক্ষায় চট্টগ্রাম সিটি করপোরেশন তাঁর নামে একটি রাস্তার নামকরণের উদ্যোগ নিয়েছে। মৃত্যুর আগে ছেলের নামে হওয়া রাস্তাটি দেখে যাওয়া তাঁর শেষ ইচ্ছে।