‘মুক্তিযোদ্ধা’ শব্দটি কি এখনো শরীরে শিহরণ তোলে? এখনো কি ১৯৭১ কোনো অর্থ নিয়ে আমাদের সামনে দাঁড়ায়? আজকের তরুণ কি নিজের শরীরে একাত্তরকে মেখে রোদ পোহায়? বিজয় দিবসকে সামনে রেখে এই প্রশ্নগুলো তো কতবারই করা হয়েছে।বিংশ শতাব্দীর একাত্তর সাল একটি স্বাধীন ভূখণ্ডের জন্ম দিয়েছিল। বাঙালি পেয়েছিল মুক্তির আস্বাদ। এ কথা সবারই জানা। স্বাধীন ভূখণ্ডে নিঃশ্বাস নিতে পারছি, এর চেয়ে স্বস্তিদায়ক সত্য আর কী হতে পারে?সেই স্বস্তিকে অস্বস্তিতে রূপান্তরিত করে কিছু ঘটনা। তেমনই একটি অস্বস্তিকর খবর বেরিয়েছে ১৩ ডিসেম্বর প্রথম আলোর বিশাল বাংলা পাতায়। মুক্তিযোদ্ধা জাফর মোল্লা স্বাধীনতার পর তাঁর জীবনটাই পার করে দিলেন নাটোর জেলা সদর হাসপাতালের লাশ টেনে। এখন সে শক্তিও শরীরে নেই। তাই কাজ করতে পারেন না। ভাতা দুই হাজার টাকা দিয়েই চালাচ্ছেন সংসার। একটি খাট কেনারও ক্ষমতা নেই তাঁর। ছবিটিই বলে দেয়, যে দেশটি স্বাধীন করার জন্য তিনি যুদ্ধ করেছেন, সেই দেশে এ রকম জীবনযাপনের কথা নয় তাঁর। কিন্তু সে জীবনই যাপন করছেন তিনি এবং তাঁর মতো অনেক মুক্তিযোদ্ধা। শুধু সরকারের কথা বলছি না, যেখানে তিনি থাকেন, তার আশপাশের মানুষেরাই বা কেন তাঁর বা তাঁদের দিকে দৃষ্টি দেয় না?যে অস্বস্তিটা বাসা বাঁধে মনে, তা আর শুধু অস্বস্তি হয়েই থাকে না। কান্না হয়ে নেমে আসে চোখে। জাহীদ রেজা নূর